০১:০৯ পি.এম
রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএন্ডটি কলোনিতে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত সাত থেকে আটটি বসতঘর এবং একটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৫৩ মিনিটে টিএন্ডটি কলোনির পশ্চিম পাড়ায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি কর্মকর্তা রাকিবুল হাসান জানান, ভোর ৪টা ৫৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট পাঠানো হয়। পরে সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে অগ্নিসংযোগ
নিহত শাহরিয়ার রহমান শুভ্রর বাবার নাম মো. মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। তিনি টিএন্ডটি কলোনির স্যাটেলাইট গেটে ইসলাম নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন। তাঁর স্থায়ী ঠিকানা ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে অবস্থিত।
তবে, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন