১০:৩১ পি.এম
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার এমপিওভুক্ত শালবাহান উচ্চ মাধ্যমিক বিএম ও কারিগরি ইনস্টিটিউটে শিক্ষার্থী উপস্থিতি নিয়ে একটি চাঞ্চল্যকর চিত্র প্রকাশ পেয়েছে। প্রতিষ্ঠানটিতে মোট ১৬ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী কর্মরত আছেন, যা ব্যানবেইস অনুযায়ী নির্ধারিত। গত রোববার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, মাত্র একজন শিক্ষার্থীকে একটি শ্রেণিকক্ষে পাঠদান করছেন পাঁচজন প্রভাষক।
প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীর সংখ্যা সম্পর্কে জানতে চাইলে কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি। এর ফলে প্রকৃত শিক্ষার্থী সংখ্যা এবং নিয়মিত উপস্থিতির বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সরেজমিনে দেখা যায়, পাঁচ প্রভাষক একই শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থীকে পাঠদান করছেন, যা শিক্ষা কার্যক্রমের বাস্তব অবস্থার উপর নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
প্রভাষক দানিয়েল হোসাইনের কাছে শিক্ষার্থীর প্রকৃত সংখ্যা সম্পর্কে জানতে চাইলে তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। তিনি জানান, শিক্ষার্থীর প্রকৃত সংখ্যা জানাতে তিনি অপারগ।
আরও পড়ুন: রোহিঙ্গা সংকট: আশ্রয়শিবিরে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ কমছে
এ বিষয়ে অধ্যক্ষ একরামুল হক বলেন, “এখানে যারা ভর্তি হয় সবাই পাথর উত্তোলন করেন যারা তারা আর ট্রলির ড্রাইভাররা। মেয়েরা বাড়িতে থাকলেও প্রতিষ্ঠানে আসে না। শিক্ষার্থীদের ডেকে ডেকে আনা কি সম্ভব? আপনারাই বলেন।” তিনি আরও বলেন, ‘সারা বাংলাদেশে একই অবস্থা, পঞ্চগড়ের এমন কলেজ আছে ভর্তি করানো হয়েছে ২০০ জন কলেজে আসে ২০জন।’
অধ্যক্ষ আরও স্বীকার করেন যে, শিক্ষার্থী উপস্থিতি না থাকায় পাঠদান কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে না। তিনি মন্তব্য করেন যে, এ অবস্থায় তাঁরা যে বেতন-ভাতা পাচ্ছেন, তা হালাল হচ্ছে না।
অধ্যক্ষের বক্তব্যের পর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। শিক্ষার্থীরা নিয়মিত প্রতিষ্ঠানে না এলে তাদের উপস্থিতি নিশ্চিত করতে কর্তৃপক্ষ কী ধরনের পদক্ষেপ নিয়েছে? প্রতিষ্ঠানটিতে প্রকৃতপক্ষে কতজন শিক্ষার্থী ভর্তি রয়েছে? আর শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত না করেই কীভাবে চলছে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম? সচেতন মহল এসব প্রশ্নের উত্তর খুঁজে দেখা জরুরি মনে করছেন।
একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিপরীতে মানসম্মত পাঠদান নিশ্চিত করা অপরিহার্য। তাই প্রতিষ্ঠানটির প্রকৃত শিক্ষার্থী সংখ্যা, উপস্থিতির হার এবং শিক্ষা কার্যক্রমের সার্বিক অবস্থা সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের খতিয়ে দেখা প্রয়োজন।
আরও পড়ুন: ইতমিনান বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৫ হাজার শিক্ষার্থী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন