০৬:০১ পি.এম
ওমর ফারুক পরিবারিকভাবে বিয়ে করে নতুন স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন। বাড়ির সকল সদস্যরা আনন্দিত ছিলেন। কিন্তু আনন্দের সেই মুহূর্তেই বাড়ির পরিবেশে ছড়িয়ে পড়ে অস্বস্তি। বাসর রাতেই ফারুকের বাড়ির সামনে হাজির হন এক অন্তঃসত্ত্বা তরুণী।
তরুণীটি দাবি করেন, ফারুকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বিয়ের আশ্বাসে। তার গর্ভে ফারুকের সন্তান রয়েছে এবং তিনি এখন সন্তানের পিতৃপরিচয় ও স্ত্রীর স্বীকৃতি দাবি করছেন। এই পরিস্থিতিতে নববধূকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছেন ফারুক। ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর লক্ষীদিয়া গ্রামে এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেল পর্যন্ত তরুণীটি ফারুকের বাড়িতে অবস্থান করেছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, আইনি প্রতিকার পেতে রোববার তিনি ময়মনসিংহ শহরে গেছেন। তবে ফারুক বর্তমানে বাড়িতে নেই। বৃহস্পতিবার তিনি নববধূকে নিয়ে বাড়িতে ফিরেছিলেন। বিয়ের পরদিনই পুরোনো সম্পর্কের অভিযোগ সামনে আসায় বাড়ির পরিবেশ পাল্টে যায়।
আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্থানীয় সূত্রে জানা যায়, ওমর ফারুক নান্দাইল উপজেলার চর লক্ষীদিয়া গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার বিয়ে শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার সময়, পরিবারের সদস্য ও স্বজনেরা বিয়ের আনন্দে ব্যস্ত ছিলেন। ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হন ওই অন্তঃসত্ত্বা তরুণী। তার দাবি, ফারুকের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে এবং তার গর্ভে ফারুকের সন্তান বেড়ে উঠছে।
তরুণীটি জানান, মুঠোফোনের মাধ্যমে ওমর ফারুকের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফারুক তাকে ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে একাধিকবার শারীরিক সম্পর্ক হয় বলে অভিযোগ করেন তিনি।
তরুণীর দাবি, কিছুদিন পর তিনি জানতে পারেন, অন্তঃসত্ত্বা হয়েছেন। এরপর ফারুককে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। কিন্তু ফারুক বিয়ের বিষয়ে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন এবং একপর্যায়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। ফলে অনাগত সন্তানের ভবিষ্যৎ ও নিজের সামাজিক পরিচয় নিয়ে অনিশ্চয়তায় পড়েন তরুণীটি।
তিনি আরও অভিযোগ করেন, বারবার যোগাযোগের চেষ্টা করেও ফারুকের সাড়া পাননি। এর মধ্যেই বৃহস্পতিবার অন্য এক নারীকে বিয়ে করেন ফারুক। বিষয়টি জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পরে অনাগত সন্তানের পিতৃপরিচয় ও স্ত্রীর স্বীকৃতি আদায়ের দাবিতে ফারুকের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: মোহাম্মদপুরে বিদেশি রিভলভার, গুলি ও মাদকসহ ৪ জন আটক
তরুণীর ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি ফারুকের বাড়িতে গিয়ে অবস্থান নেন। ফারুকের সঙ্গে সরাসরি কথা বলে নিজের ও অনাগত সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করাই ছিল তার উদ্দেশ্য। তবে বাড়িতে গিয়ে ফারুককে পাননি বলে জানা গেছে।
এদিকে, ফারুকের বড় ভাইয়ের স্ত্রী নাজমা আক্তার বাড়িতে উপস্থিত ছিলেন। তিনি দাবি করেন, পারিবারিকভাবে বিয়ে করে নববধূকে বাড়িতে আনার পর রাতের ওই তরুণী সেখানে এসে ফারুকের সঙ্গে সম্পর্কের কথা জানান। তবে নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি বলে দাবি করেন নাজমা।
নাজমা আক্তার বলেন, ওই তরুণী একপর্যায়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন এবং আত্মহত্যার হুমকি দেন। এমন পরিস্থিতি এড়াতে তার দেবর নববধূকে নিয়ে বাড়ি থেকে চলে যান।
এদিকে, বিয়ের পরপরই এমন অভিযোগ সামনে আসায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে তরুণীর অভিযোগের সত্যতা, গর্ভের সন্তানের পিতৃত্ব কিংবা এ বিষয়ে ফারুকের বক্তব্য—কোনোটিই এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: ঐক্যের আহ্বানের আড়ালে অনৈক্য সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত সরকার: বিডিপি
ঘটনা সম্পর্কে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ওই নারীর অভিযোগ অনুযায়ী, ঘটনার সূত্রপাত ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায়। যেহেতু ঘটনাস্থল ময়মনসিংহ সদর থানা এলাকায়, তাই তাকে সেখানেই আইনি ব্যবস্থা নিতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন