১১:৪৩ এম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কিছু নেতার সঙ্গে সরকারের অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত রয়েছে, এমন তথ্য দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ। তবে তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট নেতাদের নাম প্রকাশ করলে তাঁরা নিজেদের দলের মধ্যে সমস্যায় পড়তে পারেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জিও নিউজের ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে সানাউল্লাহ জানান, পিটিআইয়ের কিছু নেতার সঙ্গে মাঝে মাঝে টেলিফোনে এবং জাতীয় পরিষদ ও সিনেটের অধিবেশন চলাকালীন যোগাযোগ হয়। এসব যোগাযোগ এখনো অনানুষ্ঠানিক পর্যায়ে রয়েছে। আলোচনা যদি সুনির্দিষ্ট পর্যায়ে পৌঁছায়, তবে তা আনুষ্ঠানিক সংলাপে রূপ নিতে পারে।
আনুষ্ঠানিক আলোচনা শুরু না হওয়ার পেছনে পিটিআইয়ের অভ্যন্তরীণ মতপার্থক্যকে উল্লেখ করেন সানাউল্লাহ। তিনি দাবি করেন, আগের দফার সংলাপ কেন ব্যর্থ হয়েছিল, তা নিয়ে দলের মধ্যে আলোচনা হয়েছে। সংলাপ সফল করতে আগ্রহী কয়েকজন নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপ ও চাপের মুখে পড়েছিলেন। ফলে তাঁরা নিজেদের মতামত প্রকাশ করতে পারেননি বলেও জানান তিনি।
আরও পড়ুন: জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে মিথেন নিঃসরণ আইন কার্যকরির সময় ২০২৯ সাল পর্যন্ত পিছিয়েছে ইইউ
স্থগিত সংলাপ পুনরায় শুরু করার জন্য প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বিরোধীদলীয় নেতা মাহমুদ খান আচাকজাইয়ের বৈঠককে প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন সানাউল্লাহ। প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক করতে বিরোধীদলীয় নেতার অনীহার সমালোচনা করে তিনি বলেন, এ অবস্থানের পেছনে কোনো যুক্তি নেই। সংসদে গেলে প্রধানমন্ত্রী নিজেই বিরোধীদলীয় নেতার আসনের কাছে গিয়ে কথা বলেছেন বলেও উল্লেখ করেন।
সানাউল্লাহ আশা প্রকাশ করেন, রাজনৈতিক বিরোধ নিরসনে দুই পক্ষ আবার সংলাপে ফিরবে। তবে তিনি জানান, পিটিআই তাদের অবস্থান পরিবর্তন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমস্যার সমাধানে আগ্রহী, এমন কোনো ইঙ্গিত এখন পর্যন্ত সরকারকে দেয়নি।
তিনি বলেন, পিটিআইয়ের অভ্যন্তরীণ বৈঠকে অবস্থান পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়ে থাকতে পারে। কিন্তু দলটি সংলাপের মাধ্যমে বিরোধ মেটাতে প্রস্তুত, এমন বার্তা নিয়ে এখনো কেউ সরকারের সঙ্গে যোগাযোগ করেননি।
সংলাপের পরিবেশ তৈরিতে বিরোধীদলীয় নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পাশাপাশি সংসদীয় কমিটিগুলোতে পিটিআইয়ের ফিরে আসা প্রয়োজন বলে মন্তব্য করেন সানাউল্লাহ। তিনি জানান, দলটি সংসদে উপস্থিত থাকলেও এসব কমিটির কার্যক্রম বর্জন করে আসছে। পিটিআইয়ের অভ্যন্তরীণ আলোচনা সামনে এগোনোর একটি স্পষ্ট পথ তৈরি করলে, দলটির সদিচ্ছার বিষয়ে সরকারের আস্থা বাড়তে পারে বলেও জানান তিনি। তথ্যসূত্র: জিও নিউজ
আরও পড়ুন: শি জিনপিংয়ের বক্তব্যের সময় ট্রাম্পের ঘুমানোর ভিডিও ভাইরাল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন