ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

প্রধানমন্ত্রীর স্লোগান হাদিসের সঙ্গে তুলনা করা সচিবকে বদলি


প্রধানমন্ত্রীর স্লোগান হাদিসের সঙ্গে তুলনা করা সচিবকে বদলি

প্রধানমন্ত্রীর বক্তব্যকে হাদিসের সঙ্গে তুলনা করার জন্য দায়ী সচিব মোহাম্মদ মসিউর রহমানকে ঢাকা সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালকের পদ থেকে সরানো হয়েছে। গত মঙ্গলবার রাতে ল মন্ত্রণালয় জনপ্রশাসন থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগে ডিটিসিএর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্থানান্তরিত করা হলো। তবে, প্রজ্ঞাপনে তাকে দায়িত্ব থেকে সরানোর কারণ উল্লেখ করা হয়নি।

এদিকে, ডিটিসিএর নতুন নির্বাহী পরিচালক হিসেবে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: হাসিনার দেশে ফেরার জন্য পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন নেই: হুমায়ুন কবির

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া 'করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ' স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে মন্তব্য করেন মোহাম্মদ মসিউর রহমান। গত ১ নভেম্বর 'এক রুট, এক কোম্পানি' উদ্যোগের আওতায় ঢাকার ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। মসিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই স্লোগানটিকে হাদিস বললে অনেকে মনে করতে পারেন যে, পরবর্তী পোস্টিংয়ের জন্য তিনি প্রধানমন্ত্রীকে তেল মারছেন। তবে তার মতে, এটি একটি শাশ্বত বাণী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাসকিন-হাসানের তোপে ১৪ রানে ২ উইকেট শেষ ওয়েস্ট ইন্ডিজের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৫ এম


তাসকিন-হাসানের তোপে ১৪ রানে ২ উইকেট শেষ ওয়েস্ট ইন্ডিজের

সিলেট টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ-এর তোপের মুখে পড়েছে। বাংলাদেশকে সকাল সকাল উইকেট এনে দিয়েছেন তারা। ইনিংসের ৬ ওভার শেষ হওয়ার আগেই ২ উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেটে সিরিজ হার ঠেকাতে মাঠে নামা বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন করা হয়েছে। মুমিনুল হক কনকাশনজনিত কারণে বাদ পড়েছেন। তার জায়গায় চোট কাটিয়ে ফিরেছেন মুশফিকুর রহিম। অন্যদিকে, বাঁহাতি পেসার শরিফুল ইসলামের জায়গায় খেলছেন আরেক পেসার তাসকিন আহমেদ।

সকালের সেশনে প্রথম ব্রেকথ্রু এনে দিয়েছেন তাসকিন। তিনি উপড়ে ফেলেছেন ব্রেন্ডন কিংয়ের স্টাম্প। তাসকিনের ফুল লেন্থের বল ভেতরের দিকে সুইং করে পিচ করে। মিড উইকেটের দিকে ফ্লিক করার চেষ্টা করে পরাস্ত হন কিং। এতে উইকেট ছত্রখান হয়ে যায়।

১৪ রানে প্রথম উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কিং ফেরেন ৯ রান করে।

পরের ওভারে জাদু দেখান হাসান মাহমুদ। অফ স্টাম্পের বাইরে করা হাসানের ব্যাক অফ লেন্থের ডেলিভারি ছেড়ে দিয়েছিলেন কাভেম হজ। কিন্তু পিচে পড়ে বল স্কিড করে সরাসরি আঘাত হেনেছে মিডল স্টাম্পের মাথায়। ফলে ১৪ রানে ২ উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে আয়ুষ্মানকে কোটি টাকা দাবি করে হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৭ এম


লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে আয়ুষ্মানকে কোটি টাকা দাবি করে হুমকি

বলিউড তারকাদের বিরুদ্ধে একের পর এক হুমকির ঘটনায় নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সম্প্রতি অভিনেতা আয়ুষ্মান খুরানা হুমকির মুখে পড়েছেন। অভিযোগ উঠেছে যে, কোটি কোটি টাকা দাবি করে তাকে হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতা নিজেকে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচয় দিয়েছে। এই ঘটনায় মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আয়ুষ্মান খুরানার কাছে একটি অডিওবার্তার মাধ্যমে অর্থ দাবি করে হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর পুলিশ তদন্তে নেমেছে। তবে হুমকিদাতার সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তদন্তকারীরা অডিওবার্তায় থাকা কণ্ঠস্বরের সঙ্গে তাদের নথিতে থাকা একই নামের এক ব্যক্তির কণ্ঠস্বর মিলিয়ে দেখছেন। এর মাধ্যমে হুমকিদাতার প্রকৃত পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হুমকিদাতার পরিচয় যাচাই করা হচ্ছে। পাশাপাশি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় আয়ুষ্মান খুরানা এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। অভিনেতার পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। তদন্তের স্বার্থে হুমকিদাতার পরিচয় কিংবা ঠিক কত টাকা দাবি করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।

এদিকে মঙ্গলবার বলিউডের আরেক অভিনেতা তুষার কাপুরের কাছেও এসেছিল হুমকির ফোন। তার কাছে পাঁচ কোটি রুপি দাবি করে এক ব্যক্তি। ফোনে নিজেকে লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়েছিল ওই হুমকিদাতা। তবে প্রাথমিক তদন্তের পর মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার কর্মকর্তাদের ধারণা, ঘটনাটি ভুয়া। বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে ওই ব্যক্তির কোনো যোগসূত্র নেই বলেই সন্দেহ করছেন তদন্তকারীরা।

ফলে নতুন করে প্রশ্ন উঠেছে, তুষার কাপুরের মতো আয়ুষ্মান খুরানাকেও কি একই কায়দায় ভুয়া হুমকি দেওয়া হয়েছে? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো যোগসূত্র? বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর হামলার শিকার হয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। একটি ফুটবল ক্লাব থেকে গাড়িতে ওঠার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় টাইগার অক্ষত থাকলেও গুলিবিদ্ধ হন তার গাড়িচালকসহ আরও একজন। পরপর এমন হুমকি ও হামলার ঘটনায় বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনার জন্য ৬ সদস্যের কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৭ এম


সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনার জন্য ৬ সদস্যের কমিটি গঠন

সরকার সরকারি কর্মচারীদের বেতন গ্রেড এবং বিভিন্ন ভাতা নির্ধারণ, পরিবর্ধন ও পরিমার্জনের বিষয় পর্যালোচনার জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে। এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী। কমিটিতে সদস্য হিসেবে আরও চার জন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী অন্তর্ভুক্ত রয়েছেন।

১ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কমিটি গঠন সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

কমিটিকে বেতনস্কেলের বিভিন্ন অসঙ্গতি সম্পর্কে প্রাপ্ত অভিযোগগুলো পর্যালোচনা করে সেগুলোর নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদান করতে বলা হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে বেতন গ্রেড উন্নীতকরণ, অবনমন ও সামঞ্জস্য বিধানের বিষয়েও সুপারিশ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, ভবিষ্যতে ঝুঁকিভাতা ও অন্যান্য ভাতা নতুন করে চালু করা, ভাতার হার হ্রাস বা বৃদ্ধি এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয় পর্যালোচনা করে সুপারিশ দেওয়ার দায়িত্বও কমিটিকে দেওয়া হয়েছে।

কমিটিকে সহায়তা প্রদান করবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিবরা। প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগও রাখে। কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৮ এম


মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা থেকে হেলিকপ্টারযোগে একদিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল ১০টার দিকে মোংলায় পৌঁছান।

এর আগে, সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশান এভিনিউয়ের নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেন। সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে মোংলার দিকে রওনা হন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এছাড়া, মোংলায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে বিনিয়োগ সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কর্মসূচি অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন– সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, বিএনপি’র বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম, প্রটোকল অফিসার কামরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর এডিসি স্কোয়াড্রন লিডার সৈয়দ নাজমুল হোসেন।

মোংলায় নির্ধারিত কর্মসূচি শেষে, প্রধানমন্ত্রী হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

এরপর, বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।

নির্ধারিত কর্মসূচি শেষে, সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%