০৭:২০ পি.এম
বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী নতুন প্রজন্মকে অত্যন্ত বুদ্ধিমান মনে করেন। বিশেষ করে তার ১৬ বছর বয়সী মেয়ে শোরা সিদ্দিকীর সিনেমা ও অভিনয় সম্পর্কে জ্ঞান দেখে তিনি মুগ্ধ। নওয়াজের মতে, মাত্র তিন-চার বছরের মধ্যে তার মেয়ে বিশ্বের বিভিন্ন দেশের এত সিনেমা দেখেছে, যা তিনি নিজেও দেখেননি।
সম্প্রতি নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে নওয়াজ জেন জি প্রজন্মের চিন্তাভাবনা এবং সিনেমা দেখার অভ্যাস নিয়ে আলোচনা করেন। তার মতে, বিশ্ব সম্পর্কে জানার সুযোগ বেশি থাকায় বর্তমান প্রজন্ম আগের তুলনায় অনেক বেশি সচেতন এবং আত্মবিশ্বাসী।
নওয়াজ মন্তব্য করেন, ‘আমার মনে হয়, বর্তমান জেন জি প্রজন্ম, বিশেষ করে ১৫ থেকে ১৮ বছর বয়সীরা অনেক বেশি বুদ্ধিমান। বিশ্ব সম্পর্কে জানার যে সুযোগ তারা পাচ্ছে, তা আমাদের সময়ে ছিল না। আমরা মা-বাবাকে প্রশ্ন করতেও ভয় পেতাম, এমনকি তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহসও হতো না। অথচ এখনকার ছেলেমেয়েরা সরাসরি প্রশ্ন করে।’
আরও পড়ুন: জ্যোতিকা জ্যোতিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটক
তিনি আরও বলেন, বিশ্বজুড়ে তৈরি হওয়া সিনেমা দেখার সুযোগ নতুন প্রজন্মের চিন্তাভাবনায় বড় প্রভাব ফেলেছে। এখনকার তরুণেরা এমন অনেক সিনেমা দেখে ফেলেছে, যেগুলোর সঙ্গে হয়তো বড়রাও পরিচিত নন।
নিজের মেয়ের উদাহরণ দিয়ে নওয়াজ জানান, প্রথমে তিনিও নতুন প্রজন্মের জানাশোনাকে যথাযথ গুরুত্ব দেননি। কিন্তু শোরার সিনেমা ও অভিনয় সম্পর্কে জ্ঞান তার ধারণা বদলে দিয়েছে।
অভিনেতার ভাষায়, ‘আমি যখন মেয়ের দিকে ভালোভাবে খেয়াল করলাম, বুঝতে পারলাম অভিনয় সম্পর্কে সে আসলে অনেক কিছু জানে। কারণ, মাত্র তিন-চার বছরে সে বিশ্বের নানা দেশের আমার চেয়েও বেশি সিনেমা দেখেছে।’
অভিনয়ে আগ্রহী শোরা ইতিমধ্যে অভিনয় ও পারফর্মিং আর্টস নিয়ে শেখা শুরু করেছে। বাবার সঙ্গে ‘নাকাব’ নামের একটি মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তার মঞ্চে অভিষেকও হয়েছে। যুক্তরাষ্ট্রের নয়টি শহরে নাটকটির প্রদর্শনীতে অংশ নেয় বাবা-মেয়ে।
আরও পড়ুন: ‘মাতৃভূমি’র টিমকে ২৫টি দামি ঘড়ি উপহার দিলেন সালমান খান
এদিকে নওয়াজউদ্দিনকে সর্বশেষ দেখা গেছে ‘রাত আকেলি হ্যায়: দ্য বানসাল মার্ডারস’ সিনেমায়। এর আগে আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানার সঙ্গে ‘থাম্মা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। সামনে ‘সেকশন ১০৮’, ‘তুম্বাড ২’, ‘নূরানি চেহরা’ ও ‘সাঙ্গিন’-এর মতো সিনেমায় দেখা যাবে তাকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন