০৩:১০ পি.এম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এমপিওভুক্তির নির্দেশনা জারি হওয়ার পরেও গেজেট প্রকাশ না হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে অনুদানভুক্ত ১ হাজার ৫১৯টি মাদ্রাসা এমপিওভুক্ত করার জন্য দ্রুত গেজেট প্রকাশের দাবি তাদের। পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য আরও তিনটি দাবি তুলেছেন তাঁরা।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করেন অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। এরপর চার দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর পাঠান ‘অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমন্বয় কমিটি’র নেতারা। তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে ১০ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাতের সুযোগও চেয়েছেন।
স্মারকলিপিতে শিক্ষকরা উল্লেখ করেন, ২০২৫-২৬ অর্থবছরে ১ হাজার ৫১৯টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবেদন গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি এবং গেজেটও প্রকাশ করা হয়নি। এর ফলে দীর্ঘদিন ধরে আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
আরও পড়ুন: ২৪ বছর পর কামরাঙ্গীরচর থেকে অপহরণ ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার
তাদের অভিযোগ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো সুযোগ-সুবিধা পাচ্ছে না। এ বৈষম্য দূর করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমপর্যায়ের সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
স্মারকলিপিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ইতিহাস তুলে ধরে বলা হয়েছে, ১৯৭৮ সালের অধ্যাদেশের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয়। ১৯৮৪ সাল থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে স্বীকৃতি দেওয়া শুরু হয়। এরপর ১৯৯৪ সালে দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়নের প্রতিটিতে একটি করে প্রতিষ্ঠানকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ উদ্যোগের আওতায় ১ হাজার ৫১৯টি মাদ্রাসা অনুদান পায়। ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ অনুদানের ঘোষণা দেন। তখন প্রতিষ্ঠানগুলোর জন্য মাসিক ৫০০ টাকা অনুদান নির্ধারণ করা হয়েছিল।
২০০১ সালে এসব প্রতিষ্ঠানে বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ ও উপবৃত্তি কার্যক্রম চালু হয়। তবে ২০১৩ সালে দেশের ২৬ হাজার ১৯টি নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ বা এমপিওভুক্তির বাইরে থেকে যায়।
শিক্ষকদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে আন্দোলন করেও তারা প্রত্যাশিত সমাধান পাননি। ২০২৫ সালের ২৮ জানুয়ারি আন্দোলনের সময় সংশ্লিষ্ট এক কর্মকর্তা এক মাসের মধ্যে ছয় দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে আবারও আন্দোলনে নামতে হয় তাদের।
আরও পড়ুন: হরিরামপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
স্মারকলিপিতে বলা হয়, ২০২৫ সালের নভেম্বরে আন্দোলনের পর ৩ নভেম্বর ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় ২০২৫ সালের ২৬ জুন অনলাইনে আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ করে। ৩ থেকে ১০ জুলাই পর্যন্ত আবেদন নেওয়া হয়। পরে ১০ নভেম্বর জেলা প্রশাসকদের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়। এতসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও গেজেট প্রকাশ না হওয়ায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা কাটছে না।
চার দফা দাবি
শিক্ষকদের দাবিগুলো হলো—
আরও পড়ুন: সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ, অধ্যক্ষ সোহরাব হোসেনের পদত্যাগের দাবি
১. ২০২৫-২৬ অর্থবছরে ১ হাজার ৫১৯টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা দ্রুত এমপিওভুক্ত করে গেজেট প্রকাশ।
২. ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
৩. জেলা ও উপজেলা পর্যায়ে ইবতেদায়ী মাদ্রাসার জন্য পৃথক শিক্ষা অফিস স্থাপন।
৪. শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা।
আরও পড়ুন: গোপালগঞ্জে ভাঙচুর চালিয়ে ভারতে পলায়ন, ফেরার পথে সাতক্ষীরার সীমান্তে যুবক আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন