০৪:১৫ পি.এম
মাদারীপুরের নতুন টরকী বাজারে এক নারীসহ আটকের ঘটনার জেরে দায়ের করা অভিযোগকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী পরিবার, বাজারের ব্যবসায়ী এবং স্থানীয় এলাকাবাসী।
বুধবার (১ জুলাই) দুপুরে নতুন টরকী বাজার সংলগ্ন প্রধান সড়কে আয়োজিত মানববন্ধনে বাজারের শতাধিক ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার হাতে অংশ নেন। পরে তারা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি রাশেদ বেপারী তার ব্যবসা প্রতিষ্ঠানে এক নারীকে নিয়ে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হন। পরে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও সামাজিক সমালোচনা এড়াতে তিনি উল্টো এলাকার নিরীহ ও সাধারণ মানুষের বিরুদ্ধে থানায় একটি মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক অভিযোগ দায়ের করেছেন।
আরও পড়ুন: আদালত থেকে মাত্র ১ কিলোমিটার দূরের বাসায় ফেরেননি বরিশালের সহকারী জজ, রহস্যের জট খুলতে মাঠে পুলিশ
ভুক্তভোগী বিএনপি নেতা তারেক পাইক বলেন, “রাশেদ বেপারী নিজে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে ধরা পড়ার পর এখন নিরীহ মানুষকে আইনি হয়রানির মাধ্যমে চাপের মুখে ফেলছেন। তার দায়ের করা অভিযোগের কারণে এলাকার সম্মানিত ব্যক্তি ও ব্যবসায়ীরা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ার পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছেন।”
নতুন টরকী বাজারের দোকান মালিক মো. সোহেল বেপারী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাশেদ বেপারীর দায়ের করা অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে। অভিযোগটি মিথ্যা প্রমাণিত হলে নিরপরাধ মানুষকে হয়রানির দায়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।
বক্তারা আরও বলেন, প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ব্যবসায়ী ও এলাকাবাসী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।
এ সময় উপস্থিত ছিলেন নতুন টরকী বাজারের সভাপতি দিদারুল ইসলাম টিটু বেপারী, মো. জামাল বেপারী, আখতার বেপারী, নাসিরউদ্দিন রাড়ী, রহিম খা, কামাল বেপারীসহ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আরও পড়ুন: ঢাকায় বাবরি মসজিদ নির্মাণ, শরীক হতে পারেন আপনিও
অন্যদিকে, নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন রাশেদ বেপারী। তিনি বলেন, “আমি কোনো অনৈতিক কাজ করিনি। দোকানে আমার শালিকে বসিয়ে রেখেছিলাম। ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি আইনগতভাবে বিষয়টি মোকাবিলা করছি।”
এ ঘটনায় উভয় পক্ষের বক্তব্য সামনে এলেও অভিযোগগুলোর সত্যতা সম্পর্কে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন