০৫:৫৬ পি.এম
বরফে ঢাকা হিমালয়ের উঁচু পর্বতশৃঙ্গের আড়াল থেকে ধীরে ধীরে উদয় হচ্ছে একটি বিশাল ও উজ্জ্বল চাঁদ। এই মনোমুগ্ধকর চন্দ্রোদয়ের দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লাখো মানুষ মুগ্ধ হয়েছেন।
ভারতের উত্তরাখণ্ডের মুনসিয়ারি থেকে ধারণ করা ভিডিওটি ইতিমধ্যে ইনস্টাগ্রামে প্রায় ২০ লাখবার দেখা হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রাম ব্যবহারকারী সাগর আগরি ভিডিওটি প্রকাশ করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, পঞ্চচুল্লি পর্বতশৃঙ্গের পেছন থেকে ধীরে ধীরে উদিত হচ্ছে বিভার সুপারমুন। পূর্ণিমার চাঁদটি স্বাভাবিকের তুলনায় অনেক বড় ও উজ্জ্বল দেখাচ্ছিল। নির্মল আকাশের পটভূমিতে পাহাড়ের সঙ্গে চাঁদের এই দৃশ্য আরও মনোমুগ্ধকর হয়ে উঠেছে।
আরও পড়ুন: আয়নায় নিজেকে যেমন দেখেন, অন্যের চোখে কি তেমনই আপনি? গবেষণায় উঠে এল নতুন তথ্য
ভিডিও ধারণকারী সাগর আগরি জানিয়েছেন, সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা অনেকের রয়েছে, কিন্তু চন্দ্রোদয়ের দৃশ্য উপভোগ করার সুযোগ তুলনামূলকভাবে কম মানুষের হয়। তিনি খালি চোখেই পর্বতের আড়াল থেকে চাঁদটি দৃশ্যমান হওয়ার মুহূর্তটি উপভোগ করেছেন।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। একজন মন্তব্য করেছেন, মুঠোফোনের ক্যামেরায় এই দৃশ্যের প্রকৃত সৌন্দর্য তুলে ধরা সম্ভব নয়। বাস্তবে চাঁদটি আরও বড় ও সুন্দর দেখায়। আরেকজন জানিয়েছেন, তিনিও পঞ্চচুল্লি পর্বতশৃঙ্গের পেছন থেকে চাঁদ ওঠার দৃশ্য দেখেছেন, কিন্তু সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে পারেননি।
এছাড়া হিমালয়ের বিভিন্ন এলাকায় এমন মনোমুগ্ধকর চন্দ্রোদয় দেখার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অনেকে। সব মিলিয়ে বরফঢাকা পাহাড়ের বুক চিরে চাঁদের উদয়ের এই দৃশ্য প্রকৃতিপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
সূত্র: এনডিটিভি
আরও পড়ুন: ঘরে বসে ৪ উপায়ে জেনে নিন আপনার মস্তিষ্কের বয়স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন