০২:৫৬ পি.এম
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন মন্তব্য করেছেন, আওয়ামী লীগ আমলে দেশের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছে, সেইসাথে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে কাজ শুরু করেছে।
শনিবার (৮ আগস্ট) নাটোরের লালপুরের বিলায়েত খান উচ্চবিদ্যালয়ে আয়োজিত একজন শিক্ষক ও শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন।
প্রতিমন্ত্রী ফারজানা শারমীন আরও জানান, বিগত ১৭ বছর শিক্ষার্থীদের পড়াশোনার অতিরিক্ত বোঝা চাপিয়ে দিয়ে জিপিএ-৫ প্রাপ্তির এক মানসিক যুদ্ধে ঠেলে দেওয়া হয়েছিল। এই চাপ সহ্য করতে না পেরে অনেক শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। একই সাথে শিক্ষার্থীদের শিক্ষাবিমুখ করার জন্য তাদের হতাশায় ফেলে অনেকে অনলাইন জুয়া ও মাদকের ছোবলে জড়িয়ে পড়েছে। তিনি বলেন, কারণ ফ্যাসিবাদী শাসক চেয়েছিল, শিক্ষার্থীরা যেন মেরুদণ্ড সোজা করে প্রতিবাদ করতে না শেখে।
আরও পড়ুন: নড়াইলের পর এবার ফরহাদ ইকবালকে স্বপদে ফেরানোর দাবি টাঙ্গাইল তৃণমূল বিএনপি নেতা কর্মীদের
তথ্য উল্লেখ করে তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আনন্দমুখর পরিবেশে শিক্ষা দেওয়ার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ফের টেলিভিশনে ‘নতুন কুঁড়ি’ আয়োজন করা হয়েছে, যা বর্তমানে সংস্কৃতি পেরিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ হিসেবে সারা দেশের খেলার মাঠে পৌঁছে গেছে।
শিক্ষকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষকদের মূল দায়িত্ব পালন করতে হবে। তিনি উল্লেখ করেন, প্রাইভেট পড়ানোর প্রবণতা থেকে বিরত থেকে ক্লাসে দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত পাঠদানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সমাবেশ শেষে প্রতিমন্ত্রী দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি এবি ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। কর্মী সভায় বক্তব্য দেন লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশীদ পাপ্পু এবং গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম।
আরও পড়ুন: আদালত থেকে মাত্র ১ কিলোমিটার দূরের বাসায় ফেরেননি বরিশালের সহকারী জজ, রহস্যের জট খুলতে মাঠে পুলিশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন