বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৩৬ পি.এম
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে প্রয়োজনীয় সক্ষমতা গড়ে তোলার জন্য সরকার কাজ করছে।
আজ বৃহস্পতিবার, রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত ‘আলোকিত শিশু ১৮-র জয়গান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের লালন-পালন, পরিচর্যা ও বিকাশে অভিভাবকদের যে ধৈর্য, ত্যাগ ও ভালোবাসার পরিচয় দিতে হয়, তা অন্য কোনো অভিজ্ঞতার সঙ্গে তুলনীয় নয়। অভিভাবক হিসেবে তাদের যে দায়িত্ব পালন করতে হয়, তা অত্যন্ত মহৎ ও অনুপ্রেরণাদায়ক। এ কারণে তিনি অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান।
তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশের বিষয়টি শুধুমাত্র সংশ্লিষ্ট পরিবার বা বিশেষায়িত প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এ বিষয়ে দেশব্যাপী সচেতনতা তৈরি এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এ উদ্যোগে সম্পৃক্ত হতে হবে।
ববি হাজ্জাজ আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব শিশুর জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ তৈরিতে কাজ করছে। ২০৩০ সালের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের শিশুদের শিক্ষার উপযোগী প্রয়োজনীয় সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, এসব শিশুর জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ, প্রয়োজনীয় অবকাঠামো এবং প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘আলোকিত শিশু’র মতো প্রতিষ্ঠানগুলো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের অর্জিত অভিজ্ঞতা ও কার্যকর উদ্যোগগুলো দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে।
অভিভাবকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আপনারা আস্থা রাখুন। শুধু আপনাদের সন্তান নয়, দেশের সব বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর শিক্ষা ও বিকাশের সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। আমরা চাই, প্রতিটি শিশু তার নিজস্ব সক্ষমতা ও প্রতিভা বিকাশের সুযোগ পাক।
আলোকিত শিশুর চেয়ারপার্সন মো. জহির উদ্দিন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার মোহাম্মদ হারুন অর রশিদ।
এ ছাড়া অনুষ্ঠানে বিপুলসংখ্যক বিশেষ চাহিদাসম্পন্ন শিশু (স্পেশাল চাইল্ড) ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) জুমার খুতবায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন, যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধ করা যায় এবং দেশের শান্তিশৃঙ্খলা রক্ষা করা সম্ভব হয়।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে ধর্মমন্ত্রী উল্লেখ করেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃত্ব, মসজিদের ইমাম, খতিব এবং সাধারণ জনগণের অরাজনৈতিক সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি মসজিদের ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানান, যেন তারা শান্তিশৃঙ্খলা বজায় রাখতে, নাশকতা পরিহার করতে এবং সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে বক্তব্য প্রদান করেন।
একই সঙ্গে ধর্মমন্ত্রী সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যদি কোথাও কোনো নাশকতা বা সন্দেহজনক তৎপরতা দেখা যায়, তাহলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা এবং জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় ধর্মীয় নেতৃত্বসহ সকলের সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) মন্তব্য করেছেন যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতির নামে জ্বালাও-পোড়াও করে দেশকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ভোলা শহরের একটি রেস্টুরেন্টে ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা এই দেশের সন্তান। আজকে আমরা যেটা লক্ষ্য করেছি যে আপনারা আওয়ামী লীগের নামে ভাঙচুর, জ্বালাও-পোড়াও, মানুষ মারা, দেশের সম্পদ নষ্ট করা, থানাকে পুড়িয়ে দেয়াসহ যে ধরনের আচরণ করেছেন, এটা কোন ধরনের রাজনীতি? আপনারা রাজনীতি করেন মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য। কিন্তু আজকে আপনাদের আচরণের মাধ্যমে এটা তো মানুষের কল্যাণের রাজনীতি বোঝা যাচ্ছে না। এটা তো সম্পূর্ণ দেশকে ধ্বংস করার চক্রান্ত হিসেবে দেখছি।’
তিনি আরও বলেন, বিএনপি ও আওয়ামী লীগসহ যত রাজনৈতিক দল রয়েছে, সবাই এ দেশে জন্মগ্রহণ করেছে এবং দেশের মায়া ঈমানের একটি অংশ। দেশের ভালোমন্দের সঙ্গে সবাই জড়িয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চাই এই দেশটা একটা সুন্দর দেশ হবে। আমরা সবাই একত্রিত হয়ে দেশের কল্যাণে কাজ করব। কিন্তু ব্যক্তিস্বার্থ, দলের স্বার্থ, ক্ষমতার স্বার্থ ও লোভ দেশের কল্যাণের জন্য আমরা পরিহার করব।’
পীর সাহেব চরমোনাই বাংলাদেশে শতকরা ৯২ জন মুসলমান বসবাস করে উল্লেখ করে বলেন, ‘ইসলামকে সামনে রেখে যদি দেশ পরিচালনা করার চিন্তা করতে পারি, তাহলে ইতিহাস বলছে এ দেশের ভেতরে আবার স্বর্ণের যুগের মতো পরিবেশ তৈরি হবে। বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যে আদর্শ-নীতি নিয়ে দেশ পরিচালনা করেছিল, তাদের সেই নীতি-আদর্শ বাংলাদেশে ব্যর্থ হয়েছে। এখন একটাই নীতি-আদর্শ রয়েছে, যার নাম ইসলাম। আজকে ইসলামবিদ্বেষী চক্ররা ইসলামের ব্যাপারে যে ভয় দেখিয়েছে, বাস্তবে ইসলাম ভয়ের জিনিস নয়। ইতিহাস পড়ে দেখেন, ইসলাম এমন একটি নীতি-আদর্শ যেখানে একটি পিপীলিকা পর্যন্ত তার স্বাধীনতা ও নিশ্চয়তা পায়। কেউ এই নীতি-আদর্শ মেনে চললে দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তি পাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারকে গণহত্যার শিকার রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা প্রদান করেছেন। আদালত জানায়, মিয়ানমারের আইনি বাধ্যবাধকতা লঙ্ঘনের কারণে রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে হবে দেশটিকে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের প্রেসিডেন্ট বিচারক ইওয়াসাওয়া ইউজি ১০-৫ ভোটে এই সিদ্ধান্তের ঘোষণা দেন। আদালত আরও জানায়, ক্ষতিপূরণের পরিমাণ, কীভাবে তা প্রদান করা হবে এবং অন্যান্য প্রতিকার কিভাবে হবে, এসব বিষয় আইসিজেই নির্ধারণ করবে ১০-৫ ভোটে।
বিচারক ইওয়াসাওয়া ইউজি বলেন, মামলার পরবর্তী পর্যায়ে ক্ষতিপূরণের পরিমাণ ও ধরন নির্ধারণ করা হবে। তিনি জানান, এই রায় ঘোষণার দুই বছরের মধ্যে ক্ষতিপূরণ ও অন্যান্য প্রতিকার বাস্তবায়নে মিয়ানমারকে একটি প্রতিবেদন প্রস্তুত করতে হবে।
২০১৭ সালের আগস্টে বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর ব্যাপক দমন অভিযান চালায় মিয়ানমারের সেনাবাহিনী। তাদের নিষ্ঠুরতার কারণে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়।
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ঘটনায় ১৯৪৮ সালের জাতিসংঘের জেনোসাইড সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালে গাম্বিয়া আইসিজেতে মামলা করে। গাম্বিয়া মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের শিকার প্রত্যেক ব্যক্তিকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে বাধ্য করার আবেদন জানায়।
সাত বছর ধরে বিচারকাজ পরিচালনার পর আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আইসিজের বিচারকেরা। স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে) নেদারল্যান্ডসের দ্য হেগের আদালত কক্ষে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণা করেন আইসিজের প্রেসিডেন্ট বিচারক ইওয়াসাওয়া ইয়ুজি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে গত ১৭ বছরের দুঃশাসনের পর। তবে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক মন্তব্য করেছেন যে, একটি মহল বাস ও কলকারখানায় আগুন দিয়ে এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তিনি উল্লেখ করেন, "ভিন্নমত থাকতেই পারে, প্রত্যেকের মতপ্রকাশের অধিকার রয়েছে। কিন্তু প্রতিহিংসা ও বিশৃঙ্খলা কোনোভাবেই দেশের জন্য কল্যাণকর নয়।" গণতন্ত্রের মূল চেতনা হচ্ছে, দল-মতনির্বিশেষে সবার অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, ‘গত ১৭ বছরের স্বৈরাচারী শাসন ও নির্যাতনের কারণে দেশের মানুষ কথা বলার অধিকার, সত্য প্রকাশের অধিকার এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা হারিয়েছিল। গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরও একটি মহল বাসে আগুন দিয়ে, কলকারখানায় অগ্নিসংযোগ করে এবং বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ অবস্থা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। কারণ, এই দেশ সবার, এই সমাজও সবার।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, এমন একটি রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান, যেখানে দল-মতনির্বিশেষে প্রত্যেকে নিজের অধিকার ও মতামত প্রকাশ করতে পারবেন। সরকার ভালো কাজ করলে জনগণ আগামী নির্বাচনে আবার ভোট দেবে, আর ব্যর্থ হলে ভোট দেবে না। এটাই গণতন্ত্রের স্বাভাবিক চর্চা। সরকার সেই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে চায়।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব তরুণ প্রজন্মের হাতে। তাই শুধু ভালো ফলাফল কিংবা উচ্চশিক্ষিত হলেই চলবে না, প্রত্যেককে ভালো মানুষ হতে হবে। একজন মানুষ নিজে ভালো থাকার পাশাপাশি তাঁর আশপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করলেই সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।’
তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘সবাইকে সরকারি বা বেসরকারি চাকরির পেছনে ছুটতে হবে, এমন নয়। প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম চালু হয়েছে। এ প্রশিক্ষণ নিয়ে কেউ কেউ মাসে ৫০০ থেকে ২০ হাজার ডলার পর্যন্ত আয় করছেন।’ শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
আমিনুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষাকে আনন্দময় করার লক্ষ্যে কাজ করছেন। ২০২৭ সালের নতুন শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে “খেলাধুলা” নামে নতুন একটি বই যুক্ত হচ্ছে। এর মাধ্যমে পড়াশোনার পাশাপাশি বছরব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরি হবে। খেলাধুলার মধ্য দিয়ে সুস্থ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তোলা সম্ভব।’
নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘ছোটবেলায় স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে একবার প্রতিদ্বন্দ্বীর ধাক্কায় পড়ে গিয়ে পুরস্কার পাইনি। সেই ঘটনাই আমাকে জীবনে চ্যালেঞ্জ নিতে শিখিয়েছে। পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। ১৭ বছরের ফুটবল ক্যারিয়ারে পাঁচবার গুরুতর ইনজুরি এবং পাঁচটি অস্ত্রোপচারের মধ্য দিয়েও লড়াই চালিয়ে গেছি। জীবনে বাধা আসবে, কিন্তু হেরে যাওয়ার মানসিকতা রাখা যাবে না।’
তিনি আরও বলেন, ‘খেলাধুলা শুধু বিনোদনের বিষয় নয়, এটি সুস্থ জাতি গঠনের অন্যতম মাধ্যম। খেলাধুলার প্রসার ঘটাতে পারলে তরুণদের মাদক থেকে দূরে রাখা সম্ভব হবে। একটি সুস্থ জাতিই পারে সমৃদ্ধ, মানবিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে।’
অনুষ্ঠানে মিরপুর গার্লস আইডিয়াল কলেজ গভর্নিং বডির সভাপতি মো. হাফিজুর রহমান সরকার, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যুৎসাহী সদস্য মোকছেদুর রহমান আবির, মোহাম্মদ ইছাহাক শিপন এবং কলেজের অভিভাবক প্রতিনিধি মো. জিয়াউল হক বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোস্তারী আহমেদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ