০৩:৫৬ পি.এম
পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ কমপ্লেক্সের পুরাতন ভবনটি কার্যত ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে, যেখানে ময়লা-আবর্জনা ও গবাদিপশুর মলমূত্র ছড়িয়ে রয়েছে। দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে, যারা এখানে সেবা নিতে আসেন। সরকারি গুরুত্বপূর্ণ একাধিক দপ্তর এ ভবনে পরিচালিত হলেও পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের জন্য কার্যকর উদ্যোগের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সেবাগ্রহীতারা।
সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদের নতুন ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, যুব উন্নয়ন কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সমবায় ও আইসিটি বিভাগের কার্যক্রম পরিচালিত হচ্ছে। অন্যদিকে, পুরাতন ভবনে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়, উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয়, খাদ্য কর্মকর্তার কার্যালয়, বিআরডিবি কার্যালয়, বন কর্মকর্তার কার্যালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয় অবস্থিত।
জনগুরুত্বপূর্ণ এসব সরকারি দপ্তরে প্রতিদিন অসংখ্য মানুষ বিভিন্ন সেবা নিতে আসেন। তবে ভবনের সামনের অংশ, সিঁড়ির নিচে, সিঁড়ির বাঁকে এবং বারান্দাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ময়লা-আবর্জনা। গরু-ছাগল ও ঘোড়ার মলমূত্র পড়ে থাকায় পুরো এলাকা অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। সামনের ড্রেনে ময়লা-আবর্জনা স্তূপ হয়ে থাকায় পানি জমে মশার জন্ম হচ্ছে। দুর্গন্ধের কারণে অনেক সেবাগ্রহীতাকে নাক-মুখ চেপে চলাচল করতে হচ্ছে। ভবনের পরিবেশ দেখে অনেকের কাছে এটিকে পরিত্যক্ত স্থাপনা বলেও মনে হচ্ছে।
আরও পড়ুন: বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিদিন এত মানুষ সরকারি সেবা নিতে এলেও ভবনের প্রবেশপথে ময়লা ও পশুর মলমূত্র মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। সরকারি দপ্তরের এমন পরিবেশ কোনোভাবেই কাম্য নয়। এক সেবাগ্রহীতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভবনের অবস্থা দেখে মনে হয়, উপজেলা পরিষদের যেন কোনো অভিভাবক নেই।’
এদিকে, দেশে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে উপজেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের পুরাতন ভবনে এ ধরনের অপরিচ্ছন্ন পরিবেশ জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ তৈরি করেছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শিক্ষা অফিসে যাওয়ার জন্য ভবনের নিচ দিয়ে প্রবেশ করতে গিয়ে আমি অবাক হয়েছি। পরিবেশ দেখে মনে হয়, এখানে কোনো কর্মকর্তা-কর্মচারী আছেন কি না।’
তিনি আরও বলেন, ‘মাননীয় প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর এই আসনের সংসদ সদস্য। তিনি ঢাকা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মসূচির উপদেষ্টা। অথচ তাঁর নিজের সংসদীয় এলাকার উপজেলা পরিষদের একটি সরকারি ভবনের এমন অবস্থা আমাদের জন্য লজ্জাজনক। প্রতিবছর এ উপজেলায় পরিচ্ছন্নতা কার্যক্রমে হাজার হাজার টাকা ব্যয় করা হলেও ময়লা-আবর্জনায় ভরা ভবনটি দেখার যেন কেউ নেই।’
আরও পড়ুন: পটুয়াখালীর উপকূলে অব্যাহত বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ
অন্যদিকে, উপজেলা খাদ্য কর্মকর্তা মোসাম্মৎ তামান্না ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওহিদুর রহমান জানিয়েছেন, গরু ও ঘোড়া নিয়মিত ভবনের বারান্দায় প্রবেশ করে এবং সেখানে মলমূত্র ত্যাগ করে। ফলে বারবার অপরিচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হয়। মলমূত্রের কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করা যায় না এবং দুর্গন্ধে নাক আটকাতে হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উপজেলায় যোগদানের শুরুতে জানানো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি জেলায় মিটিংয়ে থাকায় ফোন রিসিভ করেননি। এ কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা ও সেবাগ্রহীতারা দ্রুত পুরাতন ভবন ও এর আশপাশের ময়লা-আবর্জনা অপসারণ, গবাদিপশুর অবাধ বিচরণ বন্ধ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সরকারি এই ভবনে একটি স্বাস্থ্যসম্মত ও সেবাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে।
আরও পড়ুন: রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে দুর্বৃত্তের আগুনে ক্ষতি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন