০৬:১৭ পি.এম
গোপালগঞ্জে দুই দিনের লকডাউন কর্মসূচি উপলক্ষে যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। জেলার বিভিন্ন স্থানে ৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, এবং বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। তবে কঠোর নিরাপত্তার মধ্যেও জেলার জনজীবন স্বাভাবিক রয়েছে।
শনিবার সকাল থেকেই গোপালগঞ্জ জেলা শহরসহ গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম দৃশ্যমান হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, আদালত প্রাঙ্গণ, ঘোনাপাড়া এবং জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে।
বিজিবি সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ জেলায় ৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে। ড্রোনের মাধ্যমে এলাকায় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি, দায়িত্ব পালনরত সদস্যদের বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল নিয়ে সুখবর
এদিকে, কঠোর নিরাপত্তা ও প্রশাসনের ব্যাপক তৎপরতার মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচি পালন করে যাচ্ছে। শনিবার বিকেলে জেলার ঘোনাপাড়া এলাকায় গণজমায়েত ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় জেলার সব উপজেলা সদরে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে বলে আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে।
এর আগে শুক্রবার সন্ধ্যার পর জেলা সদরসহ সব উপজেলা সদরে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা।
তবে এসব রাজনৈতিক কর্মসূচির মধ্যেও শনিবার সকাল থেকে পুরো জেলায় শান্ত ও স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। ব্যাংকের এটিএম বুথগুলোতেও গ্রাহকদের স্বাভাবিক লেনদেন করতে দেখা গেছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক ও তৎপর রয়েছে।
আরও পড়ুন: বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে : শিক্ষামন্ত্রী
এদিকে আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, আগামীকাল থেকে দুই দিনের লকডাউন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবেন তারা। তবে কর্মসূচিতে বাধা দেওয়া হলে তা প্রতিরোধ করা হবে বলেও সূত্রটি জানিয়েছে।
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন