ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সরকার বদল হলেও সিরিয়ায় থামছে না ইসরায়েলি আগ্রাসন, বাড়ছে দখলদারিত্ব


সরকার বদল হলেও সিরিয়ায় থামছে না ইসরায়েলি আগ্রাসন, বাড়ছে দখলদারিত্ব

বিশ্লেষক ও বিশেষজ্ঞরা মনে করছেন, ইসরায়েলের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সমীকরণ যেভাবেই গড়াক, দক্ষিণ সিরিয়ার বিস্তীর্ণ অংশে দেশটির সামরিক দখলদারিত্ব অব্যাহত থাকবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বিরোধী দলের শীর্ষ নেতা গাদি আইজেনকোটের মধ্যে নতুন সরকার গঠনের তোড়জোড় চলার সময় সিরিয়ার কুনেইত্রা ও দারা প্রদেশে ইসরায়েলি অনুপ্রবেশ ও অভিযান আরও তীব্র হয়েছে।

২০১৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে দক্ষিণ সিরিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান, বিশেষ করে জাবাল আল-শেখ (মাউন্ট হারমন) দখল করে রেখেছে ইসরায়েল। সার্বভৌমত্বের ওপর এই ক্রমাগত আঘাত দামেস্কে প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন নতুন সরকারের ওপর প্রবল চাপ সৃষ্টি করছে। ইসরায়েলকে থামানোর চেষ্টা করলেও আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করে সিরিয়া এখনো কোনো সুফল পায়নি।

দামেস্কভিত্তিক আরব সেন্টার ফর কনটেম্পোরারি সিরিয়ান স্টাডিজের নিরাপত্তা ও সামরিক বিষয়ক গবেষক নাভার সাবান জানিয়েছেন, যেকোনো সমঝোতার আগে ইসরায়েল তার সামরিক উপস্থিতিকে একটি প্রতিষ্ঠিত বাস্তবতায় রূপ দিতে চায়। তারা বারবার অনুপ্রবেশ, তল্লাশিচৌকি স্থাপন ও অবকাঠামো নির্মাণের মাধ্যমে দর-কষাকষির ক্ষমতা বাড়িয়ে চলেছে।

আরও পড়ুন: অস্ত্র সংকটে মেয়াদোত্তীর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন নৌবাহিনী: ওয়াল স্ট্রিট জার্নাল

সামরিক অভিযান, হত্যা ও গুমের আতঙ্ক

ইসরায়েলি দখলদারিত্বের নিকটবর্তী বসবাসকারী সিরীয় নাগরিকরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের (এসএনএইচআর) তথ্যমতে, ২০২৪ সাল থেকে দক্ষিণ সিরিয়ার গ্রাম ও জনপদে ইসরায়েলি বিমান ও গোলন্দাজ হামলায় অন্তত ৬৯ জন নিহত হয়েছেন এবং আটক হওয়া ৩৫ জন সিরীয় নাগরিকের ভাগ্য এখনো অজানা।

গত মঙ্গলবার দারা প্রদেশে ইসরায়েলি অভিযানের একটি ভিডিও প্রকাশিত হয়, যেখানে দেখা যায় গুলিতে ঝাঁঝরা জানালা, আগুনে পোড়া দেয়াল ও তছনছ করা ঘরবাড়ি। স্থানীয়রা অভিযোগ করেছেন, ইসরায়েলি সেনারা নিয়মিত বাড়িতে হানা দিয়ে বাসিন্দাদের ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু সিরীয় কর্তৃপক্ষ তা ঠেকাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে।

আরব রিফর্ম ইনিশিয়েটিভের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ সিরিয়ায় ইসরায়েল ৬৭৮টি স্থল অনুপ্রবেশ ও ১৬৮টি অভিযান চালিয়েছে। শুধুমাত্র সেপ্টেম্বর মাসে ১১৩টি অনুপ্রবেশ, ২৭টি অভিযান ও ২৪টি গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে দক্ষিণ সিরিয়ার অনেক এলাকায় সরকারি কর্মকর্তারা কাজ করতে পারছেন না এবং কার্যত অঞ্চলগুলো ইসরায়েলি নিয়ন্ত্রণে চলে গেছে। আটককৃতরা কারাগারে ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতনের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।

আরও পড়ুন: আসামে তিনবার বাস্তুচ্যুত মানিক আলী: বগীনদী মুসলিম ক্যাম্পের মসজিদ ধ্বংসের সাক্ষী

দামেস্কভিত্তিক সংস্থা ইতানা সিরিয়ার গবেষণা পরিচালক ইসাম আল-রিস মনে করেন, সুয়াইদা সংকট বা এসডিএফের একীভূতকরণের চেয়ে বর্তমানে আল-শারা সরকারের জন্য সবচেয়ে বড় বাহ্যিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের এই আগ্রাসন।

নতুন সরকার এলেও নীতির পরিবর্তন সামান্যই

গত মাসের নির্বাচনের পর গত মঙ্গলবার ইসরায়েলের পার্লামেন্ট স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মাতান কাহানা, যা নেতানিয়াহুর ক্ষমতায় ফেরার পথে বড় ধাক্কা। নতুন সরকার গঠনের জন্য আমন্ত্রণ পেয়েছেন ইয়াশার পার্টির নেতা আইজেনকোট। তবে বিশ্লেষকদের মতে, আইজেনকোট সরকার গঠন করলেও সিরিয়া বিষয়ে ইসরায়েলের নীতিতে কোনো মৌলিক পরিবর্তন আসবে না।

গবেষক নাভার সাবানের মতে, নতুন সরকার কূটনৈতিক কৌশল বদলাতে পারে, কিন্তু ইসরায়েল কখনোই তার তথাকথিত নিরাপত্তার দাবি ছাড়বে না বা স্বয়ংক্রিয়ভাবে সেনা প্রত্যাহার করবে না। সাবেক সিরীয় সেনা কর্মকর্তা ইসাম আল-রিসও একমত যে, দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের সিদ্ধান্তগুলো রাজনৈতিক নয়, বরং সামরিক দৃষ্টিভঙ্গি থেকে নেওয়া হয়।

আরও পড়ুন: দিলীপ ঘোষের হুঁশিয়ারি, পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ ও গুজরাট বানানোর ঘোষণা

এদিকে দক্ষিণ সিরিয়ায় দায়িত্ব পালন করা খোদ ইসরায়েলি সেনাদের একাংশও সরকারের এই ‘নিরাপত্তা হুমকির’ দাবিকে স্রেফ একটি ‘ধোঁকাবাজি’ বলে অভিহিত করেছেন। সুনির্দিষ্ট নীতিমালা ছাড়াই সেনারা রাতের আঁধারে পরিবারগুলোকে ঘুম থেকে তুলে জিজ্ঞাসাবাদ করছে এবং বেসামরিক নাগরিক ও গবাদিপশুর ওপর গুলি চালাচ্ছে।

অস্তিত্বহীন প্রতিরোধের অজুহাত

আসাদ সরকারের পতনের পর সিরিয়া থেকে ইরান-সমর্থিত মিলিশিয়ারা সরে গেলেও ইসরায়েল এখনো ইরানবিরোধী গোষ্ঠী, আইএস বা লেবাননের মুসলিম ব্রাদারহুডের উপস্থিতির অজুহাত দেখাচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে, দারা ও কুনেইত্রার বাসিন্দারা মূলত কৃষক এবং আত্মরক্ষার্থে বা ঐতিহ্যগত কারণে তাদের কাছে অস্ত্র থাকলেও সেখানে কোনো সংগঠিত প্রতিরোধ নেটওয়ার্ক নেই। মূলত স্থানীয় বা সরকারি বাধা ছাড়াই অবাধে সামরিক তৎপরতা চালানোর ক্ষেত্র তৈরি করতেই ইসরায়েল সিরিয়ার ভূখণ্ড ছাড়তে চাইছে না। সূত্র: আল জাজিরা।

আরও পড়ুন: গাজায় বড় ধরনের অভিযান শুরু ইসরাইলের, প্রাণভয়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর আগমণের অপেক্ষায় তিস্তাপাড়ের মানুষ, একটাই প্রত্যাশা-তিস্তা মহাপরিকল্পনায় তার অবস্থান পরিস্কার করবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


প্রধানমন্ত্রীর আগমণের অপেক্ষায় তিস্তাপাড়ের মানুষ, একটাই প্রত্যাশা-তিস্তা মহাপরিকল্পনায় তার অবস্থান পরিস্কার করবেন

১৮ নভেম্বর বৃহস্পতিবার লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনের প্রেক্ষিতে গোটা লালমনিরহাটে সাজ সাজ রব সৃষ্টি হয়েছে। সকল রাস্তা-ঘাট, সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠান পরিষ্কার করা হয়েছে। তিস্তা পাড়েও সাজ সাজ রব লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বুকে নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিস্তাপাড়ের মানুষ। সবার একটাই প্রত্যাশা, আর কোন আশা নয়, নয় কোন প্রতিশ্রুতি, প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আজ তার সরকারের অবস্থান পরিষ্কার করবেন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হলেই তিনি এ অঞ্চলের কোটি মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবেন। তার হাত দিয়েই এ অঞ্চলের কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন শুরু হবে। ইতিমধ্যেই তারা শুনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ লালমনিরহাটে এসে তিস্তা মহাপরিকল্পনার কাজের উদ্বোধন করবেন। সে উদ্বোধন দেখার জন্য চরাঞ্চলের মানুষ মুখিয়ে আছেন। আশায় বুক বেঁধে আছেন প্রিয় নেতার মুখ থেকে আর আশার বাণী নয়, তিস্তা নিয়ে সত্যিকারের তার ও তার সরকারের অবস্থান সম্পর্কে জানার জন্য।

তিস্তা নদীর বিভিন্ন স্থান ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বোঝা গেল, তারা চীনের অর্থায়নে তিস্তা মহাপ্রকল্প শুরুর জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। সব শ্রেণিপেশার মানুষের এক বক্তব্য, উত্তরের কোটি মানুষের দুঃখ তিস্তা নদী। চরাঞ্চল ও নদীপাড়ের কোটি মানুষকে বাঁচাতে হলে তিস্তা খনন করতে হবে। নদী খনন করে নদীপাড়ের মানুষের দুঃখ-দর্দশার স্থায়ী সমাধান করতে হবে। নদী খনন করা হলে সে দুঃখ ঘুচবে। বিগত দিনে আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের দাবিতে আন্দোলন, লংমার্চ, মানববন্ধনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন তিস্তাপাড়ের আপামর মানুষ।

অডিওতে তারেক রহমানের ভাষণ মাইকে প্রচার করা হয়েছে। নদী খননের দাবিতে আয়োজিত বিএনপির সমাবেশ সফল করতে চরের মধ্যে খোলা আকাশের নিচে কিভাবে রাত কাটিয়েছেন সে বর্ণনা দিয়েছেন অনেকেই। তাদের মতে, তিনটি লালমনিরহাটের আসনই পেয়েছে বিএনপি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে। বিএনপির প্রার্থীরাও প্রতিটি নির্বাচনী সমাবেশে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে চীনের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে। হোয়াংহোকে খনন করে যেমন চীনের আশীর্বাদ করা হয়েছে; তেমনি তিস্তা খনন করে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন করা হবে। নদী খনন হবে, নদীর দুই পাড়ে স্যাটেলাইট শহর গড়ে তোলা হবে। লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে এবং নদীভাঙন রোধ হবে।

তারেক রহমান নিজেও ঢাকা থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে তিস্তাপাড়ের লাখো মানুষের সমাবেশে চীনের অর্থায়নে তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। যার জন্য জামায়াতের ‘জান্নাতের টিকিট’ তোয়াক্কা না করে লালমনিরহাটের মানুষ ধানের শীষে ভোট দিয়ে জেলার তিনটি আসনই তারেক রহমানকে উপহার দিয়েছেন। অথচ ক্ষমতায় আসার ৯ মাস পরেও সরকার তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু করছে না। তারা জানান, শুনেছি প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটে এসে তিস্তা মহাপরিকল্পনার কাজের উদ্বোধন করবেন। সে উদ্বোধন দেখার জন্য আমরা অপেক্ষায় আছি।

কাউনিয়া রেলব্রিজের একশ’ মিটার দক্ষিণে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের দাবিতে লাখো মানুষের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। এছাড়া এই মহাপ্রকল্প বাস্তবায়নের দাবিতে হাজার হাজার মানুষ দফায় দফায় মানববন্ধন ও সমাবেশ করেছে। এমনকি নীলফামারী থেকে শুরু করে গাইবান্ধার ফুলছড়ি পর্যন্ত তিস্তাপাড়ে প্রায় ১১০ কিলোমিটার একশ’ স্পটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ইতিপূর্বে চীনের বিশেষজ্ঞ টিম কয়েক দফায় তিস্তা পরিদর্শন করে সম্ভাব্যতা যাচাই করেছেন। তারা সরকারের গ্রিন সিগন্যাল পেলেই প্রকল্পের কাজ শুরু করবেন বলে পরিদর্শনকালে জানিয়ে গেছেন। অর্ন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানসহ কয়েকজন সাবেক উপদেষ্টা কাউনিয়া ও তিস্তা স্টেশনের পাশে একাধিকবার গণশুনানি করেছেন। প্রকল্পের কাজ কয়েক মাসের মধ্যেই শুরু হবে মর্মে প্রতিশ্রুতি দিয়ে গেছেন। আমরা চাই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দ্রুত হোক।

চরাঞ্চলে ক্ষেতে কাজ করা কয়েকজন কৃষকের সাথে কথা বললে তারা জানান, নদীতে পানি না থাকায় জেলেদের অনেকেই পেশা ছেড়েছেন, এলাকাও ছেড়েছেন অনেকেই। রিকশা চালাতে ঢাকা, চিটাগাং গেছেন। কেউ কেউ পেশা বদল করে শহরে পান-সিগারেটের দোকান, কেউ চায়ের দোকানে কাজ নিয়েছেন। অনেকেই কর্ম হারিয়ে বেকার হয়ে আছেন। নদী খনন করা হলে মানুষকে আর বাইরে যেতে হবে না। তিস্তাপাড়ের মানুষের প্রত্যাশা নদীপাড়ের মানুষের দুঃখ-দুর্দশা ঘোচানোর লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তার দু’পাড়ে বনায়ন, সৌরবিদ্যুৎ, আধুনিক সেচ সুবিধাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হবে। বিভিন্ন স্থানে স্যাটেলাইট শহর, নৌ-বন্দর গড়ে উঠবে। দু’পাড়ের জমি হবে চিরস্থায়ী আবাদি ও বাসযোগ্য। নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হবে। বন্যায় নদীর পাড় ভেঙে জমি আর বিলীন হবে না। ডুবে যাবে না ফসল ও ঘরবাড়ি। নদীতে নৌকা চলবে ১২ মাস, জেলেরা মাছ ধরবে সারা বছর।

উত্তরবঙ্গের কৃষিপণ্য দেশ-বিদেশে যাবে নদীপথে। এতে তিস্তাপাড়ের মানুষের জীবন-জীবিকা হবে উন্নত এবং রক্ষা পাবে জীববৈচিত্র্য। তিস্তাপাড়ের মানুষ চায় বর্তমান জনতার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত দিয়েই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক। হোক উত্তরের কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন।

পরিবেশবিদরাও চান তিস্তা প্রকল্পের কাজ দ্রুত শুরু করা হোক। কাজ শুরু না হলে তিস্তা মহাপ্রকল্প নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলতেই থাকবে।

তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি, পরিবেশবিদ ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী জানান, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, নদীভাঙন রোধ এবং বহুকাক্সিক্ষত ‘তিস্তা মহাপরিকল্পনা’ দ্রুত বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন ধরে তিনি এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন। ২০২০ সালে ঘোষিত চীনের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের দাবিতে কয়েক দফায় নদীপাড়ে সমাবেশ, মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। একদিন ৬০টি স্পটে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। লাখ লাখ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নিয়েছে। সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন ইস্যু নিয়ে গণশুনানি করেছেন সেখানে যেমন অংশ নিয়েছেন; তেমনি বিএনপির নেতা আসাদুল হাবিব দুলু তার কর্মসূচির আগে তার পরামর্শ নিয়েছেন। বললেন, তিনি খুবই আশাবাদী বিএনপি ক্ষমতায় এসে তিস্তাপাড়ের দুই কোটি মানুষের দুঃখ-দুর্দশা ঘোচাতে চীনের অর্থায়নে মহাপ্রকল্পের কাজ দ্রুত শুরু করবেন। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই এই মহাপ্রকল্পের বাস্তবায়নের কাজ শুরু হবে। কোটি মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে।

‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’-এর সদস্য সচিব শফিয়ার রহমান বলেন, তিস্তা নদীভাঙনে প্রতি বছর উত্তরবঙ্গের মানুষের যে বিশাল ক্ষতি ও জলবায়ু শরণার্থী সংকট তৈরি হচ্ছে, তা তুলে ধরে আমরা চীনের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তায়নের দাবিতে সোচ্চার ভূমিকা পালন করছি। তিস্তা নদীর অববাহিকা লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা পড়েছে। তিস্তা মহাপরিকল্পনায় প্রায় ১১০ কিলোমিটার নদী খনন করে নদীর গভীরতা প্রায় ১০ মিটার বাড়ানো এবং নাব্যতা ফিরিয়ে আনার প্রস্তাব রয়েছে। নদীশাসনে ২২৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ (যার ওপর দিয়ে সড়ক চলাচল করবে) নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে উত্তরাঞ্চলের প্রায় ৬৭টি নদীভাঙন রোধক কাঠামো নির্মাণ বা সংস্কার হবে; নদীশাসন ও সংস্কারের মাধ্যমে প্রায় ১৭০ বর্গকিলোমিটার চরভূমি ও জমি পুনরুদ্ধার করা হবে।

উত্তরাঞ্চলের প্রায় ৫ লাখ ৪০ হাজার থেকে ৭.৫ লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা সম্প্রসারণ হবে। বিএনপি সরকার যে খাল খনন প্রক্রিয়া শুরু করেছে; তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের ২২টি নদীকে খাল হিসেবে ব্যবহার করা যাবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণার দাবি

এদিকে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আর কোনো আশ্বাস নয়, এবার সুনির্দিষ্ট সিদ্ধান্ত ও কার্যকর উদ্যোগ দেখতে চায় তিস্তাপাড়ের মানুষ। লালমনিরহাটে প্রধানমন্ত্রীর গণসমাবেশ থেকে তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত অনুমোদন, অর্থায়নের নিশ্চয়তা এবং সময়বদ্ধ বাস্তবায়ন রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রংপুর নগরীর ইসলামবাগে স্কাইলন হোটেল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম হক্কানী এ দাবি জানান।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ছয় দফা দাবি তুলে ধরে লিখিত বক্তব্যে নজরুল ইসলাম হক্কানী বলেন, ২০১৫ সাল থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলন করে আসছে সংগঠনটি। ২০২৫ সালে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা অববাহিকার পাঁচ জেলার মানুষের অংশগ্রহণে যে অভূতপূর্ব গণআন্দোলন গড়ে উঠেছিল, তা ছিল নদী ও জনপদ রক্ষায় উত্তরাঞ্চলের মানুষের ঐক্যবদ্ধ আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। ওই আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদও ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে সেই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেছিলেন।

তিনি আরও বলেন, বিগত অর্ন্তবর্তীকালীন সরকারের পানিসম্পদ উপদেষ্টা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে প্রয়োজনীয় রাজনৈতিক সিদ্ধান্ত ও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দীর্ঘদিনের প্রত্যাশিত প্রকল্পটি বাস্তবায়নের পরিবর্তে অনিশ্চয়তায় পড়ে থাকে। তখনই সংগ্রাম পরিষদ থেকে বলা হয়েছিল, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের আন্তরিকতা ও রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এ মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান বলেন, তিস্তা কোনো নির্দিষ্ট অঞ্চলের বিচ্ছিন্ন সমস্যা নয়। এটি জাতীয় উন্নতি, টাকা ব্যয়ন, খাদ্যনিরাপত্তা, কৃষি, পরিবেশ ও মানুষের জীবন-জীবিকার প্রশ্ন। পদ্মা ব্যারেজ প্রকল্প ৩৫ হাজার কোটি বাস্তবায়নে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হলে তিস্তার ক্ষেত্রে বিলম্ব কেন—এ প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে।

শফিয়ার রহমান বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীভাঙন ও বন্যার দুর্ভোগ কমবে, কৃষিতে সেচের সুযোগ বাড়বে, শাখা নদীগুলো প্রাণ ফিরে পাবে এবং উত্তরাঞ্চলের অর্থনৈতিক বিকাশের নতুন সম্ভাবনা তৈরি হবে। তাই ১৯ নভেম্বরের গণসমাবেশ থেকে প্রধানমন্ত্রীর কাছে তাদের প্রত্যাশা—তিনি যেন শুধু আশ্বাস নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত ঘোষণা করেন।

এ সময় দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—তিস্তা মহাপরিকল্পনা দ্রুত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন এবং প্রকল্পের ব্যয়, পর্যায়ভিত্তিক কর্মপরিকল্পনা ও ২০২৭ সালে প্রথম পর্যায়ের কাজ শুরুর সুনির্দিষ্ট তারিখ ঘোষণা। জাতীয় বাজেট ও বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) পৃথক বরাদ্দসহ নিজস্ব অর্থায়নে পর্যায়ক্রমে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ। নদী বিশেষজ্ঞ, প্রকৌশলী, কৃষিবিদ, পরিবেশবিদ ও আন্দোলনরত সংগঠনগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে দক্ষ, কার্যকর ও জবাবদিহিমূলক তিস্তা কর্তৃপক্ষ গঠন এবং যোগ্য প্রকল্প পরিচালক নিয়োগ।

বৈজ্ঞানিক জরিপের ভিত্তিতে বালু-পাথর ব্যবস্থাপনা, নদী খনন, ভাঙন প্রতিরোধ এবং বিচ্ছিন্ন শাখা নদী ও উপনদীগুলোর পুনর্জীবন নিশ্চিত করা। সরকারি তত্ত্বাবধানে প্রবাসী বাংলাদেশি, দেশীয় বিনিয়োগকারী ও সাধারণ মানুষের অংশগ্রহণে ‘তিস্তা বন্ড’ চালু করে প্রকল্পের অর্থায়নে বিকল্প উৎস সৃষ্টি। কৃষক ও ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার: প্রকল্পের মাধ্যমে উদ্ধারকৃত জমিতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ভূমিহীন কৃষকদের অগ্রাধিকার, পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করা এবং কৃষক সমবায়ের মাধ্যমে আধুনিক কৃষি, সংরক্ষণ ও বাজারব্যবস্থা গড়ে তোলা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনে ২৯ প্রার্থীর মনোনয়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনে ২৯ প্রার্থীর মনোনয়ন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২০২৬-২০২৮ মেয়াদের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের জন্য ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (২৮ নভেম্বর) সোসাইটির জাতীয় সদর দপ্তরে নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা তাদের নিজ নিজ পদের বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেন।

এর আগে মঙ্গলবার ৩৩ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। মনোনয়নপত্র দাখিলের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে।

সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালামের নেতৃত্বে সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচনী কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নির্বাচন তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ করা হবে এবং ২১ নভেম্বর আপিল শুনানি ও নিষ্পত্তি সম্পন্ন হবে।

এছাড়া ২২ নভেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২৩ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের পর নির্বাচন কমিশন চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করবে।

আগামী ২৫ নভেম্বর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোট গ্রহণ শেষে একই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে বিএনপির ৭টি বিশেষ টিম মাঠে কাজ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


সিলেটে বিএনপির ৭টি বিশেষ টিম মাঠে কাজ শুরু

সিলেট নগরীর জননিরাপত্তা, সার্বিক শান্তি-শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে মহানগর বিএনপি ৪২টি ওয়ার্ডকে সাতটি গ্রুপে বিভক্ত করে বিশেষ টিম গঠন করেছে।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত পৃথক সাংগঠনিক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব টিমের ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার থেকেই টিমের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন। তারা নিজ নিজ এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ, জনসচেতনতা সৃষ্টি এবং সাধারণ মানুষের পাশে থেকে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও দলীয় সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটি টিমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেইন চৌধুরী।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন জানিয়েছেন, সংশ্লিষ্ট এলাকার মহানগর বিএনপির সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবরা এসব টিমে যুক্ত রয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির শীর্ষ নেতারাও দায়িত্ব পালন করছেন।

সাতটি গ্রুপের মধ্যে ‘গ্রুপ-এ’-তে ১ থেকে ৭ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে। এই গ্রুপের আওতায় রয়েছে—চৌহাট্টা, দরগাগেট, রিকাবীবাজার, মীরের ময়দান, সুবিদবাজার, দর্শন দেউড়ী, আম্বরখানা, ইলেকট্রিক সাপ্লাই, শাহী ঈদগাহ, চৌকিদেখী, মজুমদারী ও লিচুবাগান।

‘গ্রুপ-বি’-তে ৮, ৯, ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ড রাখা হয়েছে। এর আওতাভুক্ত এলাকা—পাঠানটুলা, মদিনা মার্কেট, বাগবাড়ী, বর্ণমালা, পনিটুলা, আখালিয়া, নয়াবাজার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা, ডরিয়া, গোয়াবাড়ী, নতুনবাজার, বিজিবি এলাকা, তেমুখী, কুমারগাঁও, নাজিরগাঁও, নয়া খুরুমখলা, মইয়ারচর ও নোয়াপাড়া।

‘গ্রুপ-সি’-তে ১০ থেকে ১৫ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে। এ গ্রুপের এলাকা হলো—ঘাসিটুলা, শামীমাবাদ, কানিশাইল, বেতরবাজার, নবাব রোড, ভাতালিয়া, রিকাবীবাজার, কাজলশাহ, মধুশহীদ, কুয়ারপাড়, শেখঘাট, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তোপখানা, মাছুদিঘীরপাড়, দাঁড়িয়াপাড়া, বন্দরবাজার, জিন্দাবাজার, ছড়ারপার, ধোপাদিঘীরপাড়, জল্লারপাড়, কালীঘাট, তালতলা, সুবহানীঘাট, বারুতখানা, চালিবন্দর, জেল রোড, যতরপুর ও নাইওরপুল।

‘গ্রুপ-ডি’-তে ১৬ থেকে ২১ এবং ৩৬ নম্বর ওয়ার্ড রাখা হয়েছে। এর আওতাভুক্ত এলাকা—নয়াসড়ক, কুমারপাড়া, কাজীটুলা, মিরাবাজার, সবুজবাগ, শাহী ঈদগাহ, টিবি গেট, রায়নগর, টিলাগড়, শাপলাবাগ, শিবগঞ্জ, উত্তর বালুচর, আল ইসলাহ, নয়াবাজার ও কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা।

‘গ্রুপ-ই’-তে ২২ থেকে ২৪ এবং ৩১ থেকে ৩৫ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আওতায় রয়েছে—শিবগঞ্জ, টিলাগড়, মেজরটিলা, মেন্দিবাগ, শাহপরান গেট, শাহজালাল উপশহর, কুশিঘাট, মুরাদপুর, পূর্ব শাপলাবাগ, টুলটিকর আবাসিক এলাকা, খাদিমপাড়া, উপশহর আবাসিক এলাকা, বহর কলোনি ও বাহুবল আবাসিক এলাকা।

‘গ্রুপ-এফ’-এ ২৫, ২৬, ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ড রাখা হয়েছে। এ গ্রুপের এলাকা হলো—হুমায়ুন রশিদ চত্বর, কায়েস্থরাইল, বারখলা, মোমিনখলা, ভার্থখলা, চাঁদনীঘাট, চণ্ডীপুল, ঝালোপাড়া, কদমতলী, সাধুরবাজার, বরইকান্দি, টেকনিক্যাল রোড, গাংগু, সুনামপুর, নিয়ামতপুর, ধরাধরপুর, লাউয়াই, বদিকোনা, চান্দাই, দাউদপুর, শিববাড়ী ও রেলগেট।

‘গ্রুপ-জি’-তে ২৭, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে। এ গ্রুপের আওতায় রয়েছে—আলমপুর, গোটাটিকর, কুচাই, পশ্চিমভাগ, সারপিং, তৈয়ব কামাল, শ্রীরামপুর, বাইপাস রোড ও শিববাড়ী এলাকা।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর নির্বাহী কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা ঐক্যবদ্ধভাবে নিজ নিজ এলাকায় জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবির বাসে আগুনসহ টায়ার নিক্ষেপ, শিক্ষার্থীরা অল্পের জন্য রক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০০ পি.এম


কুবির বাসে আগুনসহ টায়ার নিক্ষেপ, শিক্ষার্থীরা অল্পের জন্য রক্ষা

কুমিল্লা শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একটি বাসের দিকে আগুনসহ টায়ার নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসে থাকা শিক্ষার্থীরা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

বুধবার রাত ৯টার দিকে কুমিল্লার বেলতলী এলাকায় এই ঘটনা ঘটে।

বাসটির নম্বর ছিল ‘কুমিল্লা-স-১১-০০২৫’। বাসে থাকা এক শিক্ষার্থী জানান, কুমিল্লা শহর থেকে পদুয়ার বাজার হয়ে ক্যাম্পাসে ফেরার সময় বেলতলী এলাকায় পৌঁছানোর আগে সড়কের ওপর কয়েকটি টায়ার পড়ে থাকতে দেখা যায়। যখন বাসটি টায়ারগুলোর কাছে পৌঁছায়, তখন হঠাৎ করে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীদের ধারণা, টায়ারগুলোতে আগেই তেল বা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে রাখা হয়েছিল।

শিক্ষার্থীটি আরও বলেন, বাসটি ঘটনাস্থলে পৌঁছানোর আগে সেখানে একজনকে মুঠোফোনে ভিডিও করতে দেখা যায়। এ সময় আরও দুজন মোটরসাইকেল নিয়ে সেখানে উপস্থিত ছিলেন। টায়ারে আগুন দেওয়ার পর তাঁরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন, যা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। শিক্ষার্থীদের অভিযোগ, পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের বাসটিকে লক্ষ্য করেই এই ঘটনা ঘটানো হয়েছে।

হঠাৎ বাসের সামনে আগুনসহ টায়ার নিক্ষেপ করতে দেখে চালক দ্রুত ব্রেক করেন। এর ফলে পেছনে থাকা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হওয়ার উপক্রম হয়। তবে চালকের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হননি, তবে বাসটির সামনের অংশসহ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত ও বেঁকে গেছে বলে জানা গেছে।

পুলিশ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, দুই থেকে তিনজন কিশোর আগুনসহ টায়ার নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

লোকপ্রশাসন বিভাগের এক নারী শিক্ষার্থী এই ঘটনায় বলেন, ‘আর একটু হলে আমরা মারা যেতাম। যখন আগুন লাগছিল, পুরো বাসে ধোঁয়া উঠছিল। আল্লাহ আমাদের বাঁচিয়েছেন।’

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। আমরা যখন আসি, তখন একটি টায়ারে আগুন জ্বলছিল। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%