ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

টেস্ট র‌্যাঙ্কিংয়ে হৃদয়ের বড় লাফ, এগিয়েছেন লিটনও


টেস্ট র‌্যাঙ্কিংয়ে হৃদয়ের বড় লাফ, এগিয়েছেন লিটনও

বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয় টেস্ট ক্রিকেটে দুর্দান্ত সময় কাটাচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করার পর, দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরিও তুলে নিয়েছেন তিনি। এবার তার এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসি টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছেন। মাত্র চারটি টেস্ট খেলে তিনি ৩৩তম স্থানে উন্নীত হয়েছেন।

আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী, হৃদয় ২৮ ধাপ এগিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে তিনি ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এর আগে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলেন। ধারাবাহিক এই পারফরম্যান্সের ফলস্বরূপ তার র‌্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

লিটন দাসও একই টেস্টে সেঞ্চুরি করে এগিয়েছেন। ১২০ রানের ইনিংস খেলে তিনি ৯ ধাপ উন্নতি করেছেন। বর্তমানে ২৪তম স্থানে থাকা লিটন টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা ব্যাটার। তার পরেই অবস্থান করছেন হৃদয়।

আরও পড়ুন: যুবরাজের পরামর্শে বৈভবের ব্যাটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড

অন্যদিকে, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিন ধাপ পিছিয়ে ৩৫তম স্থানে নেমে গেছেন। মুমিনুল হকের অবস্থান ১৮ ধাপ অবনতি হয়ে বর্তমানে ৫৬তম। শীর্ষ ৫০-এ আর কোনো বাংলাদেশি ব্যাটারের স্থান হয়নি।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান তেমন ভালো নয়। শীর্ষ ২০-এ কোনো বাংলাদেশি বোলার নেই। মেহেদী হাসান মিরাজ তিন ধাপ পিছিয়ে ২৭তম স্থানে আছেন। অন্যদিকে হাসান মাহমুদ তিন ধাপ এগিয়ে ২৯তম স্থানে উঠেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে না খেলায় তাইজুল ইসলাম দুই ধাপ পিছিয়ে ৩০তম স্থানে নেমেছেন।

তবে টেস্ট অলরাউন্ডারদের তালিকায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিরাজ। তিনি চার নম্বর অবস্থান ধরে রেখেছেন।

এদিকে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে ভারতের রিশভ পন্তের। নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৮ রান করে তিনি ষষ্ঠ স্থানে উঠেছেন। তার পরের অবস্থানেই রয়েছেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ভালো পারফরম্যান্সের সুবাদে দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন ১৫তম স্থানে উঠে এসেছেন। বোলারদের মধ্যে দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন কাগিসো রাবাদা।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহিরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল প্রতিমা রানী দাসের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


তাহিরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল প্রতিমা রানী দাসের

সুনামগঞ্জের তাহিরপুরে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল দুর্ঘটনার ফলে প্রতিমা রানী দাস (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি একটি গরুকে চাপা দেয়, যা ঘটনাস্থলেই মারা যায়। মোটরসাইকেলের চালক এবং অপর আরোহী গুরুতর আহত অবস্থায় রয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ গ্রামের পাশে শনির হাওরের উত্তরপাড়ের ডুবন্ত সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর স্বামী গোপাল চন্দ দাস মধ্যনগর উপজেলার সোনিপাড়া গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন একই গ্রামের রাজেন্দ্র দাসের ছেলে দীপাল দাস (৩০) এবং মোটরসাইকেল চালক মোশাররফ হোসাইনের ছেলে পাভেল হোসাইন (১৭), যিনি তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মধ্যনগর থেকে মোটরসাইকেলে তিনজন তাহিরপুর বাজারের উদ্দেশ্যে রওনা হন। শাহগঞ্জ গ্রামের কাছে পৌঁছালে মোটরসাইকেলটি একটি গরুকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলে গরুটি মারা যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে অবস্থার অবনতি হলে প্রতিমা রানী দাসসহ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তবে পথিমধ্যে প্রতিমার মৃত্যু ঘটে। আহত অপর দুজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফয়েজ আহমদ নূরী বলেন, ‘গুরুতর আহত এক নারীসহ দুজনকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়। পথিমধ্যে ওই নারীর মৃত্যু হয়েছে।’

তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ জানিয়েছেন, ‘এ ঘটনাটি থানায় কেউ এখনো অবগত করেননি। বিষয়টি খোঁজখবর নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারী-ডোমার সড়ক অবরোধ করে শ্রমিকদের নয় দফা দাবিতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


নীলফামারী-ডোমার সড়ক অবরোধ করে শ্রমিকদের নয় দফা দাবিতে বিক্ষোভ

‘গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনস লিমিটেড’ নামের একটি চুল তৈরির কারখানার শ্রমিকেরা নীলফামারী-ডোমার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তাদের নয় দফা দাবির মধ্যে রয়েছে বেতন-ভাতা বৃদ্ধি, ওভারটাইমের ন্যায্য পারিশ্রমিক, কর্মঘণ্টা কমানো এবং কাজের চাপ হ্রাস।

বুধবার সকাল ৮টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে তারা সড়ক অবরোধ করেন। এই অবস্থায় মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়, ফলে শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন। শ্রমিকদের সঙ্গে আলোচনা শেষে কর্তৃপক্ষ তিন দিনের জন্য কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

বুধবার সকাল ৮টার দিকে নীলফামারী সদর উপজেলার তরনীবাড়ী অচিনতলায় অবস্থিত কারখানার সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বললে তারা সড়ক অবরোধ তুলে নেন। এরপর শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।

শ্রমিকদের অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাদের মজুরি ও ভাতার সামঞ্জস্য নেই। বর্তমান মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে মূল বেতন ও ভাতা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে কাজের পরিমাণ ও সময় বিবেচনায় পিস রেট নির্ধারণ, কাজের লক্ষ্যমাত্রা কমানো, ওভারটাইমের সঠিক হিসাব এবং ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার দাবি তোলেন তারা।

আন্দোলনকারী শ্রমিক দেবাশীষ রায় বলেন, ‘এই কোম্পানিতে যে মজুরি পাই, তা দিয়ে আমাদের সংসার চলে না। একজন মানুষের চলতে গেলে ন্যূনতম ৫০০ টাকা মজুরি প্রয়োজন।’

শ্রমিক আঁখি বানুর অভিযোগ, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাদের হয়রানি করেন। ব্যক্তিগত সমস্যা থাকলেও তা শোনা হয় না। বিভিন্নভাবে হয়রানির পাশাপাশি ন্যায্য মজুরি থেকেও বঞ্চিত করা হচ্ছে।

এ ব্যাপারে কোম্পানির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জাকির হোসেন সুমন বলেন, শ্রমিকদের দেওয়া দাবিগুলো কর্তৃপক্ষ পেয়েছে। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং আশ্বাস দেওয়া হয়েছে। পরে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

তিনি আরো বলেন, কোম্পানিতে স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে তিন দিনের জন্য কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার থেকে স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু হবে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে পাকিস্তানের উদ্যোগ, সফরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সরকারি পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে পাকিস্তানের উদ্যোগ, সফরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সরকারি পরিদর্শন

পাকিস্তান বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী ও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল এবং ১৩ সদস্যের সাংবাদিক প্রতিনিধিদল বর্তমানে পাকিস্তান সফর করছে। গত ২৩ নভেম্বর, একই ফ্লাইটে ইসলামাবাদে পৌঁছানোর পর, বাংলাদেশের প্রতিনিধিদলকে লাল গালিচা সংবর্ধনা ও উষ্ণ অভ্যর্থনা প্রদান করা হয়।

দুই দেশের সম্পর্কের নতুন প্রেক্ষাপটে এই সফরকে ইসলামাবাদ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। সফরের প্রথম দিনেই স্পিকার হাফিজউদ্দিন আহমদ একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এর মধ্যে কাকুল মিলিটারি একাডেমি পরিদর্শন অন্যতম, যেখানে তিনি পাকিস্তান আমলে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। দীর্ঘদিন পর নিজের পুরোনো প্রশিক্ষণকেন্দ্রে ফিরে স্মৃতিচারণ করেন এবং একসময়ের পরিচিতদের সঙ্গে সাক্ষাৎ করেন।

মঙ্গলবার সন্ধ্যায় স্পিকারের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার আয়াজ সাদিক, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারসহ দেশটির মন্ত্রিসভার সদস্য ও পার্লামেন্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দুই দেশের সংসদীয় প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধিরাও ওই আয়োজনে অংশ নেন।

সফরের দ্বিতীয় দিনে, বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধিদলকে পাকিস্তানের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আধুনিক কার্যক্রম ও কৌশল সরজমিনে দেখানো হয়। সকালে তারা দেশটির তথ্য মন্ত্রণালয়ের এক্সটার্নাল পাবলিসিটি উইং পরিদর্শন করেন। সেখানে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিসরে পাকিস্তানের ভাবমূর্তি তুলে ধরা, প্রচার-প্রোপাগান্ডা মোকাবিলা ও ন্যারেটিভ তৈরির কৌশল এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘ইসলামাবাদ টকস’ আয়োজনে এই বিভাগের ভূমিকা নিয়ে বিস্তারিত ব্রিফ করা হয়।

পরে সাংবাদিক প্রতিনিধিদল পাকিস্তানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ) পরিদর্শন করেন। দুর্যোগ মোকাবিলায় তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এবং সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সংস্থাটির বিশাল কন্ট্রোলরুম ও কমান্ড সেন্টারের কার্যক্রম তাঁদের ঘুরিয়ে দেখানো হয়।

এ ছাড়া সাংবাদিকেরা পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের অধীন গত বছর প্রতিষ্ঠিত একটি ডিজিটাল ল্যাব পরিদর্শন করেন। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিদলকে জানান, ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানবিরোধী প্রচারণা—বিশেষ করে ভারতের পক্ষ থেকে চালানো নেতিবাচক প্রচারণার জবাব দিতে এবং নিজেদের বক্তব্য তুলে ধরতে এই ল্যাব থেকে ডিজিটাল কনটেন্ট তৈরি করা হয়।

সফরের অংশ হিসেবে, বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধিদল ইসলামাবাদের ডিপ্লোম্যাটিক জোনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনও পরিদর্শন করেন। হাইকমিশনার ইকবাল হোসেন খান তাঁদের স্বাগত জানান এবং পাকিস্তানে বাংলাদেশের কূটনৈতিক কার্যক্রম ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে হাইকমিশনের ভূমিকা তুলে ধরেন। উল্লেখ্য, ২০০৪ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং ২০২৫ সালের অক্টোবরে এর নতুন ভবন উদ্বোধন করা হয়। ইসলামাবাদে এই জায়গাটি পাকিস্তান সরকারের সঙ্গে জমি বিনিময়ের মাধ্যমে পেয়েছে বাংলাদেশ, যার বিনিময়ে ঢাকার গুলশানের কূটনৈতিক এলাকায় পাকিস্তানকে হাইকমিশন ভবনের জন্য জায়গা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বরাষ্ট্রমন্ত্রী: আসিব বলিয়া কতদিন পার হবে, আমাদের নজর নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


স্বরাষ্ট্রমন্ত্রী: আসিব বলিয়া কতদিন পার হবে, আমাদের নজর নেই

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ই ডিসেম্বর দেশে ফেরার ঘোষণায় সরকার কোনো ধরনের চাপের মধ্যে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, এগুলো আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত কাজ। বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার নিয়মিত আয়োজন করবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং এই জাতীয় তথাকথিত কোনো কর্মকাণ্ড যদি থাকে।’

তিনি আরও বলেন, ‘সরকার সবসময় সতর্ক আছে। আসিব আসিব বলিয়া কতদিন পার হবে এগুলোতে আমাদের নজর নাই। একবার বলে নভেম্বর, একবার বলে ডিসেম্বর। আমরা সবসময় সতর্ক আছি। কিসের চাপ, আপনাদের কাছে মনে হয়? এগুলো আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত কাজ।’

এছাড়া, আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দল হিসেবে নিষিদ্ধ করা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এটি আইনানুগ বিষয়।

তিনি আরো বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে একটি সংশ্লিষ্ট ধারায় সংশোধনের মাধ্যমে ইন্টেরিম গভর্নমেন্টের সময় দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচারের কার্যক্রম হাতে নেওয়ার জন্য তদন্ত পরিচালনা করার সুযোগ সৃষ্টি হয়েছিল। তদন্ত চলছে, তদন্ত সম্ভবত শেষ পর্যায়ে।’

বিচারিক কার্যক্রম শেষ হওয়ার পরে আদালতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দল হিসেবে বিচারের বিষয়টি নির্ধারিত হবে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেহেতু, সংবিধানের আর্টিকেল ৪৭ অনুসারে বিধান আছে যে, ব্যক্তি, গোষ্ঠী আর দল হিসেবে কোনো সংগঠন যদি মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং আরেকটি অপরাধ তিনটা অপরাধের বিষয়ে যদি জড়িত থাকে তাহলে ব্যক্তির সাথে দলকে সংগঠনকেও বিচারের আওতায় আনা যাবে। সেটা বিচারিক কার্যক্রম শেষ হলে শাস্তির বিষয়টা উল্লেখ আছে, দল নিষিদ্ধ করা পারমানেন্টলি অথবা কিছু সময়ের জন্য নিষিদ্ধ করা অথবা সংগঠনের সম্পত্তি জব্দ করা এ সমস্ত বিধান ওখানে আছে। তদন্ত শেষ হলে চার্জশিট দাখিল হলে সেই ট্রায়ালের পরে আদালত যেটা বিবেচনা করবেন সেই হিসেবে সেটা হবে।’

সাবেক অন্তর্বর্তী সরকারের আমলেই দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, ‘এখন বাকি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হবে। নির্বাচন কমিশন তাদের নির্ধারিত আইনের মধ্য দিয়ে তাদের রেজিস্ট্রেশন সাসপেন্ডেড করেছে সেটা এখনো বহাল আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%