০৪:৩৮ পি.এম
চায়না প্রতিষ্ঠানে উচ্চ বেতনে চাকরির প্রলোভনের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে লাইসেন্সধারী ব্যক্তিদের অস্ত্র লুটের ঘটনায় অস্ত্র ছিনতাইকারী প্রতারক চক্রের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া ৩টি অস্ত্র ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।
এর আগে এদিন ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর ভাটারা, বাড্ডা ও বনানী এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতারসহ অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি শর্টগান ও ১টি এয়ারগান। এ ছাড়া ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত ১টি হাইয়েস মাইক্রোবাস এবং ১টি ওয়াকিটকিসহ বিভিন্ন অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: পটুয়াখালী জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে রাঙ্গাবালীতে ছাত্রদল-যুবদলের আনন্দ মিছিল
পুলিশ ও ভুক্তভোগীরা জানান, সংঘবদ্ধ এই প্রতারক ও অস্ত্র ছিনতাইকারী চক্রটি চায়না প্রতিষ্ঠানসহ ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা রক্ষী হিসেবে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে অনলাইনে বিজ্ঞাপন দেয়। তাদের প্রতারণার ফাঁদে পড়ে অস্ত্রের লাইসেন্সধারী চারজন ব্যক্তি পৃথকভাবে নিজেদের অস্ত্র নিয়ে বিজ্ঞাপনদাতাদের সঙ্গে দেখা করেন। পরে প্রতারক চক্রটি তাদেরকে ভুয়া নম্বর প্লেটের হাইয়েস গাড়িতে তুলে চোখে-মুখে মরিচের গুঁড়ো দিয়ে অস্ত্র ছিনিয়ে নেয়। এরপর তাদের রূপগঞ্জের ১০০ ফুট ও ৩০০ ফুট সড়কের পাশে ফেলে দিয়ে পালিয়ে যায় চক্রের সদস্যরা।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি জানান, গত ১৭ জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত এমন ৪টি পৃথক ঘটনায় রূপগঞ্জ থানায় ৩টি ও ঢাকার ক্যান্টনমেন্ট থানায় ৪টি মামলা হয়। পরে আসামিদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় রাজধানীর কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ৩টি অস্ত্র, শর্টগানের ৩৮ রাউন্ড গুলিসহ অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা নিজেদের অপরাধ স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: রাজশাহী মহানগর যুবদল ও মহিলা দলের বিক্ষোভ: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন