ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

‘মাতৃভূমি’র টিমকে ২৫টি দামি ঘড়ি উপহার দিলেন সালমান খান


‘মাতৃভূমি’র টিমকে ২৫টি দামি ঘড়ি উপহার দিলেন সালমান খান

বলিউডের সহকর্মীদের জন্য উপহার দিয়ে চমক সৃষ্টি করার জন্য পরিচিত সালমান খান। এবার তিনি নিজের নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর কলাকুশলীদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করেছেন। সিনেমাটির প্রচার পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য তাদের ডেকে এনে দামি সুইস ঘড়ি উপহার দেন তিনি।

১২ নভেম্বর মুম্বাইয়ের পানভেলে নিজের ফার্মহাউসে সিনেমাটির টিমের সদস্যদের আমন্ত্রণ জানান সালমান। সিনেমাটির ট্রেলার দুই দিন আগে প্রকাশিত হয়েছিল। সেখানে প্রচারের পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও উপস্থিত সবাইকে চমকে দেন অভিনেতা। প্রত্যেকের হাতে তিনি নিজেই একটি করে ঘড়ি তুলে দেন।

গালফ নিউজের বরাত দিয়ে মিড-ডে জানিয়েছে, সালমান ২০ থেকে ২৫টি ঘড়ি উপহার দিয়েছেন। প্রতিটির দাম ভারতীয় মুদ্রায় আনুমানিক ২ থেকে ৬ লাখ রুপি। কাপুর ওয়াচ কোম্পানির মাধ্যমে সংগ্রহ করা এসব ঘড়ির মধ্যে পুরুষ সদস্যদের জন্য লংজিনস ও ট্যাগ হিউয়ার ব্র্যান্ডের ঘড়ি দেওয়া হয়েছে। নারীদের জন্য ছিল রাডোর ঘড়ি।

আরও পড়ুন: জ্যোতিকা জ্যোতিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটক

সেদিনের আয়োজনে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক অপূর্ব লাখিয়া, অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং, অঙ্কুর ভাটিয়া, বিপিন ভরদ্বাজ ও তানিয়া দেশাই। এছাড়া সংলাপ লেখক চিন্তন শাহও সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং কয়েকজন অতিথি নিজেদের ছবি প্রকাশ করেছেন।

সালমান ও চিত্রাঙ্গদা সিং অভিনীত ‘মাতৃভূমি’ একটি যুদ্ধভিত্তিক সিনেমা। সালমান খান ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। শুরুতে সিনেমাটির নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’, পরে নাম পরিবর্তন করা হয়।

ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে সালমান জানান, সিনেমাটি কোনো জীবনীভিত্তিক বা চীনবিরোধী ছবি নয়। বরং সীমান্তের দুই পাশের সেনাসদস্য ও তাদের পরিবারের জীবন এবং যুদ্ধের প্রভাব তুলে ধরা হয়েছে এতে। সিনেমাটির মুক্তি পেছানোর কারণও ব্যাখ্যা করেন তিনি। চিত্রাঙ্গদার আঘাতের কারণে শুটিংয়ের সময়সূচিতে পরিবর্তন আসে। পাশাপাশি ভিজ্যুয়াল ইফেক্টের কাজ তাড়াহুড়া না করে ভালোভাবে শেষ করতে বাড়তি সময় নিয়েছে টিম।

‘মাতৃভূমি’ আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: ‘আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে’: নওয়াজউদ্দিন সিদ্দিকী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অভ্যন্তরীণ সড়কে একটি মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ফলে সাদি (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাস চত্বরের কৃষি বিশ্ববিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের (কেবি স্কুল) সামনে এই দুর্ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কেবি স্কুলের সামনের স্পিডব্রেকারের কাছে সংঘর্ষটি ঘটে। স্পিডব্রেকারটি উচ্চ এবং এর রঙ উঠে যাওয়ার কারণে দূর থেকে সহজে বোঝা যায় না। এছাড়া, মোটরসাইকেলটির গতিও বেশি ছিল বলে তারা জানান।

নিহত সাদি ময়মনসিংহের মুকুল নিকেতন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার দিঘারকান্দা এলাকার ২৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত। তার বাবা মো. নাছির উদ্দীন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত আছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আবদুল আলীম বলেছেন, ‘ঘটনাটি জানার পর আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। ছেলেটি আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তাকর্মীর ছেলে। সে আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারেরই একজন। এ ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।’

স্পিডব্রেকার সম্পর্কে প্রক্টর আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখার সঙ্গে কথা বলেছি যাতে স্পিডব্রেকারটি দ্রুত নিচু করে দেওয়া হয়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীকে না পেয়ে স্বামীর মৃত্যুর অভিযোগ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে হাতকড়া পরানো অবস্থায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


স্ত্রীকে না পেয়ে স্বামীর মৃত্যুর অভিযোগ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে হাতকড়া পরানো অবস্থায়

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে জমি সংক্রান্ত বিরোধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া এক নারীকে ধরতে পুলিশ গিয়েছিল। কিন্তু তাকে না পেয়ে তার স্বামীর হাতে হাতকড়া পরানোর পর ধস্তাধস্তির ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, এই ধস্তাধস্তিতে ওই নারীর স্বামী প্রাণ হারিয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন। নিহতের নাম মো. শহীদ (৬২), যিনি ওই এলাকার জুনু মিস্ত্রির ছেলে।

শহীদের স্ত্রী সাবেরা খাতুনের আইনজীবী দাবি করেছেন, ওই নারী জামিনে আছেন। রিকল থানায় পাঠানোর পরও পুলিশ তাকে হয়রানি করতে গেলে এই ঘটনা ঘটে।

নিহতের ভাই আব্দুল খালেক জানিয়েছেন, জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের কারণে আদালতে করা মামলায় তার ভাই শহীদের স্ত্রীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আজ দুপুরে তাকে ধরতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক সাব্বিরসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য তাদের বাড়িতে আসেন। এ সময় তারা তার ভাবীকে না পেয়ে শহীদকে জোরপূর্বক হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

আব্দুল খালেক বলেন, এ সময় তিনি এসআই সাব্বিরকে তার ভাই নিরপরাধ জানিয়ে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু এসআই তা উপেক্ষা করে ঘর থেকে ধস্তাধস্তি করে শহীদকে বের করে আনেন। উভয়ের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে শহীদ হাতকড়ায় বন্দী অবস্থায় সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পর পুলিশ হাতকড়া খুলে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মামলা না থাকা সত্ত্বেও শহীদকে আটকের চেষ্টা এবং তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসীরা সেখানে জড়ো হতে থাকেন। উত্তেজনা বাড়লে অভিযুক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়ানো একটি ভিডিওতে দেখা যায়, সীতাকুণ্ড থানার এসআই সাব্বিরসহ দুজন পুলিশ সদস্য শহীদকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ সময় শহীদের ভাই আব্দুল খালেক বিনা অপরাধে তার ভাইকে গ্রেপ্তার করার প্রতিবাদ জানান।

ভিডিওতে আব্দুল খালেককে বলতে শোনা যায়, "আমার ভাইয়ের নামে কোনো মামলা নাই। আপনারা আমার ভাইকে কেন ধরছেন। আমার ভাই স্ট্রোকের রোগী। সে তিনবার স্ট্রোক করেছে। আমার ভাইয়ের কিছু হলে তার জন্য আপনারা দায়ী থাকবেন।"

ঘটনার পর সাবেরা খাতুনের আইনজীবী চট্টগ্রাম জজ কোর্টের অ্যাডভোকেট এম.এন নবী বলেন, "আমি তার আইনজীবী। বিগত ১৫ নভেম্বর সাবেরা খাতুন আদালতে সারেন্ডার করে জামিন পেয়েছেন। তিনি রিকল থানায় জমা দিয়েছেন। জামিনপ্রাপ্ত অভিযুক্তকে পুলিশ কেন গ্রেপ্তার করতে যাবে?"

এ বিষয়ে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) সাব্বিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অন্যদিকে থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, "পুলিশ কোনো হাতকড়া পরায়নি। তিনি স্ট্রোকের রোগী ছিলেন। পুলিশ দেখে ভয় পেয়ে মারা গেছেন। তবুও ঘটনাটি খতিয়ে দেখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পলাতক সরকারের সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী নেওয়া বন্ধ হয়েছিল : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


পলাতক সরকারের সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী নেওয়া বন্ধ হয়েছিল : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেছেন যে, অতীতে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল যে, বেশ কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ অথবা স্থগিত করে দেয়। সরকার এসব সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে।

আজ বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের অষ্টমদিন প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, "সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে বিদেশে নেওয়ার নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। পলাতক স্বৈরাচারের আমলে তাদের লোকজন এভাবে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে।" তিনি আরও বলেন, এসব কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। কিছু ক্ষেত্রে শ্রমিক নেওয়া স্থগিত অথবা কমিয়ে দেওয়া হয়েছিল।

তারেক রহমান জানান, বাংলাদেশ থেকে বহু শ্রমিক মালয়েশিয়ায় গেছেন। সম্প্রতি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে সফলভাবে এ সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, "শুধু তাই নয়, সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হবে সরকার।" এই ১০ হাজারের মধ্যে বিগত স্বৈরাচারের সময় গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ বা হতাহত ব্যক্তিদের পরিবারের প্রায় এক হাজার সদস্যকে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে সরকারের আলোচনা চলছে। কিছু দেশ জানিয়েছে, তারা নতুন করে বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন খাতে কর্মী নেবে।

তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে যারা সিন্ডিকেটের মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকার কোনো ধরনের প্রণোদনা দিতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "সংসদ সদস্য একটি প্রণোদনার কথা বলেছেন। তবে এই অর্থ কোথা থেকে আসবে, তা তাঁর কাছে বোধগম্য হয়নি।" তিনি জানান, সংসদ সদস্য যদি বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারেন, তাহলে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার চেষ্টা করা যেতে পারে।

এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য কামরুল হাসান বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দালালদের প্রতারণার শিকার হয়ে অনেক মানুষ নিখোঁজ হচ্ছেন। অনেকেই ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করে ভুয়া ভিসায় বিদেশে যাচ্ছেন।

তিনি মন্তব্য করেন, সরকার সরাসরি হস্তক্ষেপ করে কোন দেশে কতসংখ্যক কর্মী নেওয়া হবে এবং যেতে কত টাকা খরচ হবে, তা প্রকাশ করলে সাধারণ মানুষ প্রতারণার হাত থেকে রক্ষা পাবে।

সংসদ সদস্য বলেন, "সরকার বিদেশে যাওয়ার খরচ নির্ধারণ করে দিলে এবং প্রয়োজনে প্রণোদনা দিলে গ্রামের সাধারণ মানুষকে জমি বিক্রি করে বা ঋণ নিয়ে অতিরিক্ত টাকা খরচ করে বিদেশে যেতে হবে না।" তিনি আরও বলেন, এমনকি একজন রিকশাচালকের সন্তানও দুই থেকে আড়াই লাখ টাকায় বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন। এ ক্ষেত্রে সরকার সরাসরি হস্তক্ষেপ করবে কি না, প্রধানমন্ত্রীর কাছে তা জানতে চান তিনি।

ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "আমি কিন্তু বলেছিলাম যে, আমরা মালয়েশিয়াতে আলোচনা করে যেই বন্ধ জিনিসটা ছিল আমাদের মানুষ পাঠানোর, এটিকে আমরা ওপেন করতে আল্লাহর রহমতে সক্ষম হয়েছি।" তিনি যোগ করেন, "যদি আপনি জানলে আরো খুশি হবেন, কথাবার্তা বলে আমরা চেষ্টা করেছি যে, যারা যাবে তাদের টোটাল খরচ, যাওয়ার খরচ যাতে ম্যাক্সিমাম দুই লাখ টাকার ভেতরে থাকে।" তিনি জানান, "এই খরচটা আমরা মোটামুটিভাবে নিশ্চিত করতে এখন পর্যন্ত সক্ষম হয়েছি। তবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও যখন যাবেন, এদেশ থেকে শ্রমিকরা যাবেন, তাদের ক্ষেত্রেও যাতে এটি করা সম্ভব হয়, সেই প্রক্রিয়াটি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে সরকারি সুযোগ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে সরকারি সুযোগ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা ও যোগ্যতা বাড়ানোর জন্য এসব সুযোগ কাজে লাগাতে হবে। সরকারের উদ্যোগ তখনই সফল হবে, যখন শিক্ষার্থীরা সক্রিয়ভাবে এসব কার্যক্রমে অংশ নেবে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিচর্চার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, শুধু ভালোভাবে পড়ালেখা করলেই হবে না, নিয়মিত খেলাধুলায় অংশ নিতে হবে। একই সঙ্গে চিত্রকলা, সংগীত ও সংস্কৃতিচর্চার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। তরুণ প্রজন্মকেই ভবিষ্যতে দেশের সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব নিতে হবে।

ভাষাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি অন্তত একটি তৃতীয় ভাষা শেখার পরামর্শ দেন। তিনি বলেন, একাধিক ভাষায় দক্ষতা অর্জন করলে শিক্ষার্থীদের জন্য নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

প্রধানমন্ত্রী জানান, শিগগিরই জাতীয় সংসদ ভবনকে পুরোপুরি সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে। একই সঙ্গে দেশের বাসাবাড়িতেও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে। গ্যাস ও কয়লার পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে বিদ্যুৎ নিয়ে দুশ্চিন্তা অনেকটাই দূর হবে।

এদিন জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করতে আসা শিক্ষার্থীদের মধ্যে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম থেকে একাদশ শ্রেণির ৫২ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে পাঁচজন শিক্ষক ও প্রতিষ্ঠানের সভাপতিসহ মোট ৫৮ জন ছিলেন।

এ ছাড়া সংরক্ষিত মহিলা আসন-৩৫-এর সংসদ সদস্য সেলিনা সুলতানার মাধ্যমে ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজের ১২ জন শিক্ষার্থী, সংরক্ষিত মহিলা আসন-৪৯-এর সংসদ সদস্য সুলতানা জেসমিনের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পিরোজপুরের ৫১ জন শিক্ষার্থী এবং সংরক্ষিত মহিলা আসন-৬-এর সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুষ্টিয়া জেলার ৪০ জন শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%