০১:১০ পি.এম
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাসামগ্রীর সংকট, নিরাপত্তাহীনতা এবং বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগ তুলে বুধবার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। এই আকস্মিক কর্মবিরতির কারণে দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা শত শত রোগী ও তাঁদের স্বজনরা চরম ভোগান্তিতে পড়েছেন।
মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির পক্ষ থেকে এই কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। এ ছাড়া, ওয়ার্ডে রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্বরত আনসার সদস্যদের দায়িত্ব পালনে অবহেলার কারণে চিকিৎসকদের প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হতে হচ্ছে। এমনকি একাধিকবার সংঘবদ্ধ হুমকির মুখেও পড়তে হয়েছে তাঁদের।
আরও পড়ুন: নিকলীতে যুবলীগ ও মৎস্য লীগ নেতা গ্রেফতার
এছাড়া, হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালিটি বিভাগ চালু না থাকায় মূল ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। ফলে সীমিত জনবল ও অপ্রতুল চিকিৎসা সরঞ্জাম নিয়ে রোগীদের মানসম্মত সেবা দিতে গিয়ে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।
ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, এসব দীর্ঘদিনের সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও বাস্তবে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বারবার সমস্যার পুনরাবৃত্তি ঘটায় বাধ্য হয়েই তাঁরা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এস এম তপু জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতি ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানাতে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: গজারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন এমপি রতন ও প্রশাসন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন