মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১০:১৪ এম
চুয়াডাঙ্গায় চিফ জুডিশিয়াল ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বর্তমানে চারজন বিচারক প্রায় ১৫ হাজার মামলার বিচারকাজ পরিচালনা করছেন। বিচারক সংকট, নিজস্ব ভবন না থাকা এবং অতিরিক্ত দায়িত্বের চাপের কারণে বিচারপ্রার্থী ও আইনজীবীরা চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন। তবে বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও মামলা নিষ্পত্তিতে গতি এসেছে। আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১ নভেম্বর চুয়াডাঙ্গায় চিফ জুডিশিয়াল ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম শুরু হয়। দীর্ঘ ১৯ বছর পার হয়ে গেলেও এখনো নিজস্ব কোনো ভবন নির্মিত হয়নি। ফলে জজ কোর্ট ভবনের কয়েকটি জরাজীর্ণ ও ছোট কক্ষে গাদাগাদি করে বিচার কার্যক্রম চলছে। বর্তমানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ মোট সাতটি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র চারজন বিচারক। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তিনটি পদের মধ্যে একটি এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তিনটি পদের মধ্যে দুটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
ফলে চারজন বিচারককে সমন্বয় করে ১৭টি কোর্টের দায়িত্ব সামলাতে হচ্ছে, যেখানে একজন বিচারককে একাই তিন থেকে পাঁচটি কোর্টের কাজ করতে হচ্ছে। বর্তমানে অধস্তন এসব আদালতে ১৪ হাজার ৭৯১টি মামলা বিচারাধীন রয়েছে। নিয়মিত মামলার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা সামারি ট্রায়াল মামলারও বিচার করছেন। এরই মধ্যে পাঁচটি কোর্টে প্রায় ৬০০টি সামারি ট্রায়াল মামলার নিষ্পত্তি হয়েছে। আদালতে আসা বিচারপ্রার্থীরা জানান, দীর্ঘদিন মামলা ঝুলে থাকায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আদালতে বসার পর্যাপ্ত জায়গা ও মানসম্মত শৌচাগার না থাকায় ভোগান্তি আরো বেড়েছে। তবে গত এক বছরে বিচারকাজে আগের চেয়ে গতি আসায় তারা আশাবাদী। দ্রুত শূন্য পদে বিচারক নিয়োগ ও মামলা নিষ্পত্তির দাবি জানান তারা।
আইনজীবীরা জানান, একজন বিচারকের পক্ষে একসঙ্গে তিন থেকে পাঁচটি কোর্ট পরিচালনা করা প্রায় অসম্ভব হলেও বিচারকরা তা করে যাচ্ছেন। এজলাসগুলো ব্যবহারের অনুপযোগী হওয়ায় আইনজীবী ও বিচারপ্রার্থী দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মারুফ সরোয়ার বাবু বলেন, ‘নানা সীমাবদ্ধতার মাঝেও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিচারব্যবস্থা সচল রয়েছে। মাত্র চারজন বিচারক দিয়ে প্রায় ১৫ হাজার মামলা পরিচালনা করা অত্যন্ত কঠিন। বিষয়টি নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি দ্রুত সময়ের মধ্যে ভবন নির্মাণ ও বিচারক সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে লা লিগার ইতিহাসে নতুন রেকর্ড স্থাপন করেছেন। স্প্যানিশ লিগে কোচ হিসেবে সর্বোচ্চ ম্যাচ জয়ের কীর্তি এখন এই আর্জেন্টাইন কোচের দখলে রয়েছে। তবে ব্যক্তিগত এই সাফল্যের দিনেও তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। মৌসুম শেষে আতলেতিকোর সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।
গতকাল রাতে হেতাফেকে ৩-০ গোলে পরাজিত করেছে আতলেতিকো মাদ্রিদ। এই জয়ের ফলে লা লিগায় কোচ হিসেবে সিমিওনের জয় সংখ্যা ৩৪৫-এ পৌঁছেছে। তিনি ৫৬৭ ম্যাচে এই রেকর্ড গড়েছেন। এর আগে ৫৩৩ ম্যাচে ৩৪৪ জয় নিয়ে শীর্ষে ছিলেন আতলেতিকো ও স্পেনের প্রাক্তন কোচ লুইস আরাগোনেস।
নতুন এই কীর্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিমিওনে। ম্যাচ শেষে তিনি মন্তব্য করেন, "এটা আমাকে আনন্দিত করেছে। সাধারণত খুব বেশি কিছু আমাকে আনন্দ দেয় না। তবে এর পেছনে অবিশ্বাস্য পরিমাণ পরিশ্রম রয়েছে।"
দীর্ঘদিন ধরেই রক্ষণাত্মক ফুটবলের জন্য সমালোচনার মুখে পড়তে হয় সিমিওনেকে। তবে তিনি সেই সমালোচনাকে বিশেষ গুরুত্ব দিতে চান না। বরং নিজের দলের সাফল্যের উদাহরণ টেনে সমালোচকদের প্রশ্ন ছুড়ে দিয়েছেন এই আর্জেন্টাইন। তার ভাষায়, "আমাদের নিয়মিত সমালোচনা করা হয়। আমাদের রক্ষণাত্মক দল হিসেবে তুলে ধরা হয়, যেন আমরা সব সময় শুধু রক্ষণই করি। শুধু রক্ষণ করে ৩৪৫ ম্যাচ জেতা যায় না। এটা কি আদৌ সম্ভব?"
২০১১ সালের ২৩ ডিসেম্বর আতলেতিকো মাদ্রিদের দায়িত্ব গ্রহণ করেন সিমিওনে। এরপর তার নেতৃত্বে স্প্যানিশ ক্লাবটি ইউরোপের অন্যতম শক্তিশালী ক্লাবে পরিণত হয়েছে। তার অধীনে আতলেতিকো দুটি লা লিগা, একটি কোপা দেল রে, দুটি ইউরোপা লিগ ও দুটি উয়েফা সুপার কাপ জিতেছে। এ ছাড়া তারা দুবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠলেও শিরোপা জয়ের স্বাদ পায়নি।
চলতি মৌসুমেও আতলেতিকো ভালো অবস্থানে রয়েছে। ১৩ ম্যাচে ১০ জয় নিয়ে তারা পয়েন্ট তালিকার তিন নম্বরে অবস্থান করছে। মাঠের এমন সাফল্যের পরও সিমিওনের ভবিষ্যৎ নিয়ে রয়েছে ধোঁয়াশা। মৌসুম শেষে ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে।
লা লিগায় জয়ের নতুন রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন সিমিওনে। এখন দেখার বিষয়, এই রেকর্ডের মুকুট মাথায় নিয়েই তিনি আতলেতিকোকে বিদায় জানাবেন, নাকি আরও এক মৌসুম ডাগআউটে থেকে নতুন ইতিহাস গড়বেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজবাড়ী জেলা কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে কোটি কোটি টাকা লুটপাটের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। ব্যাংকটির তিনটি ভবন নির্মাণ এবং আর্থিক লেনদেনে ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে সমবায় অধিদপ্তরের তদন্ত কমিটি, যা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। তবে, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তিন বছর অতিবাহিত হলেও অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
জানা যায়, বিভাগীয় সমবায় কার্যালয় ঢাকার যুগ্ম নিবন্ধকের নির্দেশে (আদেশ নং-৯৮২, তারিখ : ৩১-০৭-২০২৩) মানিকগঞ্জের তৎকালীন জেলা সমবায় অফিসার সুমন আহমেদকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। দুই মাসের তদন্ত শেষে ২০১৩ থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত ব্যাপক অনিয়ম ও দুর্নীতির তথ্য সংবলিত প্রতিবেদনটি রাজধানীর আগারগাঁওয়ে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০০৬ সালে অ্যাডভোকেট এমএ খালেক সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই অনিয়ম শুরু হয়। উপ-আইন সংশোধন না করেই বিধিবহির্ভূতভাবে কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মেয়াদ শেষে নির্বাচন আটকাতে পরিকল্পিতভাবে আদালতে মামলা দায়ের করা হয়। ২০২০ সালের ২৯ আগস্ট সভাপতি এমএ খালেকের মৃত্যুর পর সহসভাপতি আব্দুল ওয়াহাব অবৈধভাবে সভাপতির দায়িত্ব পালন করছেন, যা সম্পূর্ণ সাংগঠনিক বিধি লঙ্ঘন। শহরের সজ্জনকান্দা ও বিনোদপুর মৌজায় ব্যাংকটির শতকোটি টাকা মূল্যের ৪৪ শতাংশ জমি রয়েছে। টেন্ডার বা প্রকৌশল বিভাগের তত্ত্বাবধান ছাড়াই সেখানে তিনটি ভবন নির্মাণ করা হয়েছে।
সজ্জনকান্দার চারতলা ‘সমবায় টাওয়ার-১’ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ২১ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় দেখানো হলেও কমিটি কোনো ভাউচার উপস্থাপন করতে পারেনি। খলিফা পট্টিতে ১০ শতাংশ জমির ওপর নির্মিত চারতলা ‘সমবায় টাওয়ার-৩’-এর কোনো তথ্যই প্রদান করেনি কমিটি; কাগজে-কলমে এর ব্যয় দেখানো হয়েছে মাত্র ৯৩ হাজার টাকা! এছাড়া বড়বাজারের অসম্পূর্ণ পাঁচতলা ‘সমবায় টাওয়ার-২’ (মদিনা মার্কেট) নির্মাণে ৯ কোটি ৭৫ লাখ ৩৬৮ টাকার কোনো ভাউচার পাওয়া যায়নি। এসব ভবন নির্মাণের জন্য পৌরসভার অনুমোদন নেই।
তদন্ত কমিটি ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বিরুদ্ধে মোট ছয় কোটি ৬৫ লাখ টাকার আর্থিক দায় নির্ধারণ করেছে। এর মধ্যে প্রয়াত সভাপতি এমএ খালেকের দায় ৮৩ লাখ ৮৪ হাজার ২৮৩ টাকা। বর্তমান সভাপতি আব্দুল ওয়াহাব, সদস্য মোয়াজ্জেম হোসেন, নব কুমার দত্ত, মৃদুল কান্তি সাহা, হেলাল উদ্দিন সরদার এবং প্রিন্সিপাল অফিসার হাবিবুর রহমান তালুকদার—প্রত্যেকের দায় ৯৬ লাখ ৯৬ হাজার ৬০৫ টাকা করে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি তিনটি ভবনের দুই শতাধিক দোকানের ভাড়া আদায়, স্টাফদের বেতন-ভাতা ও ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। সাধারণ সভার অনুমোদন ছাড়াই অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার হাবিবুর রহমানকে মাসে ৩৫ হাজার টাকা বেতনে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বর্তমান সভাপতি আব্দুল ওয়াহাবকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে প্রিন্সিপাল অফিসার হাবিবুর রহমান তালুকদার তদন্ত প্রতিবেদনকে ‘মনগড়া’ দাবি করে বলেন, ‘আমরা সবকিছুর জবাব দিয়েছি। উপযাচক হয়ে তো আর তদন্ত রিপোর্ট চাইতে পারি না।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেপালের কোশি প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টার দিকে এই ভূমিকম্পটি ঘটে, যা ভারত, ভুটান, বাংলাদেশ এবং চীনের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
ইউরোপিয়ান-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে ভূমিকম্পটি আঘাত হানে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে।
এনসিএস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, মঙ্গলবার সকাল ৭টা ২ মিনিট ৪৭ সেকেন্ডে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থলের অবস্থান ছিল ২৭ দশমিক ৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভারতের মাঙ্গান শহরের ৬৭ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি।
নেপালে ভূমিকম্পের পর ভারতের বিহার ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে।
সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, বিহারের বেশ কয়েকটি জেলায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। তবে কোন কোন এলাকায় এর প্রভাব বেশি ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
এদিকে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির অনেক বাসিন্দাও ভূমিকম্পের কম্পন অনুভব করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তথ্যসূত্র: মিন্ট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় চতুর্থবারের মতো আজ (২৪ নভেম্বর) বৈঠকে বসতে যাচ্ছে নিম্নতম মজুরি বোর্ড। গত সোমবার (২৩ নভেম্বর) প্রায় আট ঘণ্টা আলোচনা চললেও মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে মজুরি নিয়ে কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। সর্বশেষ আলোচনা অনুযায়ী, শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা এবং মালিকপক্ষ ১৫ হাজার ৮০০ টাকার প্রস্তাব দিয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভায় কয়েক দফা আলোচনা শেষে উভয় পক্ষ তাদের পূর্বের প্রস্তাব সংশোধন করে। এর আগে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানায়। অন্যদিকে, সভার শুরুতে মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৫ হাজার টাকা, যা পরে দুই দফায় সংশোধন করে ১৫ হাজার ৮০০ টাকায় পৌঁছানো হয়।
সোমবার (২৩ নভেম্বর) বেলা পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে সভা শুরু হয়। আলোচনা চলাকালীন কয়েক দফা বিরতির পর রাত সাড়ে আটটা পর্যন্ত আলোচনা চলে। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় সভাটি মুলতবি করা হয়। আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় আবারও সভা শুরু হওয়ার কথা রয়েছে।
শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার গণমাধ্যমকে জানান, মালিকপক্ষের প্রস্তাব তাদের কাছে গ্রহণযোগ্য ও যুক্তিসংগত মনে হয়নি। একইভাবে মালিকপক্ষও শ্রমিকদের প্রস্তাব গ্রহণ করেনি। এ কারণে উভয় পক্ষকেই আরও আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে হবে।
মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি গণমাধ্যমকে জানান, মূল্যস্ফীতি, শ্রমিকদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যসংখ্যা, মালিকদের আর্থিক সক্ষমতা এবং বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিযোগিতার অবস্থান বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণের আলোচনা চলছে। তিনি আরও জানান, চূড়ান্ত সুপারিশ ও সরকারি সিদ্ধান্তের আগে মালিকপক্ষের প্রস্তাব প্রকাশ করা হবে না।
এদিকে, মজুরি বৃদ্ধির দাবিতে সোমবারও (২৩ নভেম্বর) গাজীপুর ও সাভারে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করেন। গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। এর ফলে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
গাজীপুরে শ্রমিক অসন্তোষের কারণে প্রায় ৫৫টি কারখানার উৎপাদন বন্ধ ছিল। অন্যদিকে, সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের কারণে ৩৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এছাড়া শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ২২টি কারখানা বন্ধ ছিল। নিশ্চিন্তপুর এলাকায় বিক্ষোভ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় তিন শ্রমিক আহত হন।
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ৪ নভেম্বর প্রথম এবং ৯ নভেম্বর দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব জমা দেয়। গত ১৬ নভেম্বর তৃতীয় সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ