১১:৫৫ পি.এম
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনায় সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেডের (এসপিএল) রিফাইনারি স্থাপনের আবেদন পূর্বে চূড়ান্তভাবে বাতিল করা হয়েছিল। কিন্তু মন্ত্রণালয়ের সেই চূড়ান্ত বাতিলের আদেশের চিঠিটি গায়েব হয়ে গেছে। অভিযোগ উঠেছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) শীর্ষ কর্মকর্তাদের এবং তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে মোটা অঙ্কের টাকার লেনদেনের মাধ্যমে অবৈধ এই রিফাইনারিকে দ্রুত বৈধতা দেওয়ার জন্য নজিরবিহীন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কোটি টাকার এই ঘুষ বাণিজ্যের কারণে তদন্ত কমিটির সদস্যরা রবিবার (১৫ নভেম্বর) রাত ৩টা থেকে সোমবার (১৬ নভেম্বর) রাত ১১টা পর্যন্ত বিপিসি কার্যালয়ে গোপন বৈঠক করে প্রতিষ্ঠানটির পক্ষে ইতিবাচক প্রতিবেদন প্রস্তুত করার কাজ চালিয়ে গেছেন।
সুপার পেট্রোকেমিক্যালের আবেদন বাতিলের অকাট্য প্রমাণ অনুসন্ধানে উঠে এসেছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা চিঠির স্মারক নম্বর হলো: ২৮.০০.০০০০.০২৬.৯৯.০০৬৫.২০.৪৪৯ এবং তারিখ: ১৬ নভেম্বর ২০২৫।
সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত চিঠিতে এসপিএলের ব্যবস্থাপনা পরিচালককে স্পষ্টভাবে জানানো হয় যে, অপরিশোধিত জ্বালানি তেল আমদানি, প্রক্রিয়াকরণ ও বিপণনের ক্ষেত্রে তাদের আবেদন বিবেচনার জন্য কোনো সুযোগ নেই। চিঠির ২ নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেড (এসপিএল)-কে ‘বেসরকারি পর্যায়ে রিফাইনারি স্থাপন, অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুত, প্রক্রিয়াকরণ পরিবহন ও বিপণন নীতিমালা-২০২৩’ এর আওতায় এই বিভাগ থেকে কোনো প্রকার চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়নি।
আরও পড়ুন: রেজল্যুশনের আওতায় এসেছে সংকটে থাকা পদ্মা ব্যাংক
মন্ত্রণালয়ের এমন কঠোর সিদ্ধান্ত থাকার পরও বিপিসির বর্তমান বিতর্কিত তদন্ত কমিটি এসপিএলকে অনুমতি দিতে টাকার পাহাড়ের কাছে বিক্রি হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, এর আগে গঠিত দুটি তদন্ত কমিটি সরেজমিন তদন্ত করে এসপিএলের বিভিন্ন পর্যায়ে জালিয়াতি ও অসংগতির প্রমাণ পেয়েছিল। দেশের জ্বালানি নিরাপত্তার স্বার্থে ওই দুই কমিটি প্রতিষ্ঠানটিকে অনুমতি না দেওয়ার পক্ষে জোরালো সুপারিশ করেছিল।
কিন্তু সেই জালিয়াতির প্রমাণ ও প্রতিবেদনগুলোকে ধামাচাপা দিয়ে গত ১০ নভেম্বর তড়িঘড়ি করে ৭ সদস্যের নতুন বিতর্কিত কমিটি গঠন করা হয়। বিপিসির অভ্যন্তরীণ একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অবৈধ রিফাইনারিকে বৈধতা দেওয়ার এই ‘মিশন’ সফল করতে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে। বিপুল অঙ্কের এই টাকার জোরেই মন্ত্রণালয়ের সুস্পষ্ট নিষেধাজ্ঞার স্মারকযুক্ত চিঠিটি ফাইল থেকে গায়েব করে নতুন করে বৈধতা দেওয়ার নাটক সাজানো হচ্ছে।
সূত্র আরও জানাচ্ছে, সরকারি অনুমোদন ছাড়া রিফাইনারির বিশাল কর্মকাণ্ড পরিচালনা এবং বিপিসির অনুমোদন ছাড়াই শত শত কোটি টাকার মূলধনী যন্ত্রপাতি আমদানি করার মতো বড় অপরাধগুলো টাকার বিনিময়ে এড়িয়ে যাচ্ছে কমিটি। রোববার রাত ৩টা এবং সোমবার রাত ১১টা পর্যন্ত বিপিসির মতো একটি সরকারি দপ্তরে তদন্ত কমিটির এই অস্বাভাবিক অবস্থান ঘুষ লেনদেনের অভিযোগকে আরও প্রতিষ্ঠিত করেছে।
আরও পড়ুন: বাংলাদেশ-এস্তোনিয়া সম্পর্ক জোরদারে পররাষ্ট্র সচিবের সঙ্গে রাষ্ট্রদূতের আলোচনা
খাতসংশ্লিষ্টরা বলছেন, যেখানে আগের কমিটিগুলো জালিয়াতি ধরেছে, সেখানে রাতের আঁধারে নতুন কমিটির এই প্রতিবেদন তৈরির চেষ্টা সন্দেহজনক। মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে একটি অবৈধ রিফাইনারিকে বৈধতা দেওয়া হলে, তা দেশের জ্বালানি খাতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। অবিলম্বে সরকারের উচ্চ মহল থেকে এই রাতের আঁধারের তৎপরতা ও টাকার লেনদেনের বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন