বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:৩২ পি.এম
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : ভারতের বিরোধী দলগুলো নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ব্যাপক সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেছে। ‘গণতন্ত্র রক্ষার’ দাবিতে মঙ্গলবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দিকে মিছিল এবং পরবর্তী দিনগুলোতে দেশজুড়ে সমাবেশের আয়োজন করে তারা সরকার ও নির্বাচন কমিশনের ওপর চাপ বৃদ্ধি করেছে।
বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের অভিভাবক হিসেবে দীর্ঘকাল ধরে পরিচিত ভারতের নির্বাচন কমিশনের প্রধানের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক নেতারা অভিযোগ করেছেন যে, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নির্দেশনা অনুযায়ী কাজ করছেন।
নয়াদিল্লি থেকে এএফপি জানায়, নির্বাচন কমিশন এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং তাদের সব সিদ্ধান্ত আইনসম্মত বলে দাবি করেছে। তবে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী মন্তব্য করেন, ‘মূল বিষয় হলো ভোট চুরি।’ সাংবাদিকদের তিনি বলেন, ‘যারা ভারতের গণতন্ত্র ধ্বংস করেছে, তাদের শাস্তি নিশ্চিত করতে আমরা কাজ করব।’
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, বিরোধী দলের আইনপ্রণেতারা মঙ্গলবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে মিছিল করবেন। এরপর দেশজুড়ে ‘গণতন্ত্র রক্ষার’ সমাবেশ অনুষ্ঠিত হবে।
ভারতীয় দৈনিক ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ গত সপ্তাহে এক প্রতিবেদনে উল্লেখ করেছে যে, বিতর্কিত ভোটার তালিকা সংশোধন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিন নির্বাচন কমিশনারের মধ্যে দুজনের অনুমোদন ছাড়াই নেওয়া হয়ে থাকতে পারে।
নির্বাচন কমিশন দাবি করেছে, ওই প্রতিবেদনে ‘বিষয়টির কেবল একটি দিক তুলে ধরা হয়েছে’। কমিশনের বক্তব্য, ভোটার তালিকার সংশোধনের উদ্দেশ্য ছিল একই ব্যক্তির একাধিক নামের নিবন্ধন বাদ দেওয়া এবং ‘বিদেশি অবৈধ অভিবাসীদের’ ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ঠেকানো।
মোদির দল দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা নথিবিহীন অভিবাসীরা প্রতারণার মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। এসব অভিবাসীর মধ্যে অনেকেই মুসলিম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সৌজন্য সাক্ষাৎ আজ বুধবার উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, গবেষণা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, বৃত্তি এবং দক্ষতা উন্নয়নসহ পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, "আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা হচ্ছে।" তিনি বিশেষভাবে জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং বৃত্তি কার্যক্রমের সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে বিদেশি ভাষা শিক্ষা, ব্যবহারিক ও দক্ষতাভিত্তিক শিক্ষা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।" এ ক্ষেত্রে জার্মানির অভিজ্ঞতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।
জার্মান রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানের প্রশংসা করেন। তিনি জার্মানিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ, বৃত্তি এবং দুই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে শিক্ষার্থীদের শিক্ষা ও প্রশিক্ষণকে শিল্পখাতের চাহিদার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, "জার্মানি দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তা অনুভব করছে এবং আন্তর্জাতিক শিক্ষার্থী ও দক্ষ পেশাজীবীদের জন্য উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়ে কাজ করছে।" রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে জার্মানির শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের যোগাযোগ বৃদ্ধির সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ এবং জার্মানির মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা, বৃত্তি কার্যক্রম, দক্ষতা উন্নয়ন, শিল্প-শিক্ষা সহযোগিতা এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
সাক্ষাৎ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জার্মানির সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকা থেকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আরসানাল খান সানিকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ আটক করেছে এসআরবি-২।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটকের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। আটক আরসানাল খান সানি একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযানের অংশ হিসেবে এসআরবি-২ এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার রাতে চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে মাসুদ রানাকে (৩৭) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১টি স্মার্টফোন, কম্পিউটার, রাউটার, ইউপিএস ও নগদ এক লাখ টাকা জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, জব্দ ডিভাইসগুলো প্রাথমিকভাবে পর্যালোচনায় অনলাইন জুয়া, ক্রিপ্টোকারেন্সি, ভিপিএন ও টেলিগ্রামসহ বিভিন্ন অ্যাপ ব্যবহারের তথ্য পাওয়া গেছে। দুটি আইফোনে Polymarket প্ল্যাটফর্ম ব্যবহার এবং ডলার লেনদেনের তথ্যও পাওয়া যায়। একটি ডিভাইসের টেলিগ্রাম হিস্টোরিতে পাঁচ শতাধিক জিমেইল আইডি ও পাসওয়ার্ড-সংক্রান্ত তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে মামলা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এদিকে বুধবার নগদ অর্থ চুরির অভিযোগে এয়ারপোর্ট থানায় গ্রেপ্তার হৃদয় হোসেনকে (২৪) সংক্ষিপ্ত বিচার শেষে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই দিন রাজপাড়া থানায় দুই গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার বাচ্চুকে (৫০) তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁর সাপাহারে কৃতি স্কাউট শিক্ষার্থীদের জন্য সংবর্ধনা ও গ্রুপ ক্যাম্পের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সাপাহার মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
সাপাহার মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি আব্দুর রহমান (কল্লোল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) এবং সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্ত স্কাউটের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতি স্কাউট শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং গ্রুপ ক্যাম্পে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ