১২:৩৫ পি.এম
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : আর্জেন্টিনা সরকার শুক্রবার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির একটি বিশাল প্রকল্পের জন্য বিভিন্ন প্রণোদনার ঘোষণা করেছে, যা বিনিয়োগ আকৃষ্ট করবে। প্রকল্পটিতে ২০৫০ সাল পর্যন্ত মোট ৫০০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এই প্রকল্পটি বাস্তবায়নে রাষ্ট্রায়ত্ত আর্জেন্টাইন প্রতিষ্ঠান ওয়াইপিএফ, ইতালির কোম্পানি এনি এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান এক্সআরজি যৌথভাবে কাজ করবে। এটি আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ প্রকল্প হিসেবে চিহ্নিত হচ্ছে।
আরও পড়ুন: নেতানিয়াহুর বিরুদ্ধে বিরোধী জোট ঐক্য ধরে রাখতে পারবে?
প্রকল্পের আওতায় আর্জেন্টিনার পাতাগোনিয়া অঞ্চলের ভাকা মুয়ের্তা গ্যাসক্ষেত্র থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হবে, যেখানে দেশের সবচেয়ে বড় গ্যাসের মজুত রয়েছে।
প্রতিবছর এখান থেকে ১ কোটি ২০ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি করা হবে।
আর্জেন্টিনার অর্থমন্ত্রী লুইস কাপুতো জানিয়েছেন, ২০২৭ থেকে ২০৩০ সালের মধ্যে প্রকল্পটিতে ২ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করা হবে। ২০৫০ সালের মধ্যে মোট বিনিয়োগের পরিমাণ ৫ হাজার কোটি ডলারে পৌঁছাবে।
এই প্রকল্পটি সরকারের ‘বৃহৎ বিনিয়োগ প্রণোদনা কর্মসূচি’ (আরআইজিআই) এর আওতায় বাস্তবায়িত হবে, যা ২০২৪ সালে উদারনীতিবাদী প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর সরকারের দ্বারা চালু করা হয়।
আরও পড়ুন: জেলেনস্কি পুতিনকে ‘খুনি’ বললেন, ট্রাম্পের বন্ধুত্বের পরিপ্রেক্ষিতে
কর্মসূচির লক্ষ্য হচ্ছে কর ছাড়, বিনিময় হারসংক্রান্ত সুবিধা এবং অন্যান্য প্রণোদনার মাধ্যমে দেশি ও বিদেশি বড় বিনিয়োগ আকৃষ্ট করা।
অর্থমন্ত্রী কাপুতো আরও জানান, প্রকল্পের আওতায় গ্যাস পরিবহনের জন্য একটি এবং তেল পরিবহনের জন্য আরেকটি পাইপলাইন নির্মাণ করা হবে। প্রতিটি পাইপলাইনের দৈর্ঘ্য হবে ৫২৪ কিলোমিটার (৩২৫ মাইল)।
এই পাইপলাইন দুটি আটলান্টিক মহাসাগর উপকূলবর্তী রিও নেগ্রো প্রদেশ পর্যন্ত বিস্তৃত হবে, যেখানে ভাসমান দুটি গ্যাস তরলীকরণ ইউনিট স্থাপন করা হবে।
আরও পড়ুন: রাজস্থানে বাড়িতে তৈরি নুডলস খেয়ে দুই বোন অসুস্থ, একজনের মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন