০৮:০০ পি.এম
সাতক্ষীরা সদরে বিএনপির মোটরসাইকেল শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতিসহ দুজনকে আটক করার দাবি করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলার আলিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মিছিলে বাধা দেওয়ার বা ইটপাটকেল নিক্ষেপের কোনো ঘটনা ঘটেনি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তারের জন্য স্থানীয়দের সহযোগিতা চেয়েছিল। স্থানীয়রা তাদের আটক করে পুলিশকে খবর দেয় এবং পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সাতক্ষীরা সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান (১৯) এবং ছাত্রলীগের সদস্য মো. মিন্টু (১৮)। মেহেদী হাসান ঢালিপাড়া এলাকার আলতাফ হোসেন হেলালের ছেলে এবং মিন্টু একই এলাকার আমবীরের ছেলে। তাদের বিরুদ্ধে পূর্বে মামলা থাকায় পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন: ঝিনাইদহের নিখোঁজ দুই কিশোরী ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দাবি করেছেন, বুধবার বিকেলে আলিপুর এলাকায় বিএনপির কয়েক হাজার নেতাকর্মী নিয়ে একটি মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হচ্ছিল। শোডাউনটি ঢালিপাড়া ও আলিপুর সেন্ট্রাল প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে সেখান থেকে শোডাউন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। বিষয়টি টের পেয়ে শোডাউনে উপস্থিত নেতাকর্মীরা ধাওয়া দিয়ে হাতে ইটপাটকেলসহ মেহেদী হাসান ও মিন্টুকে আটক করেন। পরে তাদের আলিপুর পুরাতন বাজারখোলা এলাকায় নিয়ে যাওয়া হয় এবং সাতক্ষীরা সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুজনকে সাতক্ষীরা সদর থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, মোটরসাইকেল শোডাউনে বাধা দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। মূলত তারা থানার একটি মামলার আসামি। পুলিশ তাদের গ্রেপ্তারের জন্য আগে থেকেই এলাকায় নজরদারি রাখছিল এবং স্থানীয়দের সহযোগিতা চেয়েছিল। স্থানীয়রা তাদের অবস্থান শনাক্ত করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে সন্ধ্যায় থানায় নিয়ে আসে।
আরও পড়ুন: নেত্রকোনার কেন্দুয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শোভন গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন