ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

হিমবাহের বরফ গলারোধে বৈশ্বিক উদ্যোগে যুক্ত হলো বাংলাদেশ


হিমবাহের বরফ গলারোধে বৈশ্বিক উদ্যোগে যুক্ত হলো বাংলাদেশ

বাংলাদেশ যুক্ত হয়েছে বৈশ্বিক উদ্যোগ ‘অ্যাম্বিশন অন মেল্টিং আইস’ (এএমআই)-এ, যা হিমবাহের বরফ গলারোধে কাজ করছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ২৬তম দেশ হিসেবে এ উদ্যোগের ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ভেন্যুতে এই ঘোষণা দেওয়া হয়।

২০২২ সালে মিসরে অনুষ্ঠিত কপ-২৭ সম্মেলনে চিলি ও আইসল্যান্ডের নেতৃত্বে এএমআই-এর যাত্রা শুরু হয়। এই উদ্যোগের লক্ষ্য হলো হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলার গতি কমানো, বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ করা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও রাজনৈতিক অঙ্গীকারকে শক্তিশালী করা।

আরও পড়ুন: রডের বদলে বাঁশ দিয়ে দুর্নীতি করলে যত গভীরে যেতে হয় যাব: হুইপ গউছ

এসময় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মন্তব্য করেন, "এ উদ্যোগে বাংলাদেশের অন্তর্ভুক্তি জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি করবে।" তিনি আরও বলেন, "এছাড়া সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় প্লাবন, লবণাক্ততা ও জলবায়ুজনিত বাস্তুচ্যুতির মতো সংকট মোকাবিলায় বাংলাদেশের অবস্থান বিশ্বমঞ্চে তুলে ধরা সম্ভব হবে।"

বাংলাদেশে উল্লেখযোগ্য হিমবাহ না থাকলেও, হিমালয়সহ বিভিন্ন অঞ্চলের বরফ গলার এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাবের ঝুঁকিতে রয়েছে দেশটি। বিশেষ করে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ উপকূলীয় অঞ্চলে নদীভাঙন, জলোচ্ছ্বাস ও লবণাক্ততা বাড়তে পারে। সুপেয় পানির উৎস, সুন্দরবনের জীববৈচিত্র্য এবং কৃষি ও মৎস্যনির্ভর মানুষের জীবিকা ঝুঁকিতে পড়তে পারে।

এদিকে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ জলবায়ু অভিযোজনের জন্য আন্তর্জাতিক অর্থায়ন বৃদ্ধি, ঋণের পরিবর্তে অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর সহযোগিতা চেয়েছে।

তবে, এএমআইতে যুক্ত হওয়ার ফলে বাংলাদেশ সরাসরি কোনো অর্থায়ন বা প্রকল্প সুবিধা পাবে, এমন নিশ্চয়তা নেই। বরং, হিমবাহ গলার বৈশ্বিক প্রভাব ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক নীতিনির্ধারণ এবং সহযোগিতায় অংশ নেওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুন: নতুন পাসপোর্টের আবেদন করেও খুনি হাসিনা বাবাকে ফিরতে দেয়নি: ইশরাক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউমোনিয়ায় মারা গেলেন মার্কিন অভিনেতা অ্যান্থনি ক্লার্ক

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


নিউমোনিয়ায় মারা গেলেন মার্কিন অভিনেতা অ্যান্থনি ক্লার্ক

মার্কিন অভিনেতা ও স্ট্যান্ড-আপ কমেডিয়ান অ্যান্থনি ক্লার্ক মঙ্গলবার (১০ নভেম্বর) মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৬২ বছর। মার্কিন সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, নিউমোনিয়াজনিত জটিলতার কারণে তার মৃত্যু ঘটেছে।

‘ইয়েস, ডিয়ার’ সিরিজের সহ-অভিনেতা ও বন্ধু মাইক ও’ম্যালি ১১ নভেম্বর তার মৃত্যুর খবর প্রকাশ করেন। তিনি জনপ্রিয় টেলিভিশন সিটকম ‘ইয়েস, ডিয়ার’-এ গ্রেগ ওয়ার্নার চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে পরিচিতি অর্জন করেছিলেন।

মাইক ও’ম্যালি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে বন্ধুকে স্মরণ করেন এবং ক্লার্কের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

বন্ধুর স্মৃতিচারণায় মাইক ও’ম্যালি লেখেন, ‘তিন সপ্তাহ আগে আমাদের ফোনে কথা হয়েছিল। বরাবরের মতোই তিনি আমাদের অনেক হাসিয়েছিলেন। নিজের উপার্জিত অর্থ ভালোভাবে বিনিয়োগ করেছিলেন এবং আমাদের শো শেষ হওয়ার পরই মূলত অবসর নিয়ে নিয়েছিলেন। শান্তিতে ঘুমান, টনি।’

অ্যান্থনি ক্লার্ক ১৯৬৪ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার লিঞ্চবার্গে জন্মগ্রহণ করেন। তিনি বোস্টনের এমারসন কলেজ থেকে ১৯৮৬ সালে গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কলেজে পড়ার সময়ই তার মধ্যে কমেডির প্রতি আগ্রহ তৈরি হয়। সেই সময় ‘আমেরিকান কলেজিয়েট ট্যালেন্ট শোকেস’-এ ‘টপ কলেজ কমেডিয়ান’ পুরস্কারও তিনি জিতেছিলেন।

ক্লার্ক এক সাক্ষাৎকারে স্ট্যান্ড-আপ কমেডির প্রতি তার ভালোবাসার কথা তুলে ধরেছিলেন। ২০০৬ সালে ‘দ্য কমিকস কমিক’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, স্ট্যান্ড-আপ কমেডি তার কাছে বিশেষ, কারণ এতে দর্শকদের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়। এখানে কোনো পরিচালক থাকেন না।

অ্যান্থনি ক্লার্কের ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ সিবিএসের জনপ্রিয় সিটকম ‘ইয়েস, ডিয়ার’। এই সিরিজে গ্রেগ ওয়ার্নার চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান। সিরিজটির মূল উপজীব্য ছিল দুই দম্পতির একই বাড়িতে বসবাস, পারিবারিক সম্পর্ক এবং সন্তান লালন-পালন নিয়ে তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি।

টেলিভিশনের পাশাপাশি বড় পর্দায়ও অভিনয় করেছেন ক্লার্ক। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ডগফাইট’, ‘দ্য থিং কলড লাভ’ ও ‘দ্য রক’। এছাড়া ‘বোস্টন কমন’, ‘সোল ম্যান’ এবং ‘লাস্ট কমিক স্ট্যান্ডিং’-এর মতো টেলিভিশন অনুষ্ঠানে তাকে দেখা গেছে।

১৯৯৫ সালে এইচবিওর ‘ইয়াং কমেডিয়ানস স্পেশাল’-এর চতুর্থ আসরের উপস্থাপনার দায়িত্বও পালন করেন তিনি। অভিনয় ও স্ট্যান্ড-আপ কমেডির মাধ্যমে দর্শকদের হাসিয়ে যাওয়া এই শিল্পীর মৃত্যুতে বিনোদনজগতে শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে ফের ট্যাংকারে আগুন, নিষিদ্ধ এলাকায় ঢুকলেই ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


হরমুজে ফের ট্যাংকারে আগুন, নিষিদ্ধ এলাকায় ঢুকলেই ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে নৌমাইনে আঘাতের ফলে আরেকটি তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে। ইরানের নৌবাহিনী শনিবার সকালে এই ঘটনার তথ্য প্রকাশ করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। খবরটি এসেছে আলজাজিরা থেকে।

ইরানের সূত্র অনুযায়ী, আজ সকালে এটি দ্বিতীয়বারের মতো ট্যাংকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টার মধ্যে ইরানের হামলা অথবা নৌমাইনে আঘাতের কারণে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করার সময় মোট পাঁচটি ট্যাংকারে আগুন লেগেছে।

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের উদ্ধৃতি দিয়ে ইরানের নৌবাহিনী জানিয়েছে, অবৈধ কর্মকাণ্ডে জড়িত ট্যাঙ্কারগুলো, যারা তাদের ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করছে, তাদের পরিণতি হচ্ছে আগুন ও বিস্ফোরণ।

তবে, ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর নাম, মালিকানা বা হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারীতে মাদকবিরোধী সাইকেল র‌্যালিতে পাঁচ শতাধিক অংশগ্রহণকারী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


নীলফামারীতে মাদকবিরোধী সাইকেল র‌্যালিতে পাঁচ শতাধিক অংশগ্রহণকারী

নীলফামারী, ১৪ নভেম্বর, ২০২৬ : জেলায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী সাইকেল র‌্যালিতে পাঁচ শতাধিক আরোহী অংশগ্রহণ করেছেন।

মাদকমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই স্লোগান নিয়ে আজ শনিবার দুপুরে উপজেলার পাঙ্গা মটুকপুর সচেতন নাগরিক সমাজ এই কর্মসূচির আয়োজন করে।

এর আগে, মেলা পাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কসহ ডোমার-জলঢাকা প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের ব্যক্তি র‌্যালিতে অংশ নেন।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আশরাফুল আলম আশরাফের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ বিন আমিন সুমন উপস্থিত ছিলেন। স্থানীয় যুবসমাজ এবং গণ্যমান্য ব্যক্তিরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জানান, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, সর্বস্তরের মানুষের মধ্যে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি করাও কর্মসূচির অন্যতম লক্ষ্য।

এ সময়, উপস্থিত শিক্ষার্থী, তরুণ সমাজ এবং সচেতন নাগরিকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে শ্রীগুরু সংঘের সংবাদ সম্মেলন: প্রকাশিত সংবাদকে মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


কাউখালীতে শ্রীগুরু সংঘের সংবাদ সম্মেলন: প্রকাশিত সংবাদকে মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি

পিরোজপুরের কাউখালীতে দৈনিক আমার দেশসহ কয়েকটি সংবাদপত্র ও অনলাইন সংবাদমাধ্যমে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমকে ঘিরে প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর দাবি করে সংবাদ সম্মেলন করেছে আশ্রম কর্তৃপক্ষ।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, আশ্রমের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কমল দত্ত।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ১০ নভেম্বর দৈনিক আমার দেশসহ কয়েকটি সংবাদমাধ্যমে ‘কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত’ শিরোনামে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ অসত্য ও বাস্তবতাবিবর্জিত। আশ্রমের বর্তমান কার্যকরী কমিটি গঠনতন্ত্র ও দেশের প্রচলিত আইন অনুসরণ করে বৈধ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত হয়েছে। কমিটির সদস্যরা বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং দীর্ঘদিন ধরে আশ্রমের সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, রতন লাল কর বাংলাদেশে জন্মগ্রহণকারী হলেও পরবর্তীতে ব্যবসায়িক কারণে ভারতের কলকাতায় অবস্থান করে। তিনি ইতোমধ্যে ব্যক্তিগত কারণে নির্বাহী দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। অন্যদিকে, সাবেক সাধারণ সম্পাদক রণঞ্জয় কৃষ্ণ দত্ত বাংলাদেশের নাগরিক এবং তিতাস গ্যাস কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণ করেছেন। তাঁদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অন্যান্য অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন আশ্রম কর্তৃপক্ষ।
আশ্রমের কমিটির কার্যক্রম স্থগিত কিংবা প্রশাসক নিয়োগের কোনো ঘটনা ঘটেনি বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
লিখিত বক্তব্যে আরও জানানো হয়, আগামী ২৫ নভেম্বর শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচার্যবর শ্রীশ্রী মৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হবে। এ উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। গত ৯ নভেম্বর জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকের পর শুধু উৎসব পরিচালনার জন্য ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা উপকমিটি পুনর্বিন্যাস করা হয়েছে। এই কমিটির সঙ্গে উৎসব-পরবর্তী কার্যকরী পরিষদ গঠনের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে আশ্রম কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, সাবেক কোষাধ্যক্ষ বিপুল বরণ ঘোষ আশ্রমের কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করেছেন, যা অডিটে প্রমাণিত হয়েছে বলে তাঁদের দাবি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে, যা বর্তমানে বিচারাধীন। এসব অভিযোগ থেকে রেহাই পেতে একটি স্বার্থান্বেষী মহল আশ্রমের অভ্যন্তরীণ বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।
আশ্রমের অভ্যন্তরীণ বিষয়ে গঠনতন্ত্রবহির্ভূত হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয়। প্রশাসনের প্রতি সম্মান রেখেই তাঁরা উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করছেন। তবে উৎসব-পরবর্তী কার্যকরী পরিষদ গঠনে প্রশাসনের দায়িত্ব নেওয়ার বিষয়ে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ বিভ্রান্তিকর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আশ্রমের নির্বাহী সভাপতি অধ্যক্ষ পরিমল কর্মকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডল, সহ-সভাপতি শংকর দেবনাথ, সহ-সাধারণ সাংগঠনিক সম্পাদক ভক্ত রঞ্জন কর্মকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%