সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:০১ পি.এম
বাগেরহাট, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি কৃষক কার্ড দেওয়ার কর্মসূচিতে বাগেরহাটে প্রথম দফায় ৯ উপজেলার ৯টি ইউনিয়নকে চিহ্নিত করা হয়েছে। এসব ইউনিয়নের ২৬ হাজার ৩৩৮ জন কৃষক কৃষক কার্ড পাবেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসের ১৭ তারিখ কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করবেন।
বিএনপি সরকারের আমলে ৫ বছরে পর্যায়ক্রমে জেলায় ২ লাখ ৪৪ হাজার ৩২৮ জন কৃষক কৃষক কার্ড পাবেন।
বিএনপি’র নির্বাচনী বিভিন্ন প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড। এরই ধারাবাহিকতায় বাগেরহাটে ৯টি ইউনিয়নের ২৬ হাজার ৩৩৮ জন কৃষককে কৃষক কার্ড দেওয়ার জন্য শনাক্ত করা হয়েছে।
বাগেরহাট কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, কৃষকদের সুবিধার লক্ষ্যে ৯ উপজেলার ৯ টি ইউনিয়নকে কয়েকটি ব্লকে ভাগ করা হয়েছে। প্রথম ব্লকের (এরিয়া) জরিপের কাজ চলমান রয়েছে।
কৃষি অধিদপ্তর বাগেরহাটের অতিরিক্ত উপ-পরিচালক অপুর্ব লাল সরকার বাসসকে জানান, প্রথম দফায় তাদের টার্গেট রয়েছে ৩১ হাজার ৩৭৪ জন। ইতোমধ্যে ২৬ হাজার ৩৩৮ জনের তথ্য সংগ্রহ হলেও বাকিটা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হবে, যার তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে।
প্রথম ব্লকের জরিপের তথ্য সংগ্রহ সম্পন্ন ইউনিয়নগুলো হচ্ছে, বাগেরহাট সদর উপজেলার রনজিতপুর, চুলকাঠি ও খানপুর। ফকিরহাট উপজেলার দেয়াপাড়া, কাঠালতলা ও সিংগাতী। মোল্লাহাট উপজেলার চুনখোলা, শাসন ও কাচনা। রামপাল উপজেলার ইসলামাবাদ, গিলাতলা, বাশতলী। কচুয়া উপজেলার বাধাল, সাংদিয়া, পিংগরিয়া। মোড়েলগঞ্জ উপজেলার চালিতাবুনিয়া ও খাওলিয়া। শরনখোলা উপজেলার খোন্তাকাটা, গোলবুনিয়া, নলবুনিয়া। মোংলা উপজেলার চিলা, জয়মনি, হলদিবুনিয়া। চিতলমারী উপজেলার চরডাকাতিয়া ও চরবানিয়ারী।
কৃষি দপ্তর আরও জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত ৭ সদস্যের কমিটির সদস্যরা ৯ টি ইউনিয়নের ২৬ হাজার ৩৩৮ জন কৃষককে কৃষক কার্ড দেওয়ার জন্য বাছাই করেছেন। এরইমধ্যে এ কমিটির সদস্যরা ৩১ আগস্ট পর্যন্ত ২৬ হাজার ৩৩৮ জন কৃষকের নাম চূড়ান্ত করে তালিকা ব্যাংকে পাঠিয়েছে।
কার্ডপ্রাপ্ত কৃষকরা জনতা, সোনালী ও কৃষি ব্যাংক থেকে বার্ষিক অনুদানের অর্থ পাবেন। বছরে আড়াই হাজার টাকা করে অনুদান পাবেন প্রত্যেক কৃষক।
কৃষি সম্পসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী কার্ডধারী কৃষকরা ন্যায্য মূল্যে সেচ, প্রশিক্ষণ, যন্ত্রপাতি, রোগ বালাই দমনে পরামর্শ, কৃষি পণ্য বিক্রির সুবিধা, কৃষি বীমা প্রশিক্ষণ, ভর্তুকি-প্রণোদনা, ঋণ ও কৃষি উপকরণ পাবেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক কৃষিবিদ মো. মোতাহার হোসেন বাসসকে বলেন, ব্যাংকের মাধ্যমে কৃষকরা কার্ড পাবেন। এটি ডেবিট কার্ড হিসেবে গণ্য হবে। এ কার্ডের মাধ্যমে প্রতিবছর কৃষকরা আড়াই হাজার টাকা করে সরকারি অনুদান পাবেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বাসসকে জানান, চলতি মাসের ১৭ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্ভোধন করবেন। ওইদিন অনলাইনের মাধ্যমে বাগেরহাট জেলার উপকূলীয় অঞ্চল রামপাল উপজেলা যুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও জানান, উপকূলীয় জেলা বাগেরহাটে কৃষকের জীবন ও জীবিকা প্রকৃতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। লবণাক্ততা, জলাবদ্ধতা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক ঝুঁকির মধ্যেও জেলার কৃষকরা ধান, সবজি, ফলসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন করে আসছেন। ফলে কৃষকদের জন্য সরাসরি আর্থিক সহায়তার পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি, সেচ, কৃষি উপকরণ, রোগবালাই দমনে ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও বাজারসংযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাটি খুঁড়ে যুবকের লাশ উদ্ধার নিখোঁজের ২৮ দিন পর
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নিখোঁজ হওয়ার ২৮ দিন পর পুলিশ রাশেদুল ইসলাম নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলার বওলা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের ‘গারোর ভিটা’ এলাকা থেকে মাটির নিচে পুঁতে রাখা মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাশেদুল (১৭) কৃষ্ণমহেশপট্টি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। গত ১০ আগস্ট সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হয়ে যান।
গ্রেপ্তারকৃত তিনজন হলেন নেত্রকোনার শ্যামগঞ্জের কোকাইল গ্রামের মো. জসিম মিয়া, একই গ্রামের মোজ্জাম্মেল হোসেন এবং রফিক মিয়া।
ফুলপুর থানার ওসি মো. ফিরোজ হোসেন জানান, নিখোঁজ হওয়ার পরদিন মুঠোফোনের মাধ্যমে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় রাশেদুলের বাবা ফুলপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ তদন্তের এক পর্যায়ে নেত্রকোনার শ্যামগঞ্জ থেকে কোকাইল গ্রামের মো. জসিম মিয়াকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে রাশেদুলের মরদেহের সন্ধান পাওয়া যায়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়ার চেলোপাড়ার ডলার চানাচুর অ্যান্ড সেমাই কারখানাকে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির জন্য ভ্রাম্যমাণ আদালত তিন লাখ টাকা জরিমানা করেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
অভিযানটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত পরিচালিত হয়। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল এবং নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
অভিযানের সময় দেখা যায়, কারখানাটিতে পা দিয়ে মাড়িয়ে চানাচুর তৈরির ময়দার ডো প্রস্তুত করা হচ্ছিল। ময়লা মেঝেতে পা দিয়ে চেপে চেপে চানাচুরে মসলা মাখানো হচ্ছিল।
এছাড়া, দীর্ঘদিনের পুরনো পোড়া তেল এবং অননুমোদিত ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহার করে চানাচুর ভাজা হচ্ছিল। কারখানার মেঝে ছিল অপরিষ্কার ও ময়লায় ভরা। সেখানে প্রস্তুতকৃত খাদ্যপণ্য সংরক্ষণ করা হচ্ছিল। খাদ্যকর্মীদেরও ন্যূনতম স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায়নি।
পরে এসব অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল জানান, ‘অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে সরকারের সব আইন ও স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ খাদ্য তৈরির জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশে বর্তমানে ১৯ কোটি ১০ লাখ মোবাইল সিম সক্রিয় রয়েছে, এমন তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এর মধ্যে ১০ কোটি ৮০ লাখ সিমে ফোর জি ইন্টারনেট ব্যবহার হচ্ছে।
মন্ত্রী সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করেন। এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটি ওয়্যারলেস গ্রুপের ৩৭তম সভার উদ্বোধনের জন্য ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
মন্ত্রী আরও জানান, দেশে বর্তমানে ৪৯ হাজারের বেশি ফোর জি সাইট, প্রায় ৪৬ হাজার টাওয়ার এবং ১ লাখ ৭৩ হাজার কিলোমিটার ফাইবার অপটিক নেটওয়ার্ক বিদ্যমান।ফকির মাহবুব আনাম বলেন, সরকারের লক্ষ্য শুধু সংযোগের সংখ্যা বৃদ্ধি করা নয়। গুণগত মান, সাশ্রয়ী মূল্য, নির্ভরযোগ্যতা এবং অর্থবহ কানেক্টিভিটি নিশ্চিত করার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রী ভবিষ্যৎ প্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সফটওয়্যার, হার্ডওয়্যার এবং ফাইভ জি সহ ভবিষ্যৎ প্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা উন্নত করা প্রয়োজন।অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি বক্তব্য রাখেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. এমদাদ উল বারী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগ প্রাপ্ত ১৮২ জন চিকিৎসক যোগদান করেছেন। চিকিৎসকদের মধ্যে সহকারী ডেন্টাল সার্জন পদে ১৯ জন এবং সহকারী সার্জন পদে ১৬৩ জন রয়েছেন।
নতুন নিয়োগ প্রাপ্ত চিকিৎসকরা আজ সোমবার সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে উপস্থিত হয়ে যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. এ এন বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বক্তব্য রাখেন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বর্তমানে দেশের ৮৩ টি উপজেলায় ৬০ ভাগের বেশি চিকিৎসকের পদ শুণ্য রয়েছে। নব যোগদানকৃত ১৬৩ জন সহকারী সার্জনকে ৮৩ উপজেলায় এবং ১৯ জন সহকারী ডেন্টাল সার্জনকে ৪০০ টি উপজেলায় অটোমেশন পদ্ধিতিতে জরুরী ভিত্তিতে পদায়ন করা হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ