সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ ইং
১২:০৪ এম
জনপ্রিয় ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড ৩৮ বছর বয়সে শারীরিক জটিলতায় ভুগে মারা গেছেন। তাঁর আসল নাম ছিল জার্মেইন হ্যালি।
গত শুক্রবার (২৭ নভেম্বর) ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। তবে, তাঁর মৃত্যুর কারণ বা বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
বিশ্বজুড়ে রেসলিং ভক্তদের মাঝে তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ব্রনসন রিডের শারীরিক জটিলতার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬ : ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে প্রথমবারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া পরিষদের ১৭তম সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ ২০২৬।
এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ, যা আন্তর্জাতিক সামরিক ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় ১৪টি দেশের ১২১ জন সামরিক গলফার ও কর্মকর্তা অংশগ্রহণ করছেন। অংশগ্রহণকারী দেশগুলো হলো-বাংলাদেশ, ব্রাজিল, কানাডা, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, কেনিয়া, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, স্পেন এবং শ্রীলঙ্কা। গলফাররা পুরুষ ও নারী একক ইভেন্টে প্রতিদ্বন্দ্বীতা করবেন এবং দলীয় শিরোপার জন্যও লড়াই হবে।
গতকাল কুর্মিটোলা গলফ ক্লাবে চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, যিনি চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি তাঁর বক্তব্যে অংশগ্রহণকারী দেশগুলোকে স্বাগত জানান এবং সকল খেলোয়াড়কে উদ্দীপনার সাথে খেলার, সুষ্ঠু ক্রীড়ানৈপুণ্য বজায় রাখার এবং বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক আতিথেয়তা উপভোগ করার আহ্বান জানান। অনুষ্ঠানটি সিআইএসএম সংগীতের সাথে সিআইএসএম পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় এবং দলগুলোর মার্চ-অফ ও সামরিক ব্যান্ড প্রদর্শনীর মাধ্যমে সমাপ্তি ঘটে। ২০২৫ সালের জুনে কেনিয়ায় অনুষ্ঠিত ১৬তম আসরের পর এবার বাংলাদেশে এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। কেনিয়ার আসরে বাংলাদেশ নারী দল রৌপ্য পদক অর্জন করেছিল।
২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত কুর্মিটোলা গলফ ক্লাবে মূল রাউন্ডের খেলাগুলো অনুষ্ঠিত হবে। এই চ্যাম্পিয়নশিপ সিআইএসএম-এর মূলমন্ত্র “ক্রীড়ার মাধ্যমে বন্ধুত্ব”-কে সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় স্ত্রীর কীটনাশক পানে মৃত্যুর প্রায় দুই মাস পর স্বামী আবুল কাশেম (৫০) নামে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের রাজনগর (উত্তর) গ্রামের নিজ বাড়ির বারান্দায় স্থানীয়রা তাঁর মরদেহ দেখতে পান। পরে পুলিশকে অবহিত করা হলে, বিকেল ৪টার দিকে কেন্দুয়া থানাধীন পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে লোকজন না থাকার সুযোগে আবুল কাশেমের মরদেহ বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পুলিশকে বিষয়টি জানানো হলেও, খবর দেওয়ার প্রায় চার-পাঁচ ঘণ্টা পর বিকেল ৪টার দিকে পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। পুলিশের দেরিতে পৌঁছানোর কারণে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।
ঘটনার বিষয়ে রবিবার বিকেল ৪টার দিকে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি পুলিশ পাঠানোর কথা জানান। তবে তিনি নিশ্চিত করতে পারেননি যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে কি না। পুলিশ পৌঁছাতে দেরি হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থল পেমই তদন্ত কেন্দ্রের আওতাধীন এবং সেখানে কর্মকর্তারা অন্য একটি কাজে ব্যস্ত ছিলেন।
এদিকে, আবুল কাশেমের স্ত্রীর মৃত্যুর ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেছে কি না, জানতে চাইলে ওসি জানান, তিনি পাননি। এর পরপরই পেমই তদন্ত কেন্দ্রের এসআই নাজমুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা জানিয়ে মরদেহ উদ্ধারের কার্যক্রম চলছে বলে জানান।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর একই বাড়ি থেকে আবুল কাশেমের স্ত্রী হামিদা আক্তার (৪৫)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ। সে সময় প্রাথমিকভাবে জানা যায়, তিনি কীটনাশক পান করেছিলেন। ময়নাতদন্ত শেষে এ ঘটনায় অপমৃত্যুর মামলাও করা হয়েছিল।
পরপর প্রায় দুই মাসের ব্যবধানে একই পরিবারের স্বামী-স্ত্রীর এমন মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের একজন নেতাকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. জিহাদ মোল্লা, বয়স ২৯ বছর। তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ৫১ নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
যাত্রাবাড়ী থানার সূত্রে জানা গেছে, রোববার, ২৯ নভেম্বর রাতের আনুমানিক ৮টা ১০ মিনিটে থানাধীন মীরহাজিরবাগ বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জিহাদ মোল্লার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তিনটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তা মনোয়ার হোসেনকে বদলি করা হলেও তিনি এখনও পুরনো কর্মস্থল ত্যাগ করেননি। গত ২২ নভেম্বর তাকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়। তবে এক সপ্তাহ অতিবাহিত হলেও তিনি নিরীক্ষা কর্মকর্তা, প্রশাসকের একান্ত সচিব (পিএস) ও আইন কর্মকর্তা—এই তিন পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এ নিয়ে ডিএসসিসির কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিছু কর্মকর্তার মতে, বদলির আদেশের পরও কর্মস্থল না ছাড়ার বিষয়টি সরকারের নির্দেশনা উপেক্ষা করার সমতুল্য।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২২ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে মনোয়ার হোসেনকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়।
ডিএসসিসিতে একই সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করায় নগর ভবনে তার ভূমিকা ও প্রভাব নিয়ে কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছিল। করপোরেশনের বিভিন্ন কার্যক্রমে প্রভাব বিস্তার, দরপত্র প্রক্রিয়ায় পছন্দের ব্যক্তিদের সুযোগ করে দেওয়া এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন সময়ে গণমাধ্যমে তার বিরুদ্ধে অনিয়মের খবর প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন-১ অধিশাখার যুগ্মসচিব মো. রবিউল ইসলাম বলেন, ‘সিটি করপোরেশন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সিটি করপোরেশনের কর্মকর্তার অবমুক্তির বিষয়টি তারা দেখে থাকে। এটা মন্ত্রণালয় করে না।’
তবে মনোয়ার হোসেন জানিয়েছেন, ডিএসসিসি থেকে অবমুক্তির ছাড়পত্র না পাওয়ায় তিনি নতুন কর্মস্থলে যোগ দিতে পারেননি।
এ বিষয়ে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, ‘আমি রবিবার এক ঘণ্টা অফিসে ছিলাম। তিনি অফিস করেছেন কি না, সেটা জানা নেই। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ীই সব হবে। খোঁজ নেব।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ