১১:২৭ পি.এম
ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি রবিবার বেলা ১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এই ঘোষণা দেন।
দেলোয়ার হোসেন মিয়া সালথা উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সভাপতি এবং সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের বর্তমান কার্যনির্বাহী সদস্য। ছাত্রজীবনে তিনি ফরিদপুর জেলা ছাত্রলীগের সমাজকল্যাণবিষয়ক সম্পাদকসহ আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি জেলা ও উপজেলা আওয়ামী লীগের সব পদ এবং দলীয় রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন। শারীরিক অসুস্থতা, ব্যক্তিগত পরিস্থিতি এবং রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতার কথা উল্লেখ করে আওয়ামী লীগের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
আরও পড়ুন: ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে অগ্নিসংযোগ
নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা ঘটনা, বঞ্চনা, হামলা-মামলা ও কারাবাসের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ৬৭ বছর বয়সী এই প্রবীণ আওয়ামী লীগ নেতা।
লিখিত বক্তব্যে দেলোয়ার হোসেন মিয়া জানান, ১৯৭৭ সালে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ১৯৭৮ সালে ফরিদপুর জেলা ছাত্রলীগের সমাজকল্যাণ সম্পাদক হিসেবে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। প্রায় ৪০ বছরের রাজনৈতিক জীবনে তিনি ২৫ বছর বিভিন্ন জনসেবামূলক দায়িত্ব পালন করেছেন।
তিনি ১৯৯১ সালে অবিভক্ত নগরকান্দা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুইবার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে দীর্ঘদিন সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।
এ ছাড়া একাধিকবার ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং ২০০৯ সালে সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
আরও পড়ুন: বিএনপির গোপন সভা থেকে আওয়ামী লীগের দুই নেতা আটক
বক্তব্যের শেষ পর্যায়ে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “আমার রাজনৈতিক জীবন ও জনপ্রতিনিধি থাকাকালীন সময়ে যদি কোনো ভুল করে থাকি কিংবা কাউকে মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে সবাই আমাকে ক্ষমা করে দেবেন। যারা সুখে-দুঃখে আমার ছায়ার মতো পাশে ছিলেন, তাঁদের অবদান আমি আজীবন হৃদয়ে স্মরণ রাখব।”
দীর্ঘ চার দশকের রাজনৈতিক পথচলার ইতি টানার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলনে তিনি তাঁর রাজনৈতিক জীবনের সঙ্গে যুক্ত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন