ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাহরাইনে নিরাপত্তা হুমকির মধ্যে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান


বাহরাইনে নিরাপত্তা হুমকির মধ্যে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে একটি সতর্কতা জারি করেছে। একই সঙ্গে নাগরিক ও বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে নিকটস্থ নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

বুধবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় মন্ত্রণালয় এই সতর্কতা জারি করে। তবে, কী ধরনের হুমকি সৃষ্টি হয়েছে, তার উৎস কোথায়, এবং কোন কোন এলাকায় ঝুঁকি রয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জনসাধারণকে পরিস্থিতির সর্বশেষ তথ্য জানার জন্য সরকারি সূত্রগুলোর ওপর নির্ভর করতে এবং নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: আন্তর্জাতিক আদালতের বিচার পেয়ে দেশের পথে ফিরতে চায় রোহিঙ্গারা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক সংঘাতের প্রভাবে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে বাহরাইনের পক্ষ থেকে এই সতর্কতা জারি করা হলো।

এর আগে গত ১৫ নভেম্বর রোববারও একই ধরনের সতর্কতা জারি করেছিল বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সে সময় আকাশপথে হামলার খবরের পরিপ্রেক্ষিতে বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছিল।

বাহরাইন নিউজ এজেন্সির (বিএনএ) প্রকাশিত বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা বাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ইরানের বেশ কয়েকটি আকাশপথে চালানো হামলা প্রতিহত ও ধ্বংস করেছে।

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আকাশ প্রতিরক্ষা রাডার স্থাপনাকে লক্ষ্য করে ছয়টি ড্রোন হামলা চালানো হয়েছে। তবে, এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: সরকার বদল হলেও সিরিয়ায় থামছে না ইসরায়েলি আগ্রাসন, বাড়ছে দখলদারিত্ব

সূত্র: জিও নিউজ

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের মুরাদপুরে পুলিশের বক্সে আগুন দেওয়ার চেষ্টা, পুলিশ আগুন নিভিয়ে ফেলেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


চট্টগ্রামের মুরাদপুরে পুলিশের বক্সে আগুন দেওয়ার চেষ্টা, পুলিশ আগুন নিভিয়ে ফেলেছে

চট্টগ্রাম নগরের মুরাদপুরে একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, যা নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যদের দ্বারা সংঘটিত হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, রাত ১২টার সময় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মী এসে পুলিশ বক্সে আগুন লাগানোর চেষ্টা করেন। এই ঘটনার ফলে পুলিশ বক্সের সামনের কিছু অংশ পুড়ে যায়। তবে, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।

পাঁচলাইশ মডেল থানার ওসি মোজাম্মেল হক জানান, ‘রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা করেছেন। এতে বাইরের কাগজজাতীয় কিছু অংশ পুড়ে গেলেও ভেতরের অংশ অক্ষত রয়েছে। ঘটনার ঠিক কিছুক্ষণ আগে আমরা মুরাদপুর থেকে বহদ্দারহাটমুখী টহলে ছিলাম। এর মধ্যেই ওত পেতে থাকা সন্ত্রাসীরা আগুন দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হীরকজয়ন্তীতে সাবেক-বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখর চবির সবুজ ক্যাম্পাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


হীরকজয়ন্তীতে সাবেক-বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখর চবির সবুজ ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ১৮ নভেম্বর, ২০২৬ : প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে আজ দিনব্যাপী হীরকজয়ন্তী উদযাপন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সাবেক শিক্ষার্থীরা প্রিয় বিদ্যাপীঠে ফিরে এসেছেন। ক্যাম্পাসের সবুজ প্রাঙ্গণ সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, শিক্ষকদের সঙ্গে দেখা-সাক্ষাৎ, পুরোনো বন্ধু ও সহপাঠীদের স্মৃতিরোমন্থন এবং আড্ডায় মুখর হয়ে উঠেছে।

সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে হীরকজয়ন্তীর কর্মসূচি শুরু হয়। এরপর শহীদ মিনার চত্বর থেকে অগ্রণী ব্যাংক মোড় ও নিরাপত্তা স্তম্ভ মোড় হয়ে কেন্দ্রীয় খেলার মাঠ পর্যন্ত আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রা শেষে ছয় দশক পূর্তির কেক কাটা হয়। আলোচনা সভা, স্মৃতিচারণ এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন হীরকজয়ন্তী উদযাপনকে ঘিরে বিশেষ পরিবহনব্যবস্থার আয়োজন করেছে। নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নগরের বিভিন্ন স্থান থেকে ৫০টি বাস, বিশেষ শাটল ট্রেন এবং ক্যাম্পাসের অভ্যন্তরে চলাচলের জন্য ই-কারের ব্যবস্থা রাখা হয়েছে।

১৯৬৬ সালের ১৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠাকালে কলা অনুষদের অধীনে বাংলা, ইংরেজি, ইতিহাস ও অর্থনীতি—এই চারটি বিভাগে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়।

শিক্ষার্থী সংখ্যা ছিল মাত্র ২০০ জন, শিক্ষক ছিলেন সাতজন। সীমিত অবকাঠামো ও জনবল নিয়ে শুরু হওয়া বিশ্ববিদ্যালয়টি আজ ছয় দশকের পথ পেরিয়ে বহুমাত্রিক শিক্ষা ও গবেষণার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

পাহাড়, টিলা আর সবুজে ঘেরা ২ হাজার ৩১২ একরের ক্যাম্পাসে বিস্তৃত হয়েছে শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চার পরিসর। সময়ের সঙ্গে বেড়েছে বিভাগ, অনুষদ, ইনস্টিটিউট, শিক্ষক-শিক্ষার্থী এবং গবেষণার সুযোগ।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিসরও সেই অগ্রগতির সাক্ষ্য বহন করছে। হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের পাহাড়ি এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাসের আয়তন ২ হাজার ৩১২ দশমিক ৩২ একর। নগর থেকে প্রায় ২২ কিলোমিটার উত্তরে অবস্থিত এই ক্যাম্পাস দেশের অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হিসেবে পরিচিত।

বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক প্রশাসনিক তথ্য অনুযায়ী, বর্তমানে এখানে ৪৮টি বিভাগ, ছয়টি ইনস্টিটিউট ও পাঁচটি গবেষণা কেন্দ্র রয়েছে। শিক্ষার্থীদের পাঠদান ও গবেষণার জন্য রয়েছে ৯টি অনুষদ। এসব বিভাগ ও ইনস্টিটিউটে প্রায় সাড়ে ২৬ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তাদের পাঠদান ও গবেষণা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন প্রায় ১ হাজার শিক্ষক। এছাড়া শিক্ষার্থীদের আবাসনের জন্য রয়েছে ১৪টি আবাসিক হল ও একটি হোস্টেল।

হীরকজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থান সাজানো হয়েছে বর্ণিল সাজে। আলোকসজ্জা, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো ক্যাম্পাসে। কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজন করা হয়েছে মূল অনুষ্ঠানমালার। এতে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে সৃষ্টি হয়েছে এক বৃহৎ মিলনমেলার।

ছয় দশকের এই পথচলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেবল একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই নয়, বরং দেশের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিজের অবস্থান তৈরি করেছে।

এ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা শিক্ষা, প্রশাসন, বিচার বিভাগ, চিকিৎসা, সাংবাদিকতা, সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন। তাদের অনেকেই আজ ফিরে এসেছেন স্মৃতির টানে, প্রিয় ক্যাম্পাসের সঙ্গে ছয় দশকের সম্পর্ক উদযাপন করতে।

তাদের মধ্যে একজন চাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘এই ক্যাম্পাস আমাদের নানা স্মৃতির সাক্ষ্য বহন করছে। তাই তো, সুযোগ পেলেই বারবার ফিরে আসি এই সবুজ ক্যাম্পাসে।’

চবির ২৮তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ বিন মিজানুর কায়েস বাসসকে বলেন, আসলে এই ক্যাম্পাসে আমার অনেক স্মৃতি। আমরা আমাদের সেই শাটল ট্রেন, ঝুপড়ির আড্ডাগুলো অনেক মিস করছি। সেজন্য আমরা বন্ধুরা মিলে গতকালই ক্যাম্পাসে চলে এসেছি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যাশা, হীরকজয়ন্তীর আয়োজন শুধু প্রতিষ্ঠার ছয় দশক পূর্তির আনুষ্ঠানিক উদযাপনেই সীমাবদ্ধ থাকবে না, বরং সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে নতুন সেতুবন্ধ তৈরি করবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য, অর্জন ও ভবিষ্যৎ সম্ভাবনাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে।

এ বিষয়ে চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘চবির হীরকজয়ন্তী উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজনের উদ্যোগ নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের এক বিশাল মিলনমেলা ঘটেছে আজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর বাজারে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি, ক্রেতারা স্বস্তিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


রাজশাহীর বাজারে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি, ক্রেতারা স্বস্তিতে

রাজশাহী, ১৮ নভেম্বর, ২০২৬ : শীতকালীন সবজির সরবরাহ রাজশাহীর বাজারগুলোতে বৃদ্ধি পেতে শুরু করেছে শীতের আগমনের সাথে সাথে।

উৎপাদন ও সরবরাহের বৃদ্ধি ঘটায় অধিকাংশ সবজির দাম ক্রেতাদের জন্য সাশ্রয়ী হয়ে উঠেছে। এর ফলে নিম্ন আয়ের জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ক্রেতারা প্রয়োজন অনুযায়ী সবজি কিনতে সক্ষম হচ্ছেন।

তথ্য অনুসন্ধান করে জানা গেছে, নভেম্বরের শুরু থেকেই নিত্যপ্রয়োজনীয় সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে। আলু, বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, মুলা, লালশাক, পালংশাক, শিম, শালগম, ফুলকপি, মটরশুঁটি, গাজর, ধনিয়াপাতা ও ব্রকলিসহ বিভিন্ন সবজি এখন তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে।

রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর, সাহেববাজার, কোর্ট স্টেশন বাজার, হড়গ্রাম, নওদাপাড়া, উপশহর, নিউমার্কেট, তালাইমারী, বিনোদপুর, খড়খড়ি, শালবাগান, বউবাজার, তেরখাদিয়া ও মালদা কলোনিসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বেগুন ৮০ টাকা, আলু ২০ টাকা, ফুলকপি ২০ টাকা, লাউ ২৫ থেকে ৩০ টাকা, মুলা ২০ থেকে ৩০ টাকা, লালশাক ২০ থেকে ২৫ টাকা, বাঁধাকপি ২০ থেকে ২৫ টাকা, পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা, টমেটো ৭০ থেকে ৮০ টাকা, পেঁয়াজের ফুলকা ২০ থেকে ৩০ টাকা, মিষ্টিকুমড়া ৫০ টাকা, করলা ৬০ থেকে ৭০ টাকা এবং শিম ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্রকলি প্রতিটি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বর্তমানে বাজারে শিম, করলা ও বেগুনের দাম কিছুটা বেশি থাকলেও অন্যান্য অধিকাংশ সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে।

নগরের লক্ষ্মীপুর বাজারে সবজি কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, গত মাসেও এসব সবজির দাম বেশি ছিল। নভেম্বরের শুরু থেকে ধীরে ধীরে দাম কমতে শুরু করে। চলতি সপ্তাহে সবজির দাম আরও কমেছে। শীতকালে সবজির উৎপাদন বেশি হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে এবং সবজির দাম কমেছে।

সবজি কিনতে আসা সুমাইয়া নামের এক নারী ক্রেতা বলেন, এখন প্রায় সব ধরনের সবজির দাম কম। প্রয়োজন অনুযায়ী কেনা যাচ্ছে। কিছুদিন আগেও সবজির দাম অনেক বেশি ছিল।

রবিন নামের আরেক ক্রেতা বলেন, সবজির দাম কমায় এখন প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করতে পারছেন। তবে গত বছরের মতো যাতে আবার দাম বেড়ে না যায়, সেজন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর বাজার মনিটরিং জোরদার করা প্রয়োজন।

খুচরা বাজারের ব্যবসায়ী সেলিম বলেন, এখন বাজারে প্রচুর পরিমাণে সবজি আসছে। পাইকারি বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কমেছে। আগামীতে দাম আরও কমবে। যত সরবরাহ বাড়বে দাম তত কমবে।

আরেক ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, সবজির দাম কমেছে, আরও কমবে। কয়েকটি সবজির দাম এখনো কিছুটা বেশি রয়েছে। এসব সবজির সরবরাহ বাড়লে দামও কমে আসবে। বর্তমানে বাজারে বেচাকেনাও ভালো হচ্ছে। তাই লাভও বেশি হচ্ছে।

শুধু মহানগরীর বাজারেই নয়, রাজশাহীর গ্রামাঞ্চলের হাট-বাজারেও সবজিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমেছে। গ্রামাঞ্চলে পর্যাপ্ত পরিমাণে সবজি চাষাবাদ হওয়ায় স্থানীয় বাসিন্দারা তুলনামূলক কম দামে এসব সবজি কিনতে পারছেন।

রাজশাহী মহানগর পাইকারি কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাসসকে বলেন, মাঠ থেকে প্রচুর পরিমাণে সবজি বাজারে আসছে।

উৎপাদন ভালো হওয়ায় সরবরাহ বেড়েছে। ফলে পাইকারি বাজারে কম দামে সবজি কেনা যাচ্ছে। আগামীতে দাম আরও কমতে পারে।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মিতা সরকার বাসসকে বলেন, এবার জেলায় প্রচুর পরিমাণে সবজি চাষাবাদ হয়েছে এবং উৎপাদনও বেড়েছে। বর্তমানে বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। আগামীতে সরবরাহ আরও বাড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, ক্ষয়ক্ষতি নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, ক্ষয়ক্ষতি নেই

গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে, যেখানে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস, জোনাল অডিট অফিস এবং বিভাগীয় হেড অফিস লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। উল্লেখ্য, ভবনটিতে একসঙ্গে গ্রামীণ ব্যাংকের তিনটি অফিস অবস্থিত। তবে পুলিশ জানিয়েছে, পেট্রোল বোমায় কোন ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেলমেট পরিহিত দুই যুবক এসে গ্রামীণ ব্যাংকের অফিসগুলো লক্ষ্য করে পেট্রল বোমা ছুড়ে মারছেন। এ সময় সেখানে উপস্থিত অন্তত আরও দুজন ভিডিও ধারণ করছেন এবং ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছেন। পরপর তিনটি পেট্রল বোমা ছুড়ে মারার ফলে অফিসের বারান্দায় আগুন ধরে যায়। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।

শাহ মখদুম থানার ওসি আকবর আলী জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে তেমন ক্ষতি হয়নি বলেই কোন মামলা হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%