১১:৪৬ এম
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : নারীদের প্রলুব্ধ করে যৌনতার উদ্দেশ্যে পাচার চক্রের সাথে যুক্ত থাকার অভিযোগে তিন মার্কিন নাগরিক এবং এক হন্ডুরাসের নাগরিককে দোষী সাব্যস্ত করেছে হন্ডুরাসের একটি আদালত। এই রায়ের তথ্য প্রকাশ করেছে দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, যা শুক্রবার জানানো হয়েছে।
২০২২ সালে নিখোঁজ হওয়া এক তরুণীর ঘটনার প্রেক্ষাপটে এ পাচার চক্রের কার্যক্রম সামনে আসে।
খবরটি জানায় আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি। নিখোঁজ তরুণীর নাম অ্যাঞ্জি পেনা। ২২ বছর বয়সী এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ২০২২ সালের ১ জানুয়ারি হন্ডুরাসের উপকূলবর্তী ক্যারিবীয় দ্বীপ রোয়াতানে জেটস্কি চালানোর সময় নিখোঁজ হন।
আরও পড়ুন: গবেষণাগারের শেষ শিম্পাঞ্জিরাও যাচ্ছে অভয়ারণ্যে
প্রাথমিকভাবে পুলিশ জানায়, তিনি পানিতে ডুবে মারা গেছেন। তবে পরিবারের সদস্যরা সন্দেহ করেন যে, তাকে অপহরণ করা হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। পরে বেলিজে তার ব্যবহৃত জেটস্কি এবং ব্যক্তিগত কিছু জিনিস উদ্ধার করা হয়।
পরবর্তী তদন্তে জানা যায়, তিনি ‘ডেল্টা টিমস’ নামে একটি যৌন পাচার চক্রের শিকার হয়েছিলেন। এরপর চক্রটি ভেঙে দেওয়া হয়। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের তদন্তে উঠে আসে, পাচারের শিকার ব্যক্তিদের মধ্যে অপ্রাপ্তবয়স্করাও ছিল।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির প্রসিকিউটর কার্যালয় জানায়, আদালত ‘ডেল্টা টিমস’ নামে পরিচিত চক্রটির চার সদস্যকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত করেছে।
দোষী সাব্যস্ত ব্যক্তিদের মধ্যে তিন মার্কিন নাগরিক হ্যারল্ড গ্রিন, উইলিয়াম মারডক ও গ্যারি লি জনস্টন এবং হন্ডুরাসের নাগরিক রামন ত্রেহো অন্তর্ভুক্ত রয়েছেন।
আরও পড়ুন: ইয়েমেনে সৌদি জোটের হামলায় ৪১ বেসামরিক নিহত
তদন্তের মাধ্যমে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে নারীদের খুঁজে বের করা, তাদের প্রলুব্ধ করে চক্রে যুক্ত করা এবং এক স্থান থেকে অন্য স্থানে পাচার করা হচ্ছিল।
তবে প্রমাণের অভাবে মার্কিন নাগরিক গ্রিন ও মারডককে মানব পাচারের অভিযোগ থেকে খালাস দিয়েছে আদালত।
মামলার অভিযোগ অনুযায়ী, পাচারের শিকার নারীদের আসামিদের পাশাপাশি তাদের মালিকানাধীন বারের খদ্দেরদের সাথে যৌন কর্মকাণ্ডে বাধ্য করা হতো।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা জানিয়েছেন, আসামিদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড নিশ্চিত করার জন্য তারা আদালতে আবেদন করবেন। আগামী ৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের সূত্রপাত ঘটানোর দায়ে এক ব্যক্তি দোষী সাব্যস্ত
নিখোঁজ অ্যাঞ্জি পেনার খালা ইয়েনেলি দিয়াজ এএফপিকে বলেন, ‘আমাদের বলা হয়েছিল, এটি একটি দুর্ঘটনা। কিন্তু পুরো ঘটনাটি সংঘবদ্ধ অপরাধী চক্রের মাধ্যমে পরিচালিত হয়েছিল।’
রাষ্ট্রপক্ষের অভিযোগ, তদন্তের সময় হন্ডুরাসের কয়েকজন সরকারি কর্মকর্তা আসামিদের সুরক্ষা দিয়েছেন। তাদের মধ্যে পুলিশ কর্মকর্তা এবং একজন বিচারকও ছিলেন। তারা সাজানো আইনি প্রক্রিয়া ও জাল নথিপত্র তৈরির মাধ্যমে আসামিদের সহায়তা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে হন্ডুরাসে নারীদের হত্যার (ফেমিসাইড) হার সবচেয়ে বেশি।
জাতিসংঘের লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশনের (ইসিএলএসি) তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতি ১ লাখ মানুষের বিপরীতে ফেমিসাইডের ঘটনা ৪ দশমিক ৩টি।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বৃষ্টির পানির স্রোতে দুইজনের প্রাণহানি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন