০৯:৩৩ পি.এম
কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে সকাল ৮টায় সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিকেল সাড়ে ৫টায় দ্বীপে পৌঁছেছে পর্যটকবাহী জাহাজ এমবি টেকনাফ। যাত্রার সময় ছিল দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা, যা ৩৩৫ জন যাত্রীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাঁদের মধ্যে ৫৭ জন বিদেশি পর্যটক ছিলেন।
সোমবার (৯ নভেম্বর) সকালে যাত্রা শুরু করে বিকেল সাড়ে ৫টায় সেন্টমার্টিনের জেটিতে পৌঁছায় জাহাজটি। পর্যটকরা স্বাভাবিকভাবে তুলনামূলক কম সময়ে গন্তব্যে পৌঁছানোর প্রত্যাশা নিয়ে বের হয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় সাগরে কাটানোর ফলে অনেকের ভ্রমণের আনন্দ ম্লান হয়ে যায়। যাত্রীরা ক্লান্তি ও বিরক্তি প্রকাশ করেছেন।
জানা গেছে, পর্যটকদের সেন্টমার্টিনে নামিয়ে দিয়ে সন্ধ্যা ৬টার দিকে এমবি টেকনাফ আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। জাহাজটির রাত ১২টার দিকে কক্সবাজার পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: সরকারি বাসার ভাড়াটিয়া ৩০ নভেম্বরের মধ্যে সরানোর নির্দেশ
একটি পর্যটন যাত্রায় এত দীর্ঘ সময় লাগার কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। নুনিয়ারছড়া থেকে সেন্টমার্টিন পর্যন্ত জাহাজ চলাচলের রুট, সমুদ্রস্রোত ও ঘাট ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবার দাবি জানিয়েছেন পর্যটনসংশ্লিষ্টরা।
শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের নেতা হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, সমুদ্রের পানির স্রোতের কারণে এমবি টেকনাফ নির্ধারিত সময়ে চলাচল করতে পারেনি। এর ফলে সেন্টমার্টিন পৌঁছাতে বিলম্ব হয়েছে।
তিনি বলেন, কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল সময়োপযোগী হচ্ছে না। এতে সময় ও অর্থের অপচয় হচ্ছে এবং পর্যটকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তাঁর মতে, টেকনাফ অথবা ইনানী থেকে জাহাজ চলাচলের ব্যবস্থা করা হলে যাতায়াতের সময় ও ব্যয় দুটোই সাশ্রয় হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও ভ্রমণের সময় বিবেচনায় নিয়ে জাহাজ চলাচলের রুট পুনর্বিবেচনা করা প্রয়োজন।
আরও পড়ুন: আইসিজের রায়কে ইতিবাচক বললেন জামায়াত আমির, রোহিঙ্গাদের দুই বছরের মধ্যে প্রত্যাবর্তনের দাবি
পর্যটনসংশ্লিষ্টদের মতে, সেন্টমার্টিন দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। সেখানে ভ্রমণে গিয়ে পর্যটকদের দীর্ঘ সময় সমুদ্রে আটকে থাকার পরিস্থিতি কাম্য নয়। নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সময়সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে জাহাজ চলাচলের রুট, সমুদ্রপথের বাস্তবতা এবং ঘাট ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন