১১:৩৭ এম
অবতরণের জন্য মাত্র কিছু মুহূর্ত বাকি ছিল। ডেল্টা এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান রানওয়ের দিকে অগ্রসর হচ্ছিল। ঠিক সেই সময় পাইলট জানতে পারলেন, বিমানবন্দর কেঁপে উঠছে ভূমিকম্পের কারণে। এরপর অবতরণ বাতিল করে উড়োজাহাজটিকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
শনিবার (২৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। ওই দিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের ফলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর (এলএএক্স) কেঁপে ওঠে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ম্যানহাটন বিচ উপকূল থেকে প্রায় ছয় মাইল দূরে।
আরও পড়ুন: হুথিদের সৌদি বিমানবন্দর, তেল শোধনাগার ও বিদ্যুৎকেন্দ্রে হামলার দাবি
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভূমিকম্পের সময় ডেল্টা এয়ারলাইনসের ফ্লাইট ১৯৭২ বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। এই সময় শক্তিশালী কম্পন অনুভব করে নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তারা উড়োজাহাজটিকে অবতরণ বাতিলের নির্দেশ দেন।
এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও রেকর্ডিংয়ে ওই কর্মকর্তাকে বারবার বলতে শোনা যায়, "ডেল্টা ১৯৭২, ঘুরে যান। ডেল্টা ১৯৭২, ঘুরে যান। এখানে বড় ধরনের ভূমিকম্প হচ্ছে।"
নির্দেশনা পেয়ে পাইলট অবতরণের চেষ্টা বাতিল করেন। পরে বিমানবন্দরের বিভিন্ন স্থানে ভূমিকম্পের প্রভাবের দৃশ্যও সামনে আসে।
ভূমিকম্পের ফলে বিমানবন্দরের একটি টার্মিনালের ভেতরের কাচের জানালা ভেঙে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কম্পনের সময় বিমানবন্দরের বিভিন্ন স্থানে অস্থির পরিস্থিতির চিত্র।
আরও পড়ুন: কিউবার নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রকে ডব্লিউএইচও প্রধানের আহ্বান
তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের কারণে ফ্লাইট পরিচালনায় কোনো বিঘ্ন ঘটেনি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন