১১:৪১ পি.এম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার কয়েকজন নেতাকর্মী গোপন স্থানে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠান পালন করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ জুন) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়।
জানা গেছে, ‘উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রকাশিত ভিডিওতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের দৃশ্য দেখা যায়। ভিডিওতে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক এবং কালকিনি পৌরসভার দুইবারের সাবেক মেয়র এনায়েত হোসেন হাওলাদারসহ কয়েকজন নেতাকর্মী।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে পুলিশ, র্যাব ও বিজিবির নজরদারির কারণে খোলামেলা পরিবেশে কোনো কর্মসূচি পালন না করে একটি বদ্ধ কক্ষে সীমিত পরিসরে এই আয়োজন করা হয়। তবে অনুষ্ঠানটি ঠিক কোথায় অনুষ্ঠিত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষকদল নেতা রাজু মোল্যা নিহত
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, “৫ আগস্ট পরবর্তী সময় থেকে কালকিনি উপজেলার আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও আমাদের নজরে এসেছে। তবে এটি কোথায় ধারণ করা হয়েছে বা কোথায় বসে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। অনুষ্ঠানটি কালকিনির বাইরে কোনো স্থানে আত্মগোপনে থেকেও আয়োজন করা হয়ে থাকতে পারে।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে রয়েছে। যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।”
ভিডিওটির সত্যতা ও অনুষ্ঠানস্থল সম্পর্কে নিশ্চিত হতে আইনশৃঙ্খলা বাহিনী অনুসন্ধান চালিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি শাহিনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন