ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

‘ডিআইইউ ইকোনমিক্স ফোরাম’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু, শিক্ষার্থীদের জন্য প্ল্যাটফর্ম


‘ডিআইইউ ইকোনমিক্স ফোরাম’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু, শিক্ষার্থীদের জন্য প্ল্যাটফর্ম

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, নেতৃত্বের বিকাশ, গবেষণা এবং সহশিক্ষামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ডিআইইউ ইকোনমিক্স ফোরাম’।

রোববার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (এসটিসি) মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে ফোরামটির উদ্বোধন করা হয়।

নবগঠিত এই ফোরাম অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক দক্ষতা বৃদ্ধি, গবেষণামূলক চিন্তাভাবনা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে কাজ করবে। পাশাপাশি, বিভিন্ন সেমিনার, কর্মশালা, গবেষণা উপস্থাপনা, বিতর্ক এবং অ্যাকাডেমিক কার্যক্রম আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সংযোগ ঘটানোই ফোরামটির অন্যতম লক্ষ্য।

আরও পড়ুন: বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে চাকরির আবেদন শুরু ২২ নভেম্বর

অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক শামীম আক্তার মন্তব্য করেন, ‘বিভাগের চেয়ারম্যান হিসেবে আমি বিশ্বাস করি, ডিআইইউ ইকোনমিক্স ফোরাম শিক্ষার্থীদের অর্থনৈতিক চিন্তাভাবনা, বিশ্লেষণী দক্ষতা, গবেষণামনস্কতা, সৃজনশীলতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি সেমিনার, কর্মশালা, গবেষণা উপস্থাপনা, বিতর্ক এবং বিভিন্ন অ্যাকাডেমিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করার সুযোগ সৃষ্টি করবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের প্রত্যাশা, এই ফোরাম শুধুমাত্র একটি শিক্ষার্থী সংগঠন হিসেবে নয়, বরং জ্ঞান, উদ্ভাবন, গবেষণা এবং পেশাগত উৎকর্ষের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং সকল শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় ডিআইইউ ইকোনমিক্স ফোরাম ভবিষ্যতে একটি সমৃদ্ধ ও গতিশীল অ্যাকাডেমিক পরিবেশ তৈরিতে অবদান রাখবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকিন।

এছাড়া, উপস্থিত ছিলেন ডিআইইউর পরিচালক, শিক্ষার্থী কল্যাণ বিভাগ ও উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরী (ইংরেজি বিভাগ) এবং সেন্টার ফর রিসার্চ এক্সিলেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের (সিআরইডি) যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক মিলি রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আরও পড়ুন: শিশুর অধিকারের খোঁজে: শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

নতুন এই ফোরামের মাধ্যমে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ, অ্যাকাডেমিক উৎকর্ষ, পারস্পরিক সহযোগিতা এবং নেতৃত্বের বিকাশ ঘটবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশেদের ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় মানবাধিকার পরিষদের তীব্র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


রাশেদের ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় মানবাধিকার পরিষদের তীব্র নিন্দা

বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের দ্বারা প্রকাশ্যে দৈনিক আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

সংগঠনটির চেয়ারম্যান অধ্যাপক এ এম এম মোস্তফা কামাল এবং মহাসচিব অ্যাডভোকেট গোলাম কিবরিয়া এক প্রতিবাদ বিবৃতিতে বলেন, "বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক আমার দেশ গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হিসেবে দেশ ও জাতির কল্যাণে অন্যায়, জুলুম ও দুর্নীতির বিরুদ্ধে সাহসী ভূমিকা পালন করে আসছে।" পত্রিকাটির ভূমিকা দেশের প্রিন্ট মিডিয়ায় অনন্য বলে তারা উল্লেখ করেন।

তারা আরও বলেন, "গত ১৫ বছর ফ্যাসিবাদী সরকারের জুলুম ও নির্যাতনের শিকার হয়ে পত্রিকাটি দীর্ঘ সময় বন্ধ ছিল। বর্তমানে দেশ ও জাতির সমৃদ্ধি ও অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছে পত্রিকাটি।" তবে, তারা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছেন যে, কিছু স্বার্থান্বেষী মহল এ অগ্রগতি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

এই প্রেক্ষাপটে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন প্রকাশ্যে দৈনিক আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলেছেন, যা গণতন্ত্র ও স্বাধীন সংবাদপত্রের জন্য একটি হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।

বিবৃতিতে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এ এম এম মোস্তফা কামাল এবং মহাসচিব অ্যাডভোকেট গোলাম কিবরিয়া এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে হাতির গতিপথ শনাক্তে ১৫টি এআই ক্যামেরা স্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


শেরপুরে হাতির গতিপথ শনাক্তে ১৫টি এআই ক্যামেরা স্থাপন

শেরপুরে হাতি-মানুষের সংঘাত কমানোর জন্য একটি অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হাতির চলাচলের পথে ১৫টি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ক্যামেরা স্থাপন করা হয়েছে। হাতি যখন লোকালয়ের দিকে এগিয়ে আসে, তখন তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের কাছে সতর্কবার্তা পৌঁছে যাচ্ছে। এই খবর পেয়ে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন।

পাহাড় থেকে হাতি লোকালয়ের দিকে আসার খবর পেতে আগে হাতির দেখা পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতো। এই সময়ের মধ্যে হাতির পাল ঘরবাড়ি কিংবা ফসলের মাঠে পৌঁছে যেতে পারতো। এতে প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির ঝুঁকি বাড়তো। তবে বর্তমানে বনবিভাগের কর্মকর্তারা অফিসে বসেই হাতির গতিপথ পর্যবেক্ষণ করছেন। বন্যহাতি লোকালয়ে আসার আগেই তারা প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন।

শেরপুরের নালিতাবাড়ীর গহিন বনের পাহাড়ি এলাকায় হাতির চলাচলের পথে পরীক্ষামূলকভাবে সমচূড়া, মধুটিলা, বুরুঙ্গা, ডালুকোণা, দাওধারা-কাটাবাড়ীসহ বিভিন্ন পয়েন্টে এই ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছে। হাতির উপস্থিতি শনাক্ত করে ক্যামেরাগুলো স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা মোবাইলে পাঠাচ্ছে। ফলে আগাম সংকেত পাওয়ায় বন বিভাগ ও ইআরটির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারছেন। হাতি লোকালয়ে প্রবেশের আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। জেলার অন্যান্য হাতিপ্রবণ এলাকায়ও এই ক্যামেরা স্থাপনের দাবি স্থানীয়দের।

নালিতাবাড়ী উপজেলার মধুটিলা এলাকার ইআরটি সদস্য আরফান জানান, "ক্যামেরাগুলো লাগানোর পর এই এলাকায় হাতির আক্রমণে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে গেছে। হাতির লোকালয়ে আসার আগেই আমরা সতর্কবার্তা পাই। তখন দ্রুত আমাদের ইআরটি সদস্যরা গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বন্যহাতিগুলো আবারও বনের ভেতর ফিরিয়ে দিয়ে আসি। ফলে হাতির আক্রমণে এখন আর মানুষের ফসল বা বাড়িঘরের কোনো ক্ষতি হচ্ছে না।"

ঝিনাইগাতীর পাহাড়ি এলাকা গোমরা গ্রামের আনোয়ার বলেন, "আমরা পাহাড়ি এলাকায় বাস করি। আমাদের বাড়ি থেকে সীমান্তের দূরত্ব মাত্র ৪০০ মিটার। আমাদের এই এলাকায় হাতির আক্রমণ অনেক বেশি। শুনেছি নালিতাবাড়ী উপজেলায় হাতির আগাম সংবাদ জানতে এআই ক্যামেরা বসানো হয়েছে। আগাম খবর পাওয়ায় হাতির আক্রমণ ঠেকানো সম্ভব হচ্ছে। তাই আমরাও চাই আমাদের ঝিনাইগাতীর হাতির চলাচলের পথেও যেন এসব ক্যামেরা বসানো হয়। তাতে আমরাও হাতির আক্রমণ থেকে নিজেদের জানমালসহ ফসল রক্ষা করতে পারব।"

শ্রীবরদী উপজেলার আয়শা আইন উদ্দিন মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের শিক্ষক হাবিবুল হক পলাশ বলেন, "গহিন বনের পাহাড়ি এলাকায় হাতি ফেরাতে এআই ক্যামেরা স্থাপনের বিষয়টি সত্যিই প্রশংসার দাবি রাখে। তবে, শুধু ক্যামেরা স্থাপনেই সীমাবদ্ধ না থেকে পাহাড়ে জলাশয় স্থাপন ও হাতির পছন্দের খাদ্য বৃদ্ধি করতে হবে। তাহলে বন্যহাতিগুলো আর লোকালয়ে আসবে না।"

মধুটিলা রেঞ্জের রেঞ্জার মো. আব্দুল করিম বলেন, "ক্যামেরাগুলো লাগানোতে আমাদের হাতির চলাচলের ওপর নজর রাখা সহজ হয়েছে। হাতিগুলো বনের ভেতরে থাকতেই আমরা আমাদের মোবাইলে নোটিফিকেশন পাই। আর সঙ্গে সাথেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারি। তবে আরও কিছু এআই ক্যামেরা স্থাপন করা প্রয়োজন।"

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফহিম চৌধুরী জানান, "প্রাথমিকভাবে ১৫টি ক্যামেরা স্থাপন করে সফলতা পাওয়া গেছে। হাতি এবং মানুষের দ্বন্দ্ব কমাতে এসব এলাকায় আরও কিছু ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেয়া হবে।"

বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স ও মোবাইল অপারেটর গ্রামীণফোনের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতায় এই পাইলট প্রকল্পটি নেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজউকের প্লট দুর্নীতিতে শওকত আজিজ রাসেল কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


রাজউকের প্লট দুর্নীতিতে শওকত আজিজ রাসেল কারাগারে

পূর্বাচল আবাসিক প্রকল্পের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। রবিবার (১ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত ৯-এর বিচারক মো. আব্দুস সালাম এই আদেশ প্রদান করেন।

আজিজ রাসেল বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি এবং আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি ওইদিন ঢাকার বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে রাসেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাসেল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। রবিবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তার আইনজীবীরা মামলার রায়ের বিরুদ্ধে আপিলের শর্তে জামিনের আবেদন করেন। একইসঙ্গে কারাগারে ডিভিশন চাওয়ার আবেদনও করা হয়। তবে আদালত তার জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত ১৩ অক্টোবর একই আদালত রাসেলসহ আটজনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়ে রায় প্রদান করে। মামলার রায়ে শওকত আজিজ ও আশফাক আজিজকে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। তাদের উভয় ধারায় ৭ বছর করে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা করে ২০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন– রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী, সাবেক সদস্য এস. ডি. ফয়েজ, এ. কে. এম. ওয়াহেদুল ইসলাম, এস. এম. জাফর উল্লাহ, এইচ. এম. জহুরুল হক, মো. রেজাউল করিম তরফদার, পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের দুই ছেলে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেল। একই সঙ্গে প্রত্যেক আসামিকে জরিমানাও করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবুধাবিতে স্বর্ণের ছয়টি ডিম প্রত্যাশিত দামে বিক্রি হয়নি, ফেরত নেওয়ার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪২ পি.এম


আবুধাবিতে স্বর্ণের ছয়টি ডিম প্রত্যাশিত দামে বিক্রি হয়নি, ফেরত নেওয়ার চেষ্টা

বাংলাদেশে স্বর্ণের তৈরি ছয়টি ডিম আবুধাবি থেকে আনা হয়েছিল। তবে দেশের বাজারে প্রত্যাশিত মূল্য না পাওয়ার কারণে সেগুলো ফের আবুধাবিতে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছিল। এই ঘটনায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) পৃথক দুটি অভিযানে ২ কেজি ৭২৮ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের ডিম জব্দ করেছে। এগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।

রবিবার (১ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২৭ ফ্লাইটে কাস্টমস গোয়েন্দারা অভিযান পরিচালনা করেন। সন্দেহভাজন যাত্রী মোহাম্মদ মিনহাজকে ফ্লাইট থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার সহযোগিতায় তিনটি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়, যেগুলোর মোট ওজন ১ কেজি ৩৬৪ গ্রাম।

একই সময়ে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ফেলে রাখা অবস্থায় আরো তিনটি স্বর্ণের ডিম উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দারা। এগুলোর ওজনও ১ কেজি ৩৬৪ গ্রাম। দুই অভিযানে মোট ছয়টি স্বর্ণের ডিম জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, স্বর্ণের ডিমগুলো পূর্বে আবুধাবি থেকে বাংলাদেশে আনা হয়েছিল। তবে দেশের বাজারে প্রত্যাশিত মূল্য না পাওয়ায় সেগুলো আবার আবুধাবিতে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, ছয়টি স্বর্ণের ডিমের মোট ওজন ২ কেজি ৭২৮ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।

বিদেশ থেকে স্বর্ণ এনে দেশে বিক্রি না হওয়ার পর আবার বিদেশে নেওয়ার প্রচেষ্টার ঘটনায় স্বর্ণ চোরাচালানের নতুন কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। গোয়েন্দারা স্বর্ণের প্রকৃত উৎস, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা, সম্ভাব্য চোরাচালান চক্র এবং আন্তর্জাতিক যোগাযোগের বিষয়গুলো খতিয়ে দেখছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%