১০:১৩ পি.এম
চূড়ান্ত যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬’ পাস হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিলটি রিপোর্ট আকারে উপস্থাপন করার পর তা পাস হয়।
এর আগে, চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর সর্বসম্মতিক্রমে গত ১১ নভেম্বর বিলটি সংসদীয় কমিটিতে পাস হয়। ওই দিন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বিলটি যাচাই-বাছাই সম্পন্ন করে সংসদ অধিবেশনে রিপোর্ট আকারে উপস্থাপনের অনুমোদন দেওয়া হয়।
আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
গত ২৬ জুলাই, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে বিলের খসড়া চূড়ান্ত অনুমোদন লাভ করে। এরপর, গত ১৯ আগস্ট লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক বিলটির ভেটিং সম্পন্ন হয়। পরবর্তীতে, বিলটি অর্থ বিল হিসেবে বিবেচিত হওয়ায় অর্থ বিভাগের মাধ্যমে গত ১৭ অক্টোবর রাষ্ট্রপতির সুপারিশ গ্রহণ করা হয়।
উল্লেখ্য, ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬’ প্রণয়নের মাধ্যমে বগুড়া ও এর সন্নিহিত এলাকার সমন্বিত ও পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য সংরক্ষণ, অপরিকল্পিত নগরায়ণ প্রতিরোধ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা, তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করার জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন