ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাজবাড়ী কো-অপারেটিভ ব্যাংকে কোটি কোটি টাকার লুটপাটের অভিযোগ


রাজবাড়ী কো-অপারেটিভ ব্যাংকে কোটি কোটি টাকার লুটপাটের অভিযোগ

রাজবাড়ী জেলা কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে কোটি কোটি টাকা লুটপাটের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। ব্যাংকটির তিনটি ভবন নির্মাণ এবং আর্থিক লেনদেনে ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে সমবায় অধিদপ্তরের তদন্ত কমিটি, যা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। তবে, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তিন বছর অতিবাহিত হলেও অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

জানা যায়, বিভাগীয় সমবায় কার্যালয় ঢাকার যুগ্ম নিবন্ধকের নির্দেশে (আদেশ নং-৯৮২, তারিখ : ৩১-০৭-২০২৩) মানিকগঞ্জের তৎকালীন জেলা সমবায় অফিসার সুমন আহমেদকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। দুই মাসের তদন্ত শেষে ২০১৩ থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত ব্যাপক অনিয়ম ও দুর্নীতির তথ্য সংবলিত প্রতিবেদনটি রাজধানীর আগারগাঁওয়ে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০০৬ সালে অ্যাডভোকেট এমএ খালেক সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই অনিয়ম শুরু হয়। উপ-আইন সংশোধন না করেই বিধিবহির্ভূতভাবে কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মেয়াদ শেষে নির্বাচন আটকাতে পরিকল্পিতভাবে আদালতে মামলা দায়ের করা হয়। ২০২০ সালের ২৯ আগস্ট সভাপতি এমএ খালেকের মৃত্যুর পর সহসভাপতি আব্দুল ওয়াহাব অবৈধভাবে সভাপতির দায়িত্ব পালন করছেন, যা সম্পূর্ণ সাংগঠনিক বিধি লঙ্ঘন। শহরের সজ্জনকান্দা ও বিনোদপুর মৌজায় ব্যাংকটির শতকোটি টাকা মূল্যের ৪৪ শতাংশ জমি রয়েছে। টেন্ডার বা প্রকৌশল বিভাগের তত্ত্বাবধান ছাড়াই সেখানে তিনটি ভবন নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

সজ্জনকান্দার চারতলা ‘সমবায় টাওয়ার-১’ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ২১ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় দেখানো হলেও কমিটি কোনো ভাউচার উপস্থাপন করতে পারেনি। খলিফা পট্টিতে ১০ শতাংশ জমির ওপর নির্মিত চারতলা ‘সমবায় টাওয়ার-৩’-এর কোনো তথ্যই প্রদান করেনি কমিটি; কাগজে-কলমে এর ব্যয় দেখানো হয়েছে মাত্র ৯৩ হাজার টাকা! এছাড়া বড়বাজারের অসম্পূর্ণ পাঁচতলা ‘সমবায় টাওয়ার-২’ (মদিনা মার্কেট) নির্মাণে ৯ কোটি ৭৫ লাখ ৩৬৮ টাকার কোনো ভাউচার পাওয়া যায়নি। এসব ভবন নির্মাণের জন্য পৌরসভার অনুমোদন নেই।

তদন্ত কমিটি ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বিরুদ্ধে মোট ছয় কোটি ৬৫ লাখ টাকার আর্থিক দায় নির্ধারণ করেছে। এর মধ্যে প্রয়াত সভাপতি এমএ খালেকের দায় ৮৩ লাখ ৮৪ হাজার ২৮৩ টাকা। বর্তমান সভাপতি আব্দুল ওয়াহাব, সদস্য মোয়াজ্জেম হোসেন, নব কুমার দত্ত, মৃদুল কান্তি সাহা, হেলাল উদ্দিন সরদার এবং প্রিন্সিপাল অফিসার হাবিবুর রহমান তালুকদার—প্রত্যেকের দায় ৯৬ লাখ ৯৬ হাজার ৬০৫ টাকা করে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি তিনটি ভবনের দুই শতাধিক দোকানের ভাড়া আদায়, স্টাফদের বেতন-ভাতা ও ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। সাধারণ সভার অনুমোদন ছাড়াই অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার হাবিবুর রহমানকে মাসে ৩৫ হাজার টাকা বেতনে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বর্তমান সভাপতি আব্দুল ওয়াহাবকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে প্রিন্সিপাল অফিসার হাবিবুর রহমান তালুকদার তদন্ত প্রতিবেদনকে ‘মনগড়া’ দাবি করে বলেন, ‘আমরা সবকিছুর জবাব দিয়েছি। উপযাচক হয়ে তো আর তদন্ত রিপোর্ট চাইতে পারি না।’

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় চার বিচারকের ওপর ১৫ হাজার মামলার ভার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে ৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৬ এম


নেপালে ৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

নেপালের কোশি প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টার দিকে এই ভূমিকম্পটি ঘটে, যা ভারত, ভুটান, বাংলাদেশ এবং চীনের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

ইউরোপিয়ান-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে ভূমিকম্পটি আঘাত হানে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে।

এনসিএস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, মঙ্গলবার সকাল ৭টা ২ মিনিট ৪৭ সেকেন্ডে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থলের অবস্থান ছিল ২৭ দশমিক ৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভারতের মাঙ্গান শহরের ৬৭ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি।

নেপালে ভূমিকম্পের পর ভারতের বিহার ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, বিহারের বেশ কয়েকটি জেলায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। তবে কোন কোন এলাকায় এর প্রভাব বেশি ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

এদিকে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির অনেক বাসিন্দাও ভূমিকম্পের কম্পন অনুভব করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তথ্যসূত্র: মিন্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা আজ অনুষ্ঠিত হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৭ এম


নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা আজ অনুষ্ঠিত হচ্ছে

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় চতুর্থবারের মতো আজ (২৪ নভেম্বর) বৈঠকে বসতে যাচ্ছে নিম্নতম মজুরি বোর্ড। গত সোমবার (২৩ নভেম্বর) প্রায় আট ঘণ্টা আলোচনা চললেও মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে মজুরি নিয়ে কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। সর্বশেষ আলোচনা অনুযায়ী, শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা এবং মালিকপক্ষ ১৫ হাজার ৮০০ টাকার প্রস্তাব দিয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভায় কয়েক দফা আলোচনা শেষে উভয় পক্ষ তাদের পূর্বের প্রস্তাব সংশোধন করে। এর আগে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানায়। অন্যদিকে, সভার শুরুতে মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৫ হাজার টাকা, যা পরে দুই দফায় সংশোধন করে ১৫ হাজার ৮০০ টাকায় পৌঁছানো হয়।

সোমবার (২৩ নভেম্বর) বেলা পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে সভা শুরু হয়। আলোচনা চলাকালীন কয়েক দফা বিরতির পর রাত সাড়ে আটটা পর্যন্ত আলোচনা চলে। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় সভাটি মুলতবি করা হয়। আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় আবারও সভা শুরু হওয়ার কথা রয়েছে।

শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার গণমাধ্যমকে জানান, মালিকপক্ষের প্রস্তাব তাদের কাছে গ্রহণযোগ্য ও যুক্তিসংগত মনে হয়নি। একইভাবে মালিকপক্ষও শ্রমিকদের প্রস্তাব গ্রহণ করেনি। এ কারণে উভয় পক্ষকেই আরও আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে হবে।

মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি গণমাধ্যমকে জানান, মূল্যস্ফীতি, শ্রমিকদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যসংখ্যা, মালিকদের আর্থিক সক্ষমতা এবং বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিযোগিতার অবস্থান বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণের আলোচনা চলছে। তিনি আরও জানান, চূড়ান্ত সুপারিশ ও সরকারি সিদ্ধান্তের আগে মালিকপক্ষের প্রস্তাব প্রকাশ করা হবে না।

এদিকে, মজুরি বৃদ্ধির দাবিতে সোমবারও (২৩ নভেম্বর) গাজীপুর ও সাভারে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করেন। গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। এর ফলে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

গাজীপুরে শ্রমিক অসন্তোষের কারণে প্রায় ৫৫টি কারখানার উৎপাদন বন্ধ ছিল। অন্যদিকে, সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের কারণে ৩৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এছাড়া শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ২২টি কারখানা বন্ধ ছিল। নিশ্চিন্তপুর এলাকায় বিক্ষোভ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় তিন শ্রমিক আহত হন।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ৪ নভেম্বর প্রথম এবং ৯ নভেম্বর দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব জমা দেয়। গত ১৬ নভেম্বর তৃতীয় সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুবলার চরে রাস উৎসব ও পুণ্যস্নান, ১০ হাজার পুণ্যার্থীর সমাগম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৭ এম


দুবলার চরে রাস উৎসব ও পুণ্যস্নান, ১০ হাজার পুণ্যার্থীর সমাগম

সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে ঐতিহ্যবাহী রাস উৎসব ও পুণ্যস্নান অনুষ্ঠিত হচ্ছে। রাস পূর্ণিমা উপলক্ষে দেশ ও বিদেশের হাজারো পুণ্যার্থী, পর্যটক ও দর্শনার্থী সেখানে সমাগম করেছেন। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারে ১০ হাজারের বেশি পুণ্যার্থীর সমাগম ঘটেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ভক্তরা বঙ্গোপসাগরের নোনা জলে পুণ্যস্নান করেন। এরপর তারা রাধা-কৃষ্ণের পূজা-অর্চনা, প্রদীপ প্রজ্বালন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা, ভজন-কীর্তন ও আলোকসজ্জায় উৎসবস্থলে ধর্মীয় আবহ তৈরি হয়েছে।

লোককথা ও স্থানীয় ইতিহাস অনুযায়ী, কয়েক শতাব্দী আগে হরিভজন নামের এক সাধু দুবলার চরে রাসপূজার সূচনা করেন। সময়ের সঙ্গে এই ধর্মীয় আয়োজন ঐতিহ্যবাহী উৎসবে পরিণত হয়েছে। তবে গত দুই বছর ধরে উৎসবে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে।

দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা লঞ্চ, ট্রলার ও অন্যান্য নৌযানে করে সুন্দরবনের নদীপথ পাড়ি দিয়ে দুবলার চরে পৌঁছান। তাদের যাতায়াতের জন্য বন বিভাগ আগেই নির্ধারিত নৌপথ ও রুট ঘোষণা করেছে।

উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে বন বিভাগ, কোস্ট গার্ড, নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চরের প্রবেশপথ, ঘাট ও আশপাশের জলসীমায় চলছে টহল। সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় নির্ধারিত রুট অনুসরণ, বনের ভেতরে প্রবেশ না করা এবং প্লাস্টিক-পলিথিন ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন জানিয়েছেন, শতবর্ষী এই রাস উৎসব উপকূলীয় অঞ্চল ও সুন্দরবনের একটি অনন্য ঐতিহ্য। ভোর থেকেই হাজারো পুণ্যার্থী শান্তিপূর্ণভাবে পুণ্যস্নান ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করছেন। বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় কোনো বিশৃঙ্খলা ছাড়াই উৎসব চলছে। পুণ্যার্থীদের সহযোগিতার পাশাপাশি সুন্দরবনের পরিবেশ রক্ষায় তার সংগঠন কাজ করছে।

বন বিভাগের দুবলা ইনচার্জ খলিলুর রহমান বলেছেন, এবারে দুবলার চরের আলোর কোলে ১০ হাজারের বেশি পুণ্যার্থীর সমাগম ঘটেছে। উৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পুণ্যার্থীদের চলাচল ও বর্জ্য ব্যবস্থাপনায় নজরদারি রাখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে কারণে ১১ দিন পর এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৮ এম


যে কারণে ১১ দিন পর এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং

বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন জেনসেন হুয়াং। বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে পদত্যাগের প্রায় ১১ দিন পর তিনি আবারও প্রতিষ্ঠানটিতে ফিরে এসেছেন।

সোমবার (২৩ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদ তাকে প্রেসিডেন্ট, সিইও এবং বোর্ড সদস্য হিসেবে পুনর্বহাল করেছে। এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হুয়াংয়ের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন। খবরটি আলজাজিরা দ্বারা প্রকাশিত।

প্রতিবেদন অনুযায়ী, চীনের এক কথিত গুপ্তচরের সঙ্গে সম্পর্কসহ একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগ করেছিলেন। তবে সোমবার এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জেনসেন হুয়াংকে আবারও কোম্পানির প্রেসিডেন্ট, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে।

ফিরে আসার ঘোষণা দিয়ে এক বিবৃতিতে হুয়াং বলেন, ‘নতুন শিল্পবিপ্লবের সূচনালগ্নে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রতিষ্ঠানের নেতৃত্বে ফিরতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’

তিনি আরও বলেন, ‘আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে এই দায়িত্ব গ্রহণ করছি এবং নতুন করে অঙ্গীকারবদ্ধ হচ্ছি। এই প্রক্রিয়ায় আমার ওপর আস্থা রাখা এবং বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নেয়ার জন্য এনভিডিয়ার পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানাতে চাই।’

এদিকে, সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ট্রাম্প মন্তব্য করেন, ‘এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জেনসেন হুয়াংকে আবার সিইও পদে ফিরিয়ে এনে সঠিক ও যথাযথ সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘জেনসেনের এনভিডিয়ায় ফিরে আসায় জাতীয় নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি তৈরি হবে—এমন বিশ্বাস করার কোনো কারণ যুক্তরাষ্ট্র সরকারের নেই।’

অন্যদিকে, হুয়াংয়ের ফিরে আসার খবর প্রকাশের পর সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে লেনদেন শুরুর সঙ্গে সঙ্গে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ৩০ শতাংশ বেড়ে যায়। বিশ্লেষকেরাও পরিচালনা পর্ষদের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। ফাউন্ডার্স ১০০ ইটিএফের পোর্টফোলিও ব্যবস্থাপক মাইকেল মোনাগান আল জাজিরাকে বলেন, এটি ‘বিশাল ইতিবাচক’ এক সিদ্ধান্ত।

মোনাগান মন্তব্য করেন, ‘জেনসেনের মতো প্রতিষ্ঠাতাদের স্থান কাউকে দিয়ে প্রতিস্থাপন করা যায় না। তাদের দূরদর্শিতা, কাজ বাস্তবায়নের দক্ষতা ও দৃঢ়তার তুলনা হয় না। যুক্তরাষ্ট্রের এসআই প্রতিযোগিতায় জয়ী হওয়া, এনভিডিয়া এবং সামগ্রিকভাবে উদ্ভাবনের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ, তা ভাষায় প্রকাশ করা কঠিন।’

ইয়র্কভিল আইভসের জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পরিচালক ড্যান আইভস সোমবার এক নোটে বলেন, ‘দিন শেষে জেনসেনকে ঘিরে বিতর্ক থাকা সত্ত্বেও পরিচালনা পর্ষদ বুঝতে পেরেছিল, তাকে ফিরিয়ে আনা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের জন্য এটাই ছিল প্রয়োজনীয় পদক্ষেপ।’

এর আগে ড্যান আইভস বলেছিলেন, জেনসেন হুয়াং না থাকলে এনভিডিয়ার বাজারমূল্য সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%