০১:৪৭ পি.এম
যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে পার্কিংয়ের স্থান নিয়ে বিরোধের সময় ১২ বছর বয়সী এক কিশোরী গুলিতে নিহত হয়েছেন। শহরটির পুলিশ জানায়, গত সপ্তাহান্তে এই ঘটনা ঘটে।
বিবিসি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাল্টিমোর পুলিশের কমিশনার রিচার্ড ওরলি এক সংবাদ সম্মেলনে উল্লেখ করেন যে, একটি পার্কে পার্কিং নিয়ে দুই ব্যক্তির মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। সেই সময় সেখানে শিশুরা আমেরিকান ফুটবল খেলছিল। এক পর্যায়ে, দুই ব্যক্তি পরস্পরকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। গুলির মধ্যে পড়ে ওই কিশোরী আহত হন, সম্ভবত সে ফুটবল খেলা দেখতে গিয়েছিল।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর কিশোরীর পাশাপাশি গুলিবিদ্ধ এক নারীকে দেখতে পায়। এছাড়া, গুলির ঘটনার সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে এমন আঘাত নিয়ে আরো দুই ব্যক্তি আশপাশের হাসপাতালে ভর্তি হন।
আরও পড়ুন: ইরান যুদ্ধের পক্ষ, হুথিদের অস্ত্রদাতারা মধ্যস্থতাকারী হতে পারে না: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী
পুলিশ অন্তত দুই সন্দেহভাজনকে খুঁজছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিহত কিশোরীর নাম এখনও প্রকাশ করা হয়নি। কমিশনার ওরলি জানান, কিশোরীটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়নি। হাসপাতালে নেওয়ার পর কিশোরীটিকে মৃত ঘোষণা করা হয়। অন্য তিন আহত ব্যক্তির আঘাত গুরুতর নয় বলে জানান তিনি।
ঘটনাটি স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টার পরে ঘটে। পুলিশ এখনো ঘটনার তদন্ত করছে। প্রত্যক্ষদর্শীদের তথ্য দিতে পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। ঘটনাস্থলে মোট কতটি গুলি ছোড়া হয়েছিল, তা নিশ্চিত নয় বলে জানান কমিশনার।
সংবাদ সম্মেলনে বাল্টিমোরের মেয়র ব্র্যান্ডন স্কট বলেন, ‘দুই প্রাপ্তবয়স্ক ব্যক্তি ঝগড়ায় জড়ালেন। আর এখন ১২ বছরের একটি মেয়ে আমাদের মধ্যে নেই।’ তিনি আরও বলেন, ‘এখানে যা ঘটেছে, তা আমার জীবনে দেখা সবচেয়ে ঘৃণ্য ঘটনাগুলোর একটি।’
আরও পড়ুন: ট্রাম্পকে নিয়ে উদ্বেগ-হতাশায় ৭১% মার্কিন নাগরিক: জরিপ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন