ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, ক্ষয়ক্ষতি নেই


রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, ক্ষয়ক্ষতি নেই

গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে, যেখানে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস, জোনাল অডিট অফিস এবং বিভাগীয় হেড অফিস লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। উল্লেখ্য, ভবনটিতে একসঙ্গে গ্রামীণ ব্যাংকের তিনটি অফিস অবস্থিত। তবে পুলিশ জানিয়েছে, পেট্রোল বোমায় কোন ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেলমেট পরিহিত দুই যুবক এসে গ্রামীণ ব্যাংকের অফিসগুলো লক্ষ্য করে পেট্রল বোমা ছুড়ে মারছেন। এ সময় সেখানে উপস্থিত অন্তত আরও দুজন ভিডিও ধারণ করছেন এবং ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছেন। পরপর তিনটি পেট্রল বোমা ছুড়ে মারার ফলে অফিসের বারান্দায় আগুন ধরে যায়। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।

শাহ মখদুম থানার ওসি আকবর আলী জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে তেমন ক্ষতি হয়নি বলেই কোন মামলা হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।

আরও পড়ুন: বকশীগঞ্জ সীমান্তে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষেধাজ্ঞা উপেক্ষা করে শেয়ার ব্যবসায় জড়িত কর্মকর্তারা, বিএসইসি ব্যবস্থা নেবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৩ পি.এম


নিষেধাজ্ঞা উপেক্ষা করে শেয়ার ব্যবসায় জড়িত কর্মকর্তারা, বিএসইসি ব্যবস্থা নেবে

নিষেধাজ্ঞা উপেক্ষা করে শেয়ার ব্যবসায় জড়িত হয়েছেন স্টক এক্সচেঞ্জ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) কিছু কর্মকর্তা। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা দায়িত্বের সঙ্গে ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের সংঘাত সৃষ্টি করেছেন। বিষয়টি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নজরে এসেছে। কমিশন এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

পুঁজিবাজারের স্বচ্ছতা ও শৃঙ্খলা রক্ষায় বিএসইসির কঠোর নির্দেশনাকে অগ্রাহ্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ। অভিযোগ রয়েছে যে, তিনি আইন লঙ্ঘন করে অবৈধভাবে শেয়ার লেনদেন অব্যাহত রেখেছেন, যদিও তিনি পুঁজিবাজারের শীর্ষ প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠানের প্রধান।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ পিএলসির তথ্য অনুযায়ী, ওয়াজিদ হাসানের পাঁচটি বিও হিসাব রয়েছে, যার মধ্যে তিনটি বর্তমানে সক্রিয়। তিনি এসব হিসাবে নিয়মিত শেয়ার কেনাবেচা করছেন।

বিএসইসির নির্দেশ অনুযায়ী, স্টক এক্সচেঞ্জ সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীদের পুঁজিবাজারে যেকোনো সিকিউরিটিজে বিনিয়োগের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা বা কর্মচারী নন-কনভার্টিবল বন্ড, সরকারি সিকিউরিটিজ, ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড, এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) এবং রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড ব্যতীত পুঁজিবাজারের অন্য কোনো শেয়ার বা সিকিউরিটিজে বিনিয়োগ করতে পারবেন না। কিন্তু বিএসইসির এই সুস্পষ্ট আইন ও নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করছেন বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ। তিনি নিষিদ্ধ ক্যাটাগরির শেয়ারে নিয়মিত লেনদেন চালিয়ে যাচ্ছেন, যদিও তিনি প্রতিষ্ঠানের শীর্ষ নীতিনির্ধারক।

পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) এড়াতে এবং বাজারের ভেতরের সংবেদনশীল তথ্যের অপব্যবহার রোধ করতেই বিএসইসি এই নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে যাদের ওপর পুঁজিবাজারের সুশাসন ও নৈতিকতা শিক্ষাদানের দায়িত্ব, সেই বিআইসিএমের শীর্ষ কর্মকর্তাই যদি প্রকাশ্যে নিয়ন্ত্রক সংস্থার আদেশ লঙ্ঘন করেন, তাহলে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা তলানিতে গিয়ে ঠেকবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ আমার দেশকে বলেন, "আমি চাকরিতে যোগদানের সময় শেয়ারব্যবসা পরিচালনার বিষয়ে বলে নিয়েছি। আমি ৩০ বছর ধরে শেয়ারবাজারে বিনিয়োগ করে আসছি।"

অন্যদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) চাকরি বিধিমালা অনুযায়ী, কোনো কর্মকর্তা-কর্মচারী বা তাদের ওপর নির্ভরশীল আট ধরনের নিকটাত্মীয় (বাবা-মা, স্ত্রী-স্বামী, ছেলেমেয়ে, ভাইবোন, শ্বশুর-শাশুড়ি ও শ্যালক-শ্যালিকা) কোনোভাবেই সিকিউরিটিজ বা শেয়ারব্যবসার সঙ্গে জড়িত হতে পারবেন না। এমনকি ডিএসইতে যোগদানের আগে কোনো শেয়ারব্যবসা বা বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব থাকলে চাকরিতে প্রবেশের আগেই তা বন্ধ (ক্লোজ) করার স্পষ্ট বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ডিএসইর কেউ কেউ নামে-বেনামে শেয়ারব্যবসা করেছেন। এর মধ্যে ডিএসইর বর্তমান প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার কেনাবেচা হয়েছে। এসব কোম্পানির কয়েকটি শেয়ার নিয়ে অতীতে কারসাজির অভিযোগ ছিল।

এর আগে ২০১৬ সালে রহিমা ফুডের মূল্য সংবেদনশীল তথ্য আটকে রাখার অভিযোগ উঠেছিল শফিকুল ইসলামের বিরুদ্ধে। ওই ঘটনার পর তাকে ডিএসইর লিস্টিং বিভাগের প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর তাকে আর ওই বিভাগে পদায়ন করা হয়নি। এসব অভিযোগের বিষয়ে শফিকুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে বারবার যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে মশিউর সিকিউরিটিজের অনিয়মে ডিএসই ও বিএসইসির একশ্রেণির কর্মকর্তার যোগসাজশে ১৬১ কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। অনুসন্ধানে জানা যায়, ২০১০ সালের পরপরই ডিএসইর মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের একটি পরিদর্শন দল মশিউর সিকিউরিটিজে গিয়ে ৫০ কোটি টাকার বেশি ঘাটতি শনাক্ত করেছিল। কিন্তু আইনি পদক্ষেপ না নিয়ে তৎকালীন মনিটরিং দলের সদস্য বিমল চন্দ্র মণ্ডল বেনামে তিনটি বিও হিসাব খুলে নিজেই শেয়ারব্যবসা করেছেন বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির এক সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা।

জানা গেছে, ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত ডিএসই মশিউর সিকিউরিটিজে প্রায় ১০ বার পরিদর্শন চালিয়েও কোনো ঘাটতি বা অনিয়ম খুঁজে পায়নি। ২০২৩ সালের ১৯ অক্টোবর প্রথমবারের মতো ব্রোকারেজ হাউসের সিসিএতে ৩ কোটি ৫৩ লাখ টাকার ঘাটতি শনাক্ত করে ডিএসই। ২২ অক্টোবর শর্তারোপ করা হলেও, কমিশন ২৩ অক্টোবর এক চিঠিতে ঘাটতি সমন্বয়ের সময়সীমা ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বাড়িয়ে দেয় এবং সম্পূর্ণ বেআইনিভাবে ‘ফ্রি-লিমিট’ সুবিধা বহাল রাখে। পরবর্তীকালে ২০২৪ সালের ২৪ জুন আরেকটি চিঠির মাধ্যমে এই সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

অভিযোগের বিষয়ে বিমল চন্দ্র মণ্ডল যোগসাজশ ও অনৈতিক সুবিধার বিষয়ে মন্তব্য করতে চাননি। তবে শেয়ার ব্যবসার বিষয়ে তিনি আমার দেশকে বলেন, "আমি শেয়ারব্যবসা করিনি। আমার ভাই গৌতম চন্দ্র মণ্ডল ব্যবসা করেছে।"

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন নতুন কমিশন দায়িত্ব নিলে চিত্র পাল্টে যায়। ডিএসইর মনিটরিং টিম মশিউর সিকিউরিটিজে আকস্মিক ভিজিট করে সিসিএ ও শেয়ারহোল্ডিং পজিশনে মোট ১৬১ কোটি টাকার ঘাটতি বা আত্মসাৎ শনাক্ত করে ২৮ আগস্ট কমিশনে বিস্তারিত প্রতিবেদন জমা দেয়।

এ বিষয়ে ডিএসইর এমডি নুজহাত আনোয়ার আমার দেশকে বলেন, "এ বিষয়ে ডিএসইর কোনো কর্মকর্তা জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান আমার দেশকে বলেন, "বিষয়টি কমিশনের নজরে এসেছে। বেশ কয়েকজন জড়িত। তাদের বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নেবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিপিডির প্রস্তাবে পোশাক শ্রমিকদের মজুরি ২৪ হাজার টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৪ পি.এম


সিপিডির প্রস্তাবে পোশাক শ্রমিকদের মজুরি ২৪ হাজার টাকা

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) নতুন ন্যূনতম মজুরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে আলোচনা করে নির্ধারণের প্রস্তাব করেছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডিতে সিপিডির কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬ : বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে এই প্রস্তাব উপস্থাপন করা হয়।

সিপিডির হিসাব অনুযায়ী, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরি বর্তমানে ১৬ হাজার ৩৫১ টাকার সমান হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, চার সদস্যের একটি পরিবারের জন্য দারিদ্র্যসীমার উপরে থাকতে ১৮ হাজার ৫৭৮ টাকার প্রয়োজন এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য ২৪ হাজার ২০৪ টাকার প্রয়োজন।

সংস্থাটির মতে, পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণের ক্ষেত্রে মালিক ও শ্রমিকের দর-কষাকষির পাশাপাশি জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা এবং শিল্পের সক্ষমতার ভিত্তিতে একটি প্রমাণনির্ভর পদ্ধতি চালু করা আবশ্যক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলচ্চিত্রেই মনোযোগ সাবিলার, নাটকে ফিরছেন না আপাতত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৬ পি.এম


চলচ্চিত্রেই মনোযোগ সাবিলার, নাটকে ফিরছেন না আপাতত

অভিনেত্রী সাবিলা নূর একসময় টেলিভিশন নাটকের পরিচিত মুখ ছিলেন। তিনি অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে, দুই বছরেরও বেশি সময় ধরে তিনি ছোট পর্দায় অনুপস্থিত রয়েছেন। বর্তমানে চলচ্চিত্রের কাজ নিয়েই ব্যস্ত আছেন এই অভিনেত্রী। নাটকে ফিরে আসার কোনো পরিকল্পনা আপাতত নেই, তবে ভবিষ্যতের জন্য সেই পথ খোলা রেখেছেন তিনি।

গত বছর শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে সাবিলার বড় পর্দায় অভিষেক ঘটে। এরপর তিনি নতুন সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। গল্পটি তাঁর কাছে পছন্দ হওয়ায় সিনেমাটিতে কাজ করতে আগ্রহী হয়েছেন বলে জানিয়েছেন তিনি। সাবিলা জানান, তাঁর কাছে শুধু চলচ্চিত্রে নিয়মিত হওয়া গুরুত্বপূর্ণ নয়, বরং ভালো গল্প ও মানসম্মত চরিত্র পাওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।

নতুন সিনেমাটিতে সাবিলা আবারও শরীফুল রাজের সঙ্গে জুটি বাঁধছেন। এর আগে তাঁরা ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। নতুন কাজের প্রস্তুতি হিসেবে বর্তমানে সাবিলা নিজের অভিনয় ও চরিত্র নিয়ে সময় দিচ্ছেন।

অভিনয়ের প্রস্তুতির অংশ হিসেবে সাবিলা নিয়মিত সিনেমা দেখছেন। বিশেষ করে তিনি ভৌতিক ঘরানার সিনেমার প্রতি আগ্রহী। সম্প্রতি তিনি ‘অবসেশন’ ও ‘ব্যাকরুমস’ সিনেমা দেখেছেন। পাশাপাশি বই পড়ার অভ্যাসও তিনি ধরে রেখেছেন। বর্তমানে তিনি জন স্টেইনবেকের বিখ্যাত উপন্যাস ‘ইস্ট অব ইডেন’ আবার পড়ছেন। উপন্যাসটি অবলম্বনে নতুন সিনেমা নির্মিত হতে যাচ্ছে। বইয়ের গল্প ও চলচ্চিত্রে তার উপস্থাপনার পার্থক্য বুঝতে নতুন করে উপন্যাসটি পড়ছেন তিনি।

এদিকে, ছোট পর্দা থেকে দীর্ঘদিন দূরে থাকলেও সাবিলা নাটককে বিদায় জানাননি। তিনি জানান, ভবিষ্যতে ভালো গল্প ও উপযুক্ত চরিত্র পেলে আবারও নাটকে অভিনয় করতে পারেন। অন্যদিকে, সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। বিচ্ছেদ ও নতুন সম্পর্কের গুঞ্জন নিয়ে সরাসরি কিছু না বললেও নতুন ভালোবাসার প্রসঙ্গে ‘লিলি’র কথা উল্লেখ করেছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪,৫৮৮ ইউনিয়ন পরিষদে ৯১৩ কোটি ৫০ লাখ টাকার উন্নয়ন বরাদ্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


৪,৫৮৮ ইউনিয়ন পরিষদে ৯১৩ কোটি ৫০ লাখ টাকার উন্নয়ন বরাদ্দ

ঢাকা, ১৮ নভেম্বর ২০২৬ : সরকারের পক্ষ থেকে দেশের ৪ হাজার ৫৮৮টি ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রমে ৯১৩ কোটি ৫০ লাখ টাকার বরাদ্দ প্রদান করা হয়েছে। এর মধ্যে ১৮০ কোটি ৭৮ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ ছাড় করা হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতের সাধারণ বরাদ্দের (বিবিজি) দ্বিতীয় কিস্তি হিসেবে এই অর্থ ছাড় করা হয়েছে।

গত ১৭ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এই সংক্রান্ত মঞ্জুরি আদেশ জারি করেছে।

মঞ্জুরি আদেশ অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতে মোট ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে সাধারণ বরাদ্দ বা বিবিজি খাতে নির্ধারিত ৭২৩ কোটি ৫০ লাখ টাকা। দ্বিতীয় কিস্তির বরাদ্দ হিসেবে ১৮০ কোটি ৭৮ লাখ ৭৫ হাজার টাকা ছাড় করা হয়েছে।

ছাড় করা অর্থ পেতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসককে সরকারি মঞ্জুরি আদেশ (জিও) অনুযায়ী টিআর ফরম নম্বর-৩২-এ বিল প্রস্তুত করতে হবে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষরসহ ওই বিল উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তরে দাখিল করতে হবে। এ ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

অর্থ ছাড়ের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তর ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের নির্ধারিত ব্যাংক হিসাবে অ্যাকাউন্ট পে-ইং চেক ইস্যু করবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে বরাদ্দের অর্থ স্থানান্তর করা হবে।

মঞ্জুরি আদেশে অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাকে তহবিলের অর্থ উত্তোলন ও ব্যয়ের যাবতীয় তথ্য ক্যাশবুক, রেজিস্টার এবং অন্যান্য প্রয়োজনীয় হিসাব বইয়ে যথাযথভাবে লিপিবদ্ধ ও সংরক্ষণ করতে হবে।

ছাড় করা অর্থ ব্যয়ের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবহার নির্দেশিকা-২০২১, সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর), ২০২৫ এবং প্রচলিত সব আর্থিক বিধিবিধান অনুসরণ করতে হবে।

এছাড়া বরাদ্দের অর্থের অব্যয়িত অংশ আগামী ৩০ জুন ২০২৭ তারিখের মধ্যে সরকারি কোষাগারে ফেরত দিতে হবে।

অন্যদিকে, অর্থ ছাড়ের আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ বিভাগের সচিব, সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এবং দেশের সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসকের প্রস্তুত করা বিলে স্বাক্ষর করে তা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তরে দাখিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%