০৭:৪৭ পি.এম
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা-জেদ্দা ফ্লাইটের চাকায় ধোঁয়া দেখা যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর এয়ারলাইন্স কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করেছে। তাদের বক্তব্য অনুযায়ী, উড়োজাহাজের চাকা বা অন্য কোনো যন্ত্রাংশে আগুনের ঘটনা ঘটেনি; বরং শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিল করার কারণে রানওয়ে ও চাকার মধ্যে অতিরিক্ত ঘর্ষণের ফলে ধোঁয়া সৃষ্টি হয়েছে।
এই ঘটনা ঘটে রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে, যখন বিমানবন্দরের ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৬১ ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়। এতে ফ্লাইটটির চার শতাধিক যাত্রীকে নিরাপদে নামিয়ে টার্মিনালে নেয়া হয়।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মো. কামরুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রার পূর্ব মুহূর্তে ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচের কারণে ককপিটে যান্ত্রিক ত্রুটির নির্দেশনা আসে। পাইলট ইন কমান্ড তাৎক্ষণিকভাবে যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেন, যা এভিয়েশন খাতে একটি স্বাভাবিক ঘটনা।
আরও পড়ুন: দিনাজপুরে খতমে নবুওয়ত সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিল করার কারণে রানওয়ে ও চাকার অতিরিক্ত ঘর্ষণের জন্য ধোঁয়া সৃষ্টি হয়। উড়োজাহাজের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গেয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুনের ঘটনা ঘটেনি।
সব প্রক্রিয়া মেনে উড়োজাহাজটি রানওয়ে থেকে পার্কিং এরিয়ায় নিয়ে এসে যাত্রীদের দ্রুত নামানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল যাত্রী নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যেই ইউএস-বাংলা এয়ারলাইন্সের আরেকটি উড়োজাহাজ ওই ফ্লাইটের যাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশ্যে রওনা হবে। এ ঘটনার পর বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
এর আগে বিকেলে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, রানওয়েতে উড়োজাহাজটির জরুরি বহির্গমন স্লাইড (ইমার্জেন্সি স্লাইড) দিয়ে যাত্রীদের দ্রুত নিচে নামিয়ে আনা হচ্ছে। এসময় যাত্রীদের অনেককেই সাদা এহরামের কাপড় পরিহিত অবস্থায় স্লাইড দিয়ে নামতে দেখা যায়।
নিচে অবস্থানরত বিমানবন্দরের নিরাপত্তা সদস্য ও এয়ারলাইন্সকর্মীরা যাত্রীদের নিরাপদে নামতে সহায়তা করেন এবং দ্রুত উড়োজাহাজ থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন। রানওয়ের পাশে অনেক যাত্রীকে জড়ো হয়ে থাকতে দেখা যায় এবং পরে এয়ারলাইন্সের বাসে করে তাদের টার্মিনালে নিয়ে যাওয়া হয়। ভিডিওতে আরও দেখা যায়, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের গাড়ি ও সদস্যরা রানওয়েতে পৌঁছে উড়োজাহাজের চাকা লক্ষ্য করে পানি ছিটাচ্ছেন এবং চাকা থেকে ধোঁয়া উড়ছে।
আরও পড়ুন: বগুড়া লেখক চক্রের তিন দিনব্যাপী কবি সম্মেলন শেষ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন