০৬:২৭ পি.এম
নীলফামারীর কিশোরগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে ছয়জনকে খাসজমি বন্দোবস্ত দেওয়ার অভিযোগ উঠেছে। এর পাশাপাশি, ভূমিসংক্রান্ত ২২টি মিস কেসের নথি গায়েব করে সহকারী কমিশনারের (ভূমি) জাল স্বাক্ষরে ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রসিদ) ইস্যু করা হয়েছে।
উপজেলা ভূমি অফিসের উপপ্রশাসনিক কর্মকর্তা (নাজির) মিজানুর রহমানের বিরুদ্ধে এই জালিয়াতির অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে দেখা যায়, বাহাগিলী ইউনিয়নের পাঁচজন এবং গাড়াগ্রাম ইউনিয়নের একজন ভূমিহীন ব্যক্তি খাসজমি চিরস্থায়ী বন্দোবস্তের জন্য আবেদন করেছেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্যত্র বদলি হয়ে যান।
আরও পড়ুন: ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে অগ্নিসংযোগ
এই সুযোগে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ব্যাকডেটে ওই দুই কর্মকর্তার স্বাক্ষর জাল করে ভূমি অফিস থেকে ফাইলগুলো অনুমোদনের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) যাচাই শেষে প্রস্তাবিত খাসজমি চিরস্থায়ী বন্দোবস্তের ফাইলগুলো অগ্রায়ণ করলে ৮ এপ্রিল জেলা প্রশাসক সেগুলো অনুমোদন করেন।
খাসজমি বন্দোবস্ত পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল গ্রামের মৃত মজনু মামুদের ছেলে দেলোয়ার হোসেন, আবু হোসেন ও তার স্ত্রী নূরবানু, মৃত আমের হোসেনের স্ত্রী মরজিনা বেওয়া, মৃত মজিবর রহমানের ছেলে আলী হোসেন ও নূরনবী হোসেন। এছাড়া, গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম গ্রামের লাবনী আক্তার ও তার স্বামী গোলাম রব্বানীও এতে অন্তর্ভুক্ত।
এদিকে, ভূমিসংক্রান্ত ২২টি মিস কেসের তথ্য রেজিস্টারে থাকলেও সংশ্লিষ্ট নথি খুঁজে না পাওয়া এবং জাল স্বাক্ষরে ডিসিআর দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী।
তিনি জানান, খাসজমি বন্দোবস্ত ও মিস কেসের ডিসিআর প্রদানের ফাইল মিজানের নামে কার্যাদেশ দেওয়া ছিল। তিনি নিজেই এ দুটি ফাইল পরিচালনা করেছেন। জাল স্বাক্ষরে জমি বন্দোবস্ত ও ডিসিআর দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আরও পড়ুন: বিএনপির গোপন সভা থেকে আওয়ামী লীগের দুই নেতা আটক
ভূমি অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান বর্তমানে ডোমার ইউএনওর কার্যালয়ে কর্মরত। তিনি জানান, খাসজমি বন্দোবস্তের ফাইল তার নামে কর্মবণ্টন করা ছিল না। এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। সার্ভেয়ার মিরাজ ওই ফাইল পরিচালনা করেছেন। মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার সময় মিস কেসের ১৭টি ফাইল ও ডিসিআরে স্যার রংপুরের বাসায় স্বাক্ষর দিয়েছেন। তিনি আরও জানান, আটটি ডিসিআরে স্যারের স্বাক্ষরের বিষয়ে অফিস সহকারী লিটনকে জিজ্ঞাসা করতে বলেছেন। কারণ, স্যারের মৌখিক নির্দেশে তিনিই এসব ফাইল পরিচালনা করেছেন।
তৎকালীন ইউএনও প্রীতম সাহা বলেন, জাল স্বাক্ষরে খাসজমি বন্দোবস্তের বিষয়টি এসিল্যান্ড তাকে জানিয়েছে। ইউএনও হিসেবে কিশোরগঞ্জে দায়িত্ব পালনকালে তিনি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির কোনো সভা করেননি। অথচ তার স্বাক্ষর জাল করে খাসজমি বন্দোবস্তের ফাইল জেলা প্রশাসকের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জালিয়াতি করার সাহস না পায়।
বর্তমান ইউএনও আরিফুর রহমান জানান, ভূমি অফিসের ঘটনায় জেলা প্রশাসক তদন্ত কমিটি গঠন করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।
আরও পড়ুন: চট্টগ্রামে এমপির নেতৃত্বে তিন হাজার নেতাকর্মীর বিক্ষোভ মিছিল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন