০৩:০৯ পি.এম
রাতভর বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে রুশ বাহিনী ইউক্রেনের সামরিক শিল্প ও জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে সম্পূর্ণরূপে পঙ্গু করে দিয়েছে। গত রাতে এই আক্রমণে কিয়েভ অঞ্চলের বেলায়া সেরকভ শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘জারেচিয়ে ১১০ কেভি’ বিদ্যুৎ সাবস্টেশনটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সফল সামরিক অভিযানের বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বেলায়া সেরকভ শহরের ১১০ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রটি ইউক্রেনীয় সামরিক-শিল্প কমপ্লেক্সের কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত হত। রুশ বাহিনীর নির্ভুল আঘাতে সাবস্টেশনটি অকেজো হয়ে যাওয়ায় ইউক্রেনের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের সংকট দেখা দিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভ অঞ্চলের পাশাপাশি দক্ষিণ ইউক্রেনের ওডেসা অঞ্চলের কিলিয়া গ্রামে অবস্থিত ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর একটি বিশাল জ্বালানি তেলের ট্যাংক বা ডিপোতে সরাসরি আঘাত হানা হয়েছে, যার ফলে বিপুল পরিমাণ সামরিক জ্বালানি ভস্মীভূত হয়েছে।
আরও পড়ুন: ইলন মাস্কের অভিযোগ, ইউএসএআইডির কর্মকাণ্ডে ‘অসংখ্য মানুষের মৃত্যু’
রুশ বাহিনী ইউক্রেনের চারটি রেলওয়ে লোকোমোটিভ (ইঞ্জিন) আলাদা আলাদা হামলায় ধ্বংস করেছে, যা পশ্চিমা দেশগুলো থেকে আসা সমরাস্ত্র ও গোলাবারুদ রণাঙ্গনে পরিবহনের কাজে নিয়োজিত ছিল। দনিপ্রোপেত্রোভস্ক, ঝিতোমির এবং খারকিভ অঞ্চলে এসব হামলা চালানো হয়।
ইউক্রেনের রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ‘ইউক্রেনারগো’ এবং জ্বালানি কোম্পানি ডিটেক স্বীকার করেছে যে, রুশ হামলার ফলে বিদ্যুৎ গ্রিডে ভয়াবহ বিপর্যয় ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিয়েভ অঞ্চলের বুচা, ওবুখিভ এবং ফাস্টিভ জেলায় জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে।
এদিকে, কিয়েভ আঞ্চলিক সামরিক প্রশাসন জানিয়েছে, বেলায়া সেরকভ শহরে রুশ ড্রোন হামলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একটি গ্যারেজে ভয়াবহ আগুন ধরে যায়। বিস্ফোরণের তীব্রতায় দুটি বহুতল আবাসিক ভবনের জানালার কাচ ভেঙে অন্তত তিনজন আহত হয়েছেন। ইউক্রেনীয় বিমান বাহিনীর দাবি, রাশিয়া রাতভর মোট ১৬২টি ড্রোন নিক্ষেপ করেছিল, যার মধ্যে ১৪১টি তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
অন্যদিকে, সামরিক বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে ইউক্রেনীয় ড্রোন হামলার কড়া জবাব হিসেবেই মস্কো এই বিধ্বংসী অভিযান পরিচালনা করেছে। প্রচণ্ড শীতের মুখে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তলানিতে নেমে আসায় জেলেনস্কি প্রশাসন এখন চরম মানবিক ও সামরিক চাপের মধ্যে রয়েছে।
আরও পড়ুন: এক দিনে ইলন মাস্কের সম্পদ বেড়ে ৪০ বিলিয়ন ডলার
সূত্র: তাস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন