বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৪২ পি.এম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে বিশ্বের বৃহত্তম স্থায়ী সরস্বতী প্রতিমা নির্মাণ প্রকল্পের অর্থায়ন, অর্থদাতাদের পরিচয়, অনুমোদন প্রক্রিয়া এবং ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের দাবি তুলেছে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচআরডিএস), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে, প্রতিমা নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের নিরপেক্ষ পর্যালোচনা এবং সব ধর্ম ও জাতিসত্তার শিক্ষার্থীদের সমান অধিকার নিশ্চিত করার জন্য ছয় দফা দাবি জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।
বৃহস্পতিবার, সংগঠনটির দপ্তর সম্পাদক মো. তারিফ আহম্মেদ তুহিন স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এসব দাবি উত্থাপন করা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, জগন্নাথ হলে স্থায়ী সরস্বতী প্রতিমা নির্মাণের উদ্যোগের ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পক্ষে-বিপক্ষে বিভিন্ন বক্তব্য, কর্মসূচি এবং বিতর্কের সৃষ্টি হয়েছে। একদিকে, উদ্যোগটির সমর্থকরা ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরছেন; অন্যদিকে, কিছু শিক্ষার্থী প্রকল্পটির প্রয়োজনীয়তা, অর্থায়নের উৎস, স্থায়ী ধর্মীয় স্থাপনা নির্মাণের নীতিগত ভিত্তি এবং বিশ্ববিদ্যালয়ের অসাম্প্রদায়িক চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননাকর বক্তব্যের অভিযোগও উঠেছে।
এ পরিস্থিতিতে ধর্মীয় স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানায় এইচআরডিএস। সংগঠনটির মতে, ধর্মীয় স্বাধীনতা কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের অনুগ্রহ নয়; বরং এটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। সংবিধানের ২৭, ২৮ ও ৪১ অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা, ধর্মের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধকরণ এবং ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। তাই ধর্মীয় পরিচয় বা বিশ্বাসের কারণে কোনো শিক্ষার্থী যেন বৈষম্য, বিদ্বেষ কিংবা হেনস্তার শিকার না হন, তা নিশ্চিত করা রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব।
বিবৃতিতে আরও বলা হয়, জগন্নাথ হলে দীর্ঘকাল ধরে সরস্বতী পূজাসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিমা নির্মাণের বিরোধিতার নামে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের ধর্মীয় অধিকার খর্ব করা কিংবা তাঁদের বিশ্বাস ও উপাস্য দেবদেবীকে অবমাননা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একইভাবে, প্রতিমা নির্মাণের বিরোধিতাকারী শিক্ষার্থীদের মতপ্রকাশ ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারও সমানভাবে সংরক্ষণ করা উচিত।
সংগঠনটি জানায়, প্রতিমা নির্মাণের প্রয়োজনীয়তা, অর্থায়ন কিংবা বিশ্ববিদ্যালয়ের নীতিগত অবস্থান নিয়ে শিক্ষার্থীদের যৌক্তিক প্রশ্ন ও সমালোচনাকে স্বয়ংক্রিয়ভাবে সাম্প্রদায়িকতা হিসেবে চিহ্নিত করা উচিত নয়। আবার মতপ্রকাশের স্বাধীনতার আড়ালে কোনো ধর্ম বা সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ ছড়ানোর সুযোগও থাকা উচিত নয়। এ ক্ষেত্রে সব পক্ষের অধিকার ও মর্যাদা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
প্রকল্পের অর্থায়ন ও ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রতিমা নির্মাণ প্রকল্পে প্রায় এক কোটি ২৫ লাখ টাকা ব্যয়ের তথ্য বিক্ষোভকারীদের পক্ষ থেকে সামনে আনা হয়েছে। তবে প্রকল্পটির প্রকৃত ব্যয়, অর্থের উৎস, অর্থদাতাদের পরিচয়, প্রকল্পটির অনুমোদনের প্রক্রিয়া এবং কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে—এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করতে হবে।
এছাড়া, অর্থায়নের উৎস কিংবা বিদেশি প্রভাব নিয়ে তথ্য-প্রমাণ ছাড়া কোনো অনুমাননির্ভর অভিযোগকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে প্রচার না করার আহ্বান জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। তাদের মতে, এ ধরনের বিতর্কের গ্রহণযোগ্য সমাধানের জন্য অনুমান বা পাল্টাপাল্টি বক্তব্যের পরিবর্তে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও তথ্যভিত্তিক পর্যালোচনা প্রয়োজন।
বিবৃতিতে ছয় দফা দাবি তুলে ধরে এইচআরডিএস। দাবিগুলো হলো—প্রতিমা নির্মাণের সিদ্ধান্তের প্রাতিষ্ঠানিক, সাংস্কৃতিক ও মানবাধিকারগত দিক পর্যালোচনায় নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া গ্রহণ; প্রকল্পের অনুমোদন, ব্যয় ও অর্থায়নের উৎস প্রকাশ; সব ধর্ম ও জাতিসত্তার শিক্ষার্থীদের ধর্মীয় স্বাধীনতা ও সমান মর্যাদা নিশ্চিত করা; প্রকল্পের পক্ষে-বিপক্ষে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মতপ্রকাশ ও প্রতিবাদের অধিকার সংরক্ষণ; ধর্মীয় অবমাননাকর বক্তব্য এবং সাম্প্রদায়িকতার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা এবং জগন্নাথ হলে শান্তিপূর্ণ পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।
সংগঠনটি বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো একক ধর্ম, মতাদর্শ কিংবা রাজনৈতিক গোষ্ঠীর প্রতিষ্ঠান নয়। এটি সব ধর্ম, বর্ণ, জাতিসত্তা ও মতাদর্শের মানুষের উচ্চশিক্ষা এবং মুক্তবুদ্ধি চর্চার জায়গা। অসাম্প্রদায়িকতার অর্থ কোনো ধর্মীয় সম্প্রদায়ের ধর্মীয় চর্চাকে সীমিত করা নয়; বরং সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা, সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা।
বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, এ বিতর্ককে সাম্প্রদায়িক বিভাজন কিংবা রাজনৈতিক মেরুকরণের দিকে না নিয়ে যুক্তি, মানবিকতা, পারস্পরিক শ্রদ্ধা ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২০১৯ সালে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলার প্রাথমিক শুনানির সময় মিয়ানমারের পক্ষে গণহত্যার অভিযোগের বিরুদ্ধে সাফাই গেয়েছিলেন নোবেলজয়ী অং সান সু চি।
সেই সময় তিনি মিয়ানমারের কার্যত বেসামরিক নেতা ছিলেন। ১৯৯১ সালে সামরিক সরকারের বিরুদ্ধে অহিংস আন্দোলনের স্বীকৃতি হিসেবে সু চি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
তবে তার ক্ষমতায় থাকা অবস্থায় তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। কারণ ২০১৬ ও ২০১৭ সালে তার সরকারের অধীনে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দ্বারা রোহিঙ্গাদের ওপর পরিচালিত নির্বিচার হত্যাকাণ্ড, ধর্ষণ ও ব্যাপক অগ্নিসংযোগের ঘটনাগুলোর সমালোচনা করতে তিনি অস্বীকার করেন।
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত যৌন সহিংসতার তথ্য-প্রমাণ প্রকাশিত হওয়ার পরও অং সান সু চির কার্যালয় এসব অভিযোগকে ‘ভুয়া ধর্ষণ’ হিসেবে উল্লেখ করে।
যখন সরাসরি প্রশ্ন করা হয়, তখন তিনি অস্বীকার করেন যে রোহিঙ্গারা জাতিগত নিধনের শিকার হয়েছে। নৃশংসতার বিষয়ে উপস্থাপিত অসংখ্য সাক্ষ্য-প্রমাণকে তিনি ‘ভুল তথ্যের বিশাল বরফের খণ্ড’ হিসেবে বর্ণনা করেন। এমনকি তিনি ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার করতে বিরত থাকেন, যা সামরিক বাহিনীর মিথ্যা দাবিকে আরো শক্তিশালী করে তোলে—যেখানে বলা হয়, এই মুসলিম জাতিগোষ্ঠীর কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ রোহিঙ্গারা মিয়ানমারের কোনো স্বতন্ত্র জাতিগোষ্ঠী নয়; তারা প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা অভিবাসী।
সু চির বাবা ছিলেন মিয়ানমারের সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা এবং দেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নায়ক। তবে রাষ্ট্র পরিচালনার সময় সু চির হাতে পূর্ণ ক্ষমতা ছিল না। তাকে সেনাবাহিনীর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তির আওতায় সরকার পরিচালনা করতে হয়েছিল।
তার সমর্থকদের দাবি, সেনা জেনারেলদের সঙ্গে সমঝোতা বজায় রাখতে এবং নিজের অবস্থান ধরে রাখতে তিনি তাদের পক্ষে সাফাই গাইতে বাধ্য হয়েছিলেন। ২০২১ সালে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর সু চিকে উৎখাত ও আটক করা হয়। বর্তমানে তার বয়স ৮১ বছর এবং তিনি এখনো আটক রয়েছেন। সমর্থকদের মতে, তার এই পরিণতি প্রমাণ করে যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর বর্ণবাদী মনোভাব ও সহিংসতা ঠেকানোর মতো ক্ষমতা তার হাতে ছিল না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জোহানেসবার্গে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে চোটের কারণে টেম্বা বাভুমা সিরিজ থেকে বাদ পড়েছেন। পান পায়ের পেশিতে আঘাতের কারণে সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে তার অংশগ্রহণ সম্ভব নয়।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় বাভুমা চোট পান। মাঠে চিকিৎসা নেওয়ার পর ৪৯ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। প্রোটিয়াদের অষ্টম উইকেট পতনের পর আবারও ব্যাটিংয়ে ফেরেন তিনি। তবে বাংলাদেশ দলের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে নামেননি।
বাভুমার সুস্থ হয়ে ওঠার বিষয়ে এখনও নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। তবে ক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে তার মাঠে ফেরার সম্ভাবনা খুবই কম।
সেঞ্চুরিয়নে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টটি ২৩ নভেম্বর শুরু হবে। বাভুমার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। তবে একটি সমস্যা রয়ে গেছে। বাভুমার জায়গায় চার নম্বরে ব্যাট করার জন্য দক্ষিণ আফ্রিকাকে একজন বিকল্প খেলোয়াড় খুঁজে বের করতে হবে।
দলে রিজার্ভ ব্যাটার হিসেবে টনি ডি জর্জি রয়েছেন। তাকে সরাসরি বাভুমার জায়গায় খেলানো হতে পারে। তবে শুক্রবার বাংলাদেশ সিরিজের জন্য নিজেদের সাদা বলের দল ঘোষণার সময় দক্ষিণ আফ্রিকা আরও একজন খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করবে। সেই খেলোয়াড়টি হতে পারেন সিনেথেম্বা কেশিলে অথবা জর্ডান হারম্যান।
কেশিলে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ডারবানে অস্ট্রেলিয়ার কাছে দক্ষিণ আফ্রিকার হারের পর তার টেস্ট দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে সেই সুযোগ হাতছাড়া হয়। হারম্যান শীতকালীন মৌসুমে ইংল্যান্ড লায়ন্স ও সমারসেটের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে নয় ইনিংসে ৬১.৮৫ গড়ে রান করেছিলেন। সম্প্রতি টেস্ট দল থেকে বাদ পড়া ডেভিড বেডিংহামও দৌড়ে আছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ চেষ্টা করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ স্থাপন করার। তিনি হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর পাশাপাশি একাধিকবার ফোন কলও করেছেন। তবে শেখ হাসিনা তার পাঠানো বার্তার কোনো উত্তর দেননি এবং ফোনও রিসিভ করেননি।
গত ৬ নভেম্বর দুপুর ১টা ২৪ মিনিটে শেখ হাসিনার হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠান নাহিদ। বার্তায় তিনি উল্লেখ করেন, ‘আপা, আমার সালাম নেবেন। আল্লাহ আপনাকে সুস্থ ও নিরাপদে রাখুন। আপনার সঙ্গে কথা বলতে চাই। নুরুল ইসলাম নাহিদ।’
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, ‘আমরা মোবাইল ফরেনসিকে দেব। তখন জানা যাবে।’
এর আগে, বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করে পুলিশ।
১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির হয়ে লড়াই করে পরাজিত হন নুরুল ইসলাম নাহিদ। ১৯৯৪ সালে আওয়ামী লীগে যোগ দেওয়ার পর থেকে তিনি আর পেছনে ফিরে তাকাননি; সপ্তম, নবম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে একই আসন থেকে জয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং দেশ ছেড়ে ভারতে চলে যান। পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন, ফলে সংসদ সদস্যের পদ হারান নুরুল ইসলাম নাহিদ।
এদিকে, গত ১২ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) নুরুল ইসলাম নাহিদ এবং তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদের হিসাব খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়।
দুদকের প্রাথমিক তদন্তে নুরুল ইসলাম নাহিদের নামে বৈধ আয়ের সঙ্গে মিল না থাকা ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদের সন্ধান পাওয়া যায়। অন্যদিকে, তার স্ত্রীর নামে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার সম্পদের হদিস মেলে।
তাদের নামে বা বেনামে থাকা আসল সম্পদ, এসব সম্পদ কিভাবে অর্জিত হয়েছে এবং আয়ের বাইরে কতটা সম্পদ রয়েছে—এ বিষয়গুলো যাচাই করতে দুদক আইন অনুযায়ী সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ জারির সিদ্ধান্ত নিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জনপ্রিয় রাইড শেয়ারিং কোম্পানি উবার সাইবার হামলার শিকার হয়েছে। এই হামলার ফলে প্রতিষ্ঠানটির প্রায় দেড় লাখ চালকের ব্যক্তিগত তথ্য চুরি হয়ে গেছে। চুরি হওয়া তথ্যের মধ্যে রয়েছে চালকদের নাম, ঠিকানা, জন্মতারিখ এবং ড্রাইভিং লাইসেন্স নম্বর।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের রিপোর্ট অনুযায়ী, গত অক্টোবরে উবারের তৃতীয় পক্ষের প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান ফায়ারওয়ার্কস এআইয়ের সিস্টেমে সাইবার হামলা চালায় হ্যাকাররা। এই হামলার মাধ্যমে তারা সরবরাহকারী প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ লগইন সংক্রান্ত তথ্য হাতিয়ে নেয়। পরে সেই তথ্য ব্যবহার করে উবারের তথ্যভান্ডারে প্রবেশ করে চালকদের ব্যক্তিগত তথ্য চুরি করা হয়।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, আইওয়া সহ কয়েকটি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চলতি সপ্তাহে জমা দেওয়া নোটিশে উবার জানায়, গত ৯ অক্টোবর ফায়ারওয়ার্কস এআই তাদের সাইবার হামলার বিষয়টি অবহিত করেছে। এরপর থেকেই তথ্য ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত চালকদের সতর্ক করতে শুরু করেছে প্রতিষ্ঠানটি।
ফায়ারওয়ার্কস এআই এমন একটি প্রযুক্তি প্রতিষ্ঠান, যার প্ল্যাটফর্ম ব্যবহার করে ডেভেলপাররা বিভিন্ন ওপেন-ওয়েট এআই মডেল ব্যবহারের সুযোগ পান। গত মাসে প্রতিষ্ঠানটি নিজেদের ওপর সাইবার হামলার বিষয়টি প্রকাশ করেছিল।
এ বিষয়ে টেকক্রাঞ্চকে উবারের এক মুখপাত্র জানান, তৃতীয় পক্ষের সেবাদাতা প্রতিষ্ঠান ফায়ারওয়ার্কস এআইয়ের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় ক্ষতিগ্রস্ত চালকদের নোটিশ পাঠানো হচ্ছে। তিনি উল্লেখ করেন, উবারের কিছু তথ্য ওই প্রতিষ্ঠানের কাছে সংরক্ষিত ছিল। তবে বিস্তারিত জানতে ফায়ারওয়ার্কসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন উবারের ওই মুখপাত্র।
অন্যদিকে, ফায়ারওয়ার্কস জানিয়েছে, আর্থিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে পরিচালিত একটি সাইবার অপরাধী চক্র এই হামলার সঙ্গে জড়িত। তবে এখন পর্যন্ত কোনো পরিচিত হ্যাকার গোষ্ঠী উবারের চালকদের তথ্য চুরির দায় স্বীকার করেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ