০৪:০৯ পি.এম
দুর্নীতি দমন কমিশন (দুদক) দেশের চার স্থানে অভিযান পরিচালনা করেছে। অভিযানের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ের অর্থ আত্মসাৎ, সেচখালের বাঁধ নির্মাণে অনিয়ম, সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং হাসপাতালে রোগী হয়রানির অভিযোগ।
রোববার (২২ নভেম্বর) দুদকের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, কমিশনের প্রধান কার্যালয় ও তিনটি জেলা কার্যালয় থেকে সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য এসব অভিযান পরিচালিত হয়।
দুদক সূত্রে জানা যায়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের (এফডিইই) বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা গোপন করে টোলের অর্থ আত্মসাৎ করেছে এবং সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করেছে। এই অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করে দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট দল।
আরও পড়ুন: সৌদি আরব থেকে স্বর্ণ কম দামে আনতে নিয়মাবলী ও শুল্ক জানালেন বিশেষজ্ঞরা
এদিকে, দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের টিওয়ানএসএইটডি সেচখালের বাঁধ পুনর্বাসন ও শক্তিশালীকরণ কাজে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদকের দিনাজপুর জেলা কার্যালয়। অভিযোগ রয়েছে যে, প্রকল্পের শর্ত অনুযায়ী বাইরে থেকে মাটি এনে বাঁধ নির্মাণের কথা থাকলেও ঠিকাদার খালের পাশের ফসলি জমি কেটে মাটি ব্যবহার করছেন। এছাড়া, কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং নির্ধারিত শর্ত না মেনে সরকারি অর্থ ব্যয়ের অভিযোগও রয়েছে।
অন্যদিকে, বাগেরহাটের রামপাল উপজেলায় একটি সেতু নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের একটি দল। এই ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকল্প কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।
এছাড়া, ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা দিতে হয়রানি এবং ভর্তি রোগীদের খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়।
দুদক জানিয়েছে, অভিযান পরিচালনাকারী দলগুলো সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছে। সংগৃহীত তথ্য ও প্রমাণ যাচাই-বাছাই করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে। সূত্র : বাংলা নিউজ
আরও পড়ুন: ভারতে সোনার দামে রেকর্ড পতন, ১০ লাখে লোকসান ৩ লাখ টাকা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন