১০:৩৭ এম
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রশিবিরের বিজ্ঞান অনুষদের সাবেক সেক্রেটারি মোহাম্মদ ইরফান উল্লাহ মারা গেছেন। তিনি ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর দীর্ঘ তিন বছর চিকিৎসাধীন ছিলেন। সোমবার ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন ইরফান। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একজন সদস্য ছিলেন এবং সর্বশেষ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের বিজ্ঞান অনুষদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।
জানা যায়, ২০২৩ সালের ৯ নভেম্বর সকালে টিউশনিতে যাওয়ার পথে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন ইরফান। সাইকেলে যাওয়ার সময় ঢাকাগামী তিশা প্লাস পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এ ঘটনায় তিনি গুরুতর আহত হন, তাঁর বাম হাত ভেঙে যায় এবং মাথা, নাক ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।
আরও পড়ুন: আ.লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দেওয়ার দাবি এবি জুবায়েরের
দুর্ঘটনার পর দীর্ঘ সময় ধরে বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসা চলে। চিকিৎসায় বিপুল অর্থ ব্যয় হয়। এই সময়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী, সিনিয়র-জুনিয়র ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর চিকিৎসায় সহযোগিতা করেন। দীর্ঘ চিকিৎসার পরও তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।
ইরফানের ভাই মহিবুল্লাহ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজকে ফজরের পরে আমার ভাই মারা গিয়েছে। আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন এবং ওর কোনো আচরণে কষ্ট পেলে ওকে ক্ষমা করে দিবেন।’
তিনি জানান, ইরফানের দুটি জানাজা অনুষ্ঠিত হবে। একটি সোমবার বাদ জোহর চট্টগ্রাম শহরে এবং অন্যটি সন্ধ্যার পর তাঁর সাতকানিয়ার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজার নির্ধারিত সময় পরে জানিয়ে দেওয়া হবে।
এমএইচ
আরও পড়ুন: হাসিনার পরিকল্পনা দেশের অরাজকতা সৃষ্টি করা : সোহেল তাজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন