০৮:১৩ পি.এম
লিঙ্গভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধের জন্য শুধুমাত্র প্রাতিষ্ঠানিক কাঠামো যথেষ্ট নয়, বরং বিদ্যমান আইনগুলোর বাস্তব প্রয়োগ এবং ক্যাম্পাসের সকল অংশীজনের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ এবং ওপ্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত একটি আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘Respect and Responsibility: Student-Led Solutions for Safer and Violence-Free Campuses’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুন: পথশিশুদের অধিকার সুরক্ষায় কারিতাস বাংলাদেশের ১৭ সুপারিশ
ভিসি বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধের জন্য সম্ভাব্য সমাধানের উপায় বের করতে হবে। তরুণ প্রজন্মকে এই ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে সক্রিয় অভিযোগ সেল রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবার সহযোগিতা প্রয়োজন। একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে, যেখানে সবাই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, শিক্ষার্থীরা নির্ভয়ে নিজেদের মতামত প্রকাশ করতে পারবে এবং কেউ কোনো ধরনের বৈষম্য, হয়রানি বা সহিংসতার শিকার হবে না।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের আলোচনা
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ মাহিন নেওয়াজ চৌধুরী।
উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ড. সাবিহা ইয়াসমিন রোজীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের প্রফেসর ড. তানিয়া হক।
আরও পড়ুন: বরিশালে বৃদ্ধ রবিউল হাওলাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
অনুষ্ঠানে আইডিয়া প্রতিযোগিতায় জমা পড়া ৪৭টি প্রস্তাবনার মধ্যে থেকে ১১টি আইডিয়াকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—তাসমিয়া আলম সুপ্তি, বাঁধন সাহা, সুচিতা আহমেদ রাভি, ফারজানা রাহমেদ শুচি, সাবরিনা রহমান সিম্মি, সাজিদা জামান তানহা, উজমা ফারিয়া মুন, শাবনাজ জামান, জুনায়েদ শাকিল, তাসিন মিথ ও কাজী শামসুজ্জামান।
উল্লেখ্য, লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে বৈশ্বিক প্রচারণার অংশ হিসেবে প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হয়। এর অংশ হিসেবে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে এই আলোচনা অনুষ্ঠান ও আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আরও পড়ুন: সাতক্ষীরায় স্ত্রী হত্যার ঘটনায় দুই আসামির মৃত্যুদণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন