০৫:৪৩ পি.এম
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উল্লেখযোগ্য সম্ভাবনা সৃষ্টি করলেও এর মধ্যে অনেক ঝুঁকি বিদ্যমান রয়েছে।
সোমবার কপ৩১ সম্মেলনে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধান সাইমন স্টিল এই বক্তব্য রাখেন।
এদিন কপ৩১-এর আয়োজক তুরস্কের উদ্যোগে ‘আনতালিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা অঙ্গীকার’ ঘোষণা করা হয়। জলবায়ু সমস্যার সমাধানে এ প্রযুক্তির সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি এর ক্রমবর্ধমান পরিবেশগত ঝুঁকি মূল্যায়ন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
আরও পড়ুন: আইসিজের রায়ের অপেক্ষায় কক্সবাজারের রোহিঙ্গারা
তুরস্কের আনতালিয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ভূমধ্যসাগরীয় শহর আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলনে সাইমন স্টিল বলেন, ‘আমরা এমন এক প্রযুক্তিগত সময়ে পৌঁছেছি, যেখানে বিপুল সম্ভাবনার পাশাপাশি বড় ঝুঁকিও রয়েছে। এআই ও অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি দুই ধারবিশিষ্ট তলোয়ারের মতো।’
তিনি আরও বলেন, ‘ভালো আগামীর প্রতিশ্রুতির বিনিময়ে আজ মানুষকে বেশি বিদ্যুৎ বিল, পরিবেশের আরও বেশি উষ্ণতা সৃষ্টিকারী দূষণ এবং গভীরতর বৈষম্য মেনে নিতে বলা যায় না। এআইয়ের সুফল অবশ্যই এর ক্রমবর্ধমান ব্যয়ের চেয়ে বেশি হতে হবে।’
এআই পরিচালনায় ব্যবহৃত ডেটা সেন্টারগুলো বিপুল পরিমাণ বিদ্যুৎ ও পানি ব্যবহার করে। ফলে বিদ্যুতের বিল বেড়ে যাওয়া নিয়ে বিভিন্ন এলাকার মানুষের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি এসব কেন্দ্রের ক্রমবর্ধমান কার্বন নিঃসরণ নিয়েও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: বিজেপি নেতার কটাক্ষ, রাহুলকে ভারতের ‘মীরজাফর’ বললেন গৌরব ভাটিয়া
স্টিল বলেন, ‘কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালনা পর্ষদকে এগিয়ে আসতে হবে। বিশ্বের সম্মত জলবায়ু লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের ব্যবসায়িক ও বিনিয়োগ পরিকল্পনা সাজাতে হবে।’ এ সময় তিনি ডেটা সেন্টারগুলোতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের আহ্বান জানান।
তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মেহমেত ফাতিহ কাচির আলোচনায় জানান, এ অঙ্গীকারে ৮০টি সমর্থন পাওয়া গেছে। তবে এর মধ্যে কতটি দেশ এবং কতটি কোম্পানি রয়েছে, তা তিনি উল্লেখ করেননি।
কাচির বলেন, ‘আমাদের একই সঙ্গে এআইয়ের পরিবেশগত প্রভাব কমাতে হবে এবং শিল্পের আধুনিকায়ন, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, জলবায়ু সহনশীলতা জোরদার ও সবুজ উন্নয়ন ত্বরান্বিত করতে এর সম্ভাবনা কাজে লাগাতে হবে।’
আরও পড়ুন: ‘সত্য কথা বলায় বিরোধিতার মুখে পড়ছি’, পাকিস্তানের নতুন প্রদেশ বিতর্কে বিলাওয়াল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন