০৬:৩৫ পি.এম
ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা ঘিরে ১৫ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় এক দিনের রিমান্ড শেষে ১৫ জন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ, এক দিনের রিমান্ড শেষে, তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলাটির তদন্ত এখনও শেষ না হওয়ার কারণে তদন্তকারী কর্মকর্তা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানির পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন।
যারা কারাগারে গেছেন তারা হলেন- লিমন খান (২৪), দেওয়ান ইসমাইল (২১), ফাহিম মিয়া (২২), রতন (২২), রাব্বি ওরফে রাফি (১৯), রাতুল শীল (২১), মিনারুল মিয়া (২২), মাসুদ রানা ওরফে লিমু (৩৬), জিহাদ হাসান (২০), আবু সাইম ওরফে সায়েম বাবু (৪৫), ফাহিম (১৯), শাকিল মিয়া (১৯), রাজিব (১৯), সানি (১৯) ও রাজন মিয়া (১৯)।
আরও পড়ুন: ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুক্রবার শুরু
ভাটারা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক কামাল হোসেন বাসসকে তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হাসানের আদালতে তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
মামলার অভিযোগ অনুসারে জানা যায়, গত ১৩ আগস্ট রাতে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার এম-ব্লক, রোড-২৮-এর একটি বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় পুলিশ পৌঁছানোর কথা জানার পর কয়েকজন পালিয়ে গেলেও ৫২ জনকে আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন যুবলীগ, যুব মহিলা লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন। তারা ১৫ আগস্ট উপলক্ষে একত্রিত হয়ে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। অভিযানের সময় তাদের কাছ থেকে দু'টি আইফোন, একটি স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা মোবাইল ফোন এবং তিনটি ব্যানার জব্দ করা হয় বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। জব্দকৃত ব্যানারগুলোর মধ্যে ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজনের কথাও ছিল।
আরও পড়ুন: আলীকদমে বাসের চাপায় পুলিশ কনস্টেবল সাজু চক্রবর্তী নিহত
এ ঘটনার পর ভাটারা থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন