ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সাবেক আইজিপির আহ্বান, মানব পাচারকারী চক্রের মূল হোতাদের খুঁজে বের করতে হবে


সাবেক আইজিপির আহ্বান, মানব পাচারকারী চক্রের মূল হোতাদের খুঁজে বের করতে হবে

সমুদ্রপথে মানব পাচার এবং অভিবাসী চোরাচালান বন্ধ করার জন্য সংঘবদ্ধ অপরাধী চক্রের মূল হোতাদের খুঁজে বের করা আবশ্যক। তাঁদের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে।

বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মো. শাহ আলম আজ বুধবার (২৫ নভেম্বর) কক্সবাজারে গণমাধ্যমকর্মীদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় এই বিষয়গুলো তুলে ধরেন।

অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের আওতায় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ শুরু হচ্ছে আগামীকাল

মানব পাচার, অভিবাসী চোরাচালান এবং সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ অনিয়মিত অভিবাসনের বিষয়ে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি করার উদ্দেশ্যে আয়োজিত এ কর্মশালায় কক্সবাজার সদর, মহেশখালী, রামু, টেকনাফ ও উখিয়ার ৪০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

কর্মশালায় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান অভিবাসনের বর্তমান প্রবণতা এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালানের পরিবর্তিত চিত্র তুলে ধরেন।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা যদি মানব পাচার কিংবা মাদকের মতো সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণ করতে না পারি, একদিন আপনার-আমার সন্তানেরাও এর শিকার হবে। তখন দেখবেন, এই এলাকাই ছাড়তে হবে। কাজেই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে সাংবাদিকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে।’

শরিফুল ইসলাম হাসান আরও উল্লেখ করেন, ‘দায়িত্বশীল সাংবাদিকতা শুধু তথ্য তুলে ধরে না, এটি মানুষকে সচেতন করে, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে বিরত রাখে এবং নিরাপদ অভিবাসনের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

আরও পড়ুন: হঠাৎ ভূমি অফিসে দুদকের অভিযান, এরপর দেলমাহমুদ রওশনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলো

কর্মশালায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস রানা এবং বাংলাদেশ ন্যাশনাল উইমেন লইয়ার্স অ্যাসোসিয়েশনের কক্সবাজারের লিগ্যাল সার্ভিসের সমন্বয়কারী বিশ্বজিৎ ভৌমিকও বক্তব্য দেন।

এর আগে সকালে ‘সমুদ্রপথে মানব পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ও চ্যালেঞ্জ’ শীর্ষক পৃথক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সিআইডির ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। সমুদ্রপথে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি করা ছিল এ কর্মশালার লক্ষ্য।

এ কর্মশালায় মো. শাহ আলম সংঘবদ্ধ অপরাধী চক্রের মূল হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর ও সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, কক্সবাজারের টেকনাফ, উখিয়াসহ উপকূলীয় বিভিন্ন এলাকা ব্যবহার করে রোহিঙ্গা ও স্থানীয় জনগণের মানুষকে সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ যাত্রায় পাঠানোর ঘটনা উদ্বেগজনক। এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন: শিল্পাঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে পুলিশের প্রচেষ্টা অব্যাহত: আইজিপি

কক্সবাজারে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ কক্সবাজারকে মানব পাচার ও অভিবাসী চোরাচালানের একটি ‘রেড জোন’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ অঞ্চলে সংঘবদ্ধ অপরাধী চক্রের তৎপরতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জীবনকে সুন্দর করতে গড়ে তুলুন ১০টি ইতিবাচক অভ্যাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


জীবনকে সুন্দর করতে গড়ে তুলুন ১০টি ইতিবাচক অভ্যাস

জীবনকে সুন্দর ও উপভোগ্য করতে সব সময় অর্থ, সম্পদ কিংবা বিলাসিতার প্রয়োজন হয় না। বরং প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাস, ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সচেতন জীবনযাপনই পারে জীবনকে আরও আনন্দময় ও শান্তিপূর্ণ করে তুলতে। তবে ব্যস্ততা, প্রতিযোগিতা, পারিবারিক ও কর্মজীবনের নানা চাপের কারণে অনেকেই নিজের ভালো থাকার বিষয়টি ভুলে যান। অন্যের সঙ্গে তুলনা, অপ্রয়োজনীয় দুশ্চিন্তা কিংবা সময়ের অপচয়ও জীবনের স্বাভাবিক আনন্দ কেড়ে নেয়।

বিশেষজ্ঞদের মতে, নিজের প্রতি যত্নশীল হওয়া, সম্পর্কের গুরুত্ব বোঝা এবং নেতিবাচক অভ্যাস পরিহার করার মাধ্যমে জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। জীবনকে সুন্দর ও অর্থবহ করতে যে ১০টি অভ্যাস গড়ে তোলা জরুরি, সেগুলো হলো—

পরচর্চা ও অন্যের সমালোচনা এড়িয়ে চলুন

অন্যের ব্যক্তিগত জীবন, ভুলত্রুটি কিংবা কর্মকাণ্ড নিয়ে অপ্রয়োজনীয় আলোচনা সম্পর্কের অবনতি ঘটায় এবং মানসিক অশান্তি তৈরি করে। তাই অন্যের জীবন নিয়ে ব্যস্ত না থেকে নিজের কাজ, আচরণ ও উন্নতির দিকে মনোযোগ দেওয়া উচিত। পরচর্চা, গীবত ও অপবাদ থেকে দূরে থাকলে ব্যক্তিগত সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসে।

মিথ্যা ও গুজব থেকে দূরে থাকুন

সত্য বলার অভ্যাস গড়ে তুলুন। কোনো তথ্য যাচাই না করে অন্যের কাছে পৌঁছে দেওয়া কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকুন। বিশেষ করে ছবি, ভিডিও ও সংবাদ প্রচারের আগে নির্ভরযোগ্য উৎস যাচাই করা জরুরি। কারণ একটি মিথ্যা তথ্যও অনেক মানুষের ক্ষতির কারণ হতে পারে।

নিজের যত্ন নিন

সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন। নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ, পর্যাপ্ত ঘুম এবং শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তুলুন। পাশাপাশি নিজের পছন্দের কাজের জন্য সময় রাখুন। প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিন এবং স্বাস্থ্য পরীক্ষাও করান।

পরিবারকে পর্যাপ্ত সময় দিন

কর্মব্যস্ততার মাঝেও পরিবারের সদস্যদের জন্য সময় বের করুন। মা-বাবা, জীবনসঙ্গী, সন্তান ও অন্য স্বজনদের সঙ্গে কথা বলুন, তাঁদের খোঁজখবর নিন এবং প্রয়োজনে পাশে দাঁড়ান। একসঙ্গে খাওয়া, গল্প করা কিংবা কোথাও ঘুরতে যাওয়ার মতো ছোট আয়োজন পারিবারিক বন্ধন দৃঢ় করে। মনে রাখতে হবে, কর্মজীবনের সাফল্যের পাশাপাশি পারিবারিক ভালোবাসাও জীবনের বড় সম্পদ।

ধর্মচর্চা ও নৈতিকতার চর্চা করুন

নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি সততা, ন্যায়বিচার, মানবিকতা ও ক্ষমাশীলতার চর্চা করুন। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস এবং ধর্মীয় মূল্যবোধ অনেককে আত্মশুদ্ধি ও নৈতিক জীবনযাপনে উৎসাহিত করে। অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং মানুষের অধিকারকে সম্মান করাও সুন্দর জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

বই পড়ুন ও ভ্রমণের অভ্যাস গড়ুন

নিয়মিত বই পড়লে জ্ঞান বাড়ে, চিন্তার পরিধি বিস্তৃত হয় এবং নতুন বিষয় জানার সুযোগ তৈরি হয়। পাশাপাশি সুযোগ পেলেই ভ্রমণে বেরিয়ে পড়ুন। নতুন জায়গা, প্রকৃতি, মানুষ ও সংস্কৃতির সঙ্গে পরিচিতি জীবনকে বৈচিত্র্যময় করে তোলে। তবে ভ্রমণের আগে পরিকল্পনা ও বাজেট নির্ধারণ করলে অল্প খরচেও আনন্দময় সময় কাটানো সম্ভব।

ক্ষতিকর আসক্তি পরিহার করুন

মাদক, ধূমপানসহ সব ধরনের ক্ষতিকর নেশা থেকে দূরে থাকুন। পাশাপাশি মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গেমে অতিরিক্ত সময় ব্যয় করার অভ্যাস নিয়ন্ত্রণ করুন। প্রযুক্তির ব্যবহার যেন বাস্তব জীবনের সম্পর্ক, কাজ ও দায়িত্ব পালনে বাধা হয়ে না দাঁড়ায়। অবসর সময়ে পরিবার, বন্ধু ও নিজের পছন্দের সৃজনশীল কাজে সময় দিন।

কঠিন সময়ে ধৈর্য ধরুন

জীবনে সব সময় অনুকূল পরিস্থিতি থাকবে না। আর্থিক সংকট, কর্মক্ষেত্রে ব্যর্থতা কিংবা ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার মুখোমুখি হতে পারেন। এমন পরিস্থিতিতে হতাশ না হয়ে ধৈর্য ধরুন। সমস্যার কারণ চিহ্নিত করে সমাধানের চেষ্টা করুন এবং প্রয়োজনে বিশ্বস্ত মানুষের সহযোগিতা নিন। মনে রাখবেন, সাময়িক ব্যর্থতা কিংবা খারাপ সময় পুরো জীবনের পরিচয় নয়।

পরিমিত খাবার খান, মিতব্যয়ী হোন

সুস্থ থাকতে সুষম ও পরিমিত খাবার গ্রহণের অভ্যাস গড়ে তুলুন। একইভাবে আয় বুঝে ব্যয় করুন এবং অপ্রয়োজনীয় কেনাকাটা ও লোকদেখানো খরচ এড়িয়ে চলুন। সামর্থ্য অনুযায়ী সঞ্চয় করুন। মিতব্যয়ী হওয়া মানে কৃপণতা নয়; বরং প্রয়োজন ও সামর্থ্যের মধ্যে থেকে পরিকল্পিত জীবনযাপন করা।

কথা বলুন বুঝেশুনে

সব বিষয়ে মন্তব্য করা কিংবা প্রতিটি বিতর্কে অংশ নেওয়ার প্রয়োজন নেই। কথা বলার আগে ভাবুন, আপনার বক্তব্য অন্যের মনে কেমন প্রভাব ফেলতে পারে। অনুমাননির্ভর মন্তব্য ও ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকুন। অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন এবং যুক্তিসংগত ও কল্যাণকর বিষয়গুলো গ্রহণ করুন। কখনো কখনো নীরব থাকাও বুদ্ধিমানের কাজ।

ছোট অভ্যাসেই বদলে যেতে পারে জীবন

জীবনকে সুন্দর ও উপভোগ্য করতে বড় কোনো পরিবর্তনের অপেক্ষায় থাকার প্রয়োজন নেই। প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসই একসময় বড় পরিবর্তন নিয়ে আসে। অন্যের সঙ্গে প্রতিযোগিতা না করে নিজের উন্নতির দিকে মনোযোগ দিন। অল্পতে সন্তুষ্ট থাকতে শিখুন, মানুষকে সম্মান করুন, পরিবারকে ভালোবাসুন এবং নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করুন।

দিন শেষে জীবনের সার্থকতা শুধু অর্থ উপার্জন, সম্পদ অর্জন কিংবা বড় পদে পৌঁছানোর মধ্যে সীমাবদ্ধ নয়। বরং কতটা ভালো মানুষ হওয়া গেল, নিজের ও পরিবারের জন্য কতটা সময় দেওয়া গেল এবং অন্যের জীবনে কতটা ইতিবাচক ভূমিকা রাখা গেল, সেটিও গুরুত্বপূর্ণ। তাই আজ থেকেই ভালো অভ্যাসগুলো চর্চা শুরু করুন। আপনার সচেতন সিদ্ধান্তই হয়ে উঠতে পারে সুন্দর, শান্তিপূর্ণ ও অর্থবহ জীবনের ভিত্তি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%