ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

১০ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বায়েজিদ


১০ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বায়েজিদ

মস্তিষ্কের জটিলতা নিয়ে ১০ দিন ধরে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মাসুদ বায়েজিদ মারা গেছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৯টার দিকে তিনি রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাসুদ বায়েজিদ ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে থাকতেন।

আরও পড়ুন: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে এআই বিষয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

জানা যায়, গত ৩ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তাকে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে তিনি মারা যান।

মাসুদ বায়েজিদের গ্রামের বাড়ি বরগুনা জেলার সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায়। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সহপাঠী ও বন্ধু নাজমুস সাকিব।

বন্ধুকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘মাস্টার্স ফাইনাল পরীক্ষা শেষে ছবিগুলো যখন তুলেছিলাম, তখন কল্পনাও করিনি একদিন তোর অকালে চলে যাওয়ার শোকবার্তায় পোস্ট করতে হবে। আমার বন্ধু, জহু হলের সবচেয়ে ভদ্র ছেলেটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভদ্র ছেলেটি আজ মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে।’

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী মো. জহির রায়হান রিপন বলেন, ‘বায়েজিদ ভাই গত কিছুদিন ধরে ব্রেইনের জটিলতা নিয়ে মুগদা মেডিকেলের আইসিইউতে ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ রাত ৯টার দিকে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তার মতো এত নম্র, ভদ্র ও মার্জিত স্বভাবের সিনিয়র ভাই আমি দেখিনি।’

আরও পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ওবিই কারিকুলাম চালুর ঘোষণা উপাচার্যের

এ বিষয়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নুরুল আমিন জানান, শিক্ষার্থীরা তাকে মাসুদ বায়েজিদের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে তিনি মারা গেছেন।

এদিকে, শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মাঠে মাসুদ বায়েজিদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই শিশুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৫ এম


গাইবান্ধায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই শিশুর

গাইবান্ধার সাদুল্লাপুরে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারানোর ফলে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। তারা দুজন চাচাতো ভাই হিসেবে পরিচিত।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে সাদুল্লাপুর-তুলশীঘাট সড়কের বৈরাগীর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে একজন হলো সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজীবাড়ী সন্তোলা গ্রামের ছাদেকুল মণ্ডলের ছেলে সামিউল ইসলাম (১৪)। অপরজন হলো একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ মিয়া (৮)। সামিউল স্থানীয় ইদ্রাকপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং আব্দুল্লাহ বৈরাগীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের মতে, দুপুরের দিকে সামিউল তার চাচা রফিকুল ইসলামের মোটরসাইকেল চালিয়ে ছোট ভাই আব্দুল্লাহকে নিয়ে সাদুল্লাপুর থেকে বাড়ির দিকে ফিরছিল। বৈরাগীর বাজারের বকসীবাড়ি মোড়ে পৌঁছানোর পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুজনই সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় দুজনেরই মৃত্যু হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় শিশু দুটিকে স্বজনেরা রংপুরে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় দুজনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুস্থ থাকতে সুষম খাদ্য ও মানসিক চাপ নিয়ন্ত্রণ জরুরি: সড়কমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৫ এম


সুস্থ থাকতে সুষম খাদ্য ও মানসিক চাপ নিয়ন্ত্রণ জরুরি: সড়কমন্ত্রী

সুস্থ জীবনযাপনের জন্য সুষম খাদ্যাভ্যাস, মানসিক চাপ নিয়ন্ত্রণ ও নিয়মিত শারীরিক কার্যকলাপ অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী উল্লেখ করেন, ডায়াবেটিস ও হরমোনজনিত বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে সবাইকে অভ্যস্ত হতে হবে। রোগের লক্ষণ দেখা দিলে যথাসময়ে চিকিৎসা গ্রহণ এবং চিকিৎসকের সঙ্গে রোগের বিষয়ে খোলামেলা আলোচনা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে ধানমন্ডি সোসাইটি ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত ডায়াবেটিস সচেতনতা ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে বক্তব্য দেন তিনি।

মন্ত্রী বলেন, ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই। রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিলেই হবে না, রোগ প্রতিরোধে আগে থেকেই সচেতন হতে হবে। এ জন্য নিয়মিত শারীরিক পরিশ্রম, পরিমিত ও সুষম খাবার গ্রহণ এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীদের সঙ্গে রোগীদের যথাযথ যোগাযোগ থাকা প্রয়োজন। নিজের শারীরিক সমস্যা ও রোগের লক্ষণ সম্পর্কে চিকিৎসককে বিস্তারিত জানালে সঠিক চিকিৎসা গ্রহণ সহজ হয়। এ ক্ষেত্রে মানুষকে স্বাস্থ্যসচেতন করে তুলতে সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে।

শেখ রবিউল আলম বলেন, একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ধানমন্ডি সোসাইটি ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে। তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সুস্থ ও সুন্দর জীবনযাপনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান।

এ সময় মন্ত্রী ধানমন্ডি এলাকার উন্নয়ন প্রসঙ্গে ধানমন্ডি লেক সংস্কার ও এলাকার জলাবদ্ধতা নিরসনে প্রকল্প গ্রহণের বিষয়েও কথা বলেন। তিনি এলাকার নাগরিক সুবিধা বাড়াতে উন্নয়নমূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মুসাদ্দেক হাবিব মিতু, অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান, অধ্যাপক ডা. নাজমুন নাহার, ডা. ফারিয়া আফসানা, অধ্যাপক ডা. এম. সাইফুদ্দিন ও ডা. নাভীদ আহমেদ। তাঁরা ক্যাম্পে অংশগ্রহণকারীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন।

অধ্যাপক ডা. নাজমুন নাহার বলেন, ‘আমরা যখন অসুস্থ হই, তখন চিকিৎসকের কাছে যাই। কিন্তু অসুস্থ না হওয়ার জন্যও যে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, সেটি মানুষকে জানতে হবে। আমাদের দেশের মানুষ এখনো এ বিষয়ে যথেষ্ট সচেতন নয়। ডায়াবেটিস শরীরের প্রতিটি অঙ্গকে আঘাত করে। অনেকে জানেনই না যে তাদের ডায়াবেটিস আছে। তাই এ ধরনের ক্যাম্প আয়োজন করা প্রয়োজন।’

জনকল্যাণমূলক এ উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি বিশেষ সহযোগিতা করে। আয়োজনে সার্বিক সহযোগিতা করে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। বৈজ্ঞানিক সহযোগী হিসেবে ছিল রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এবং একাগ্রা উন্ড অ্যান্ড ফুট কেয়ার হাসপাতাল লিমিটেড।

আয়োজকরা জানান, ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই ছিল এ ক্যাম্পের মূল উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগের মাধ্যমে রোগ প্রতিরোধ, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসকদের পরামর্শ গ্রহণে মানুষকে উৎসাহিত করা সম্ভব।

ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন করতে ধানমন্ডি সোসাইটির সভাপতি, কার্যনির্বাহী পরিষদের সদস্য, সাধারণ সদস্য, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অনুষ্ঠানে আয়োজক সংগঠনের প্রতিনিধি, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। ক্যাম্পে সাধারণ মানুষের জন্য ডায়াবেটিসসহ বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা বিষয়ে পরামর্শ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

ধানমন্ডি সোসাইটির পক্ষ থেকে এ উদ্যোগে উপস্থিত থাকার জন্য মন্ত্রী শেখ রবিউল আলমের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, চিকিৎসক, সহযোগী প্রতিষ্ঠান এবং ক্যাম্পে অংশগ্রহণকারীদের প্রতিও ধন্যবাদ জানানো হয়।

সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে ধানমন্ডি সোসাইটি ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি সব ধর্মের মানুষের সমন্বয়ে উন্নত রাষ্ট্র গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৬ এম


বিএনপি সব ধর্মের মানুষের সমন্বয়ে উন্নত রাষ্ট্র গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন মন্তব্য করেছেন, ‘আমরা সবাই বাংলাদেশি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। বাংলাদেশ সকল ধর্মের মানুষের জন্য সমান নিরাপদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায়ই বলেন– ধর্ম যার যার, দেশটা সবার। বিএনপি একটি অসাম্প্রদায়িক চেতনার দল। সবাইকে নিয়ে বিএনপি একটি সুন্দর সম্প্রীতির উন্নত রাষ্ট্র গড়তে বদ্ধপরিকর।’

তিনি শুক্রবার (১৩ নভেম্বর) রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চরম্বা ইউনিয়নের বিবিবিলা শান্তি বিহারে অনুষ্ঠিত কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শামীম কায়সার লিংকন আরও উল্লেখ করেন, সরকার মসজিদ, মন্দির, গির্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ের বরাদ্দ সমানভাবে বণ্টনের নীতি অনুসরণ করছে।

প্রতিমন্ত্রী বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার- এই নীতিকে সামনে রেখে সরকার কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি নাগরিক যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে, তা নিশ্চিত করা বর্তমান সরকারের অঙ্গীকার।

বিবিবিলা শান্তি বিহারের সাধারণ সম্পাদক রাজিব কান্তি বড়ুয়ার সঞ্চালনায় ও ভদন্ত রত্নানন্দ মহাথেরের সভাপতিত্বে চীবর দানোৎসবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ শাহজাহান চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নাজিমুল হক, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ বিন আখন্দ, বিবিবিলা শান্তি বিহারের সভাপতি চিন্তাহরণ বড়ুয়া ও সাংগঠনিক সম্পাদক রকি বড়ুয়াসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বৌদ্ধ ভিক্ষু ও দায়ক, দায়িকারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনানীর গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আধুনিক যন্ত্রপাতি নিয়ে মাঠে বাপেক্স

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৬ এম


ইনানীর গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আধুনিক যন্ত্রপাতি নিয়ে মাঠে বাপেক্স

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ থেকে বের হওয়া প্রাকৃতিক গ্যাসের আগুন ১৮ দিন ধরে জ্বলছে। এই আগুন নিয়ন্ত্রণে আনতে আধুনিক যন্ত্রপাতি ও কারিগরি সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে ভারী যন্ত্রপাতি, পাইপ, খনন সরঞ্জামসহ প্রয়োজনীয় উপকরণ লরি ও ক্রেনে করে ঘটনাস্থলে নিয়ে আসা হয়। সংশ্লিষ্টদের মতে, শনিবার (১৪ নভেম্বর) যেকোনো সময় নিয়ন্ত্রিত খনন ও কারিগরি কার্যক্রম শুরু হতে পারে।

দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকায় ছোট ইনানী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছিল। তবে ঘটনাস্থলে ভারী যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ দলকে কাজের প্রস্তুতি নিতে দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা গেছে।

বাপেক্সের নয় সদস্যের প্রতিনিধি দলের প্রধান এবং সাবেক মহাব্যবস্থাপক (জিএম) হাওলাদার অহিদুল ইসলাম জানান, গ্যাসের প্রবাহ ও চাপের স্থায়িত্ব বুঝতে টানা ১৫ দিন পর্যবেক্ষণ করা হয়েছে। এতে দেখা গেছে, একই গতি ও চাপে গ্যাস বের হচ্ছে। এ অবস্থায় গ্যাস অনিয়ন্ত্রিতভাবে জ্বলতে দেওয়া ঝুঁকিপূর্ণ।

তিনি বলেন, প্রথম অগ্রাধিকার হচ্ছে জরুরি ভিত্তিতে কূপটি নিরাপদে বন্ধ করা এবং গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে আনা। কূপটি সফলভাবে নিয়ন্ত্রণে আনার পর ভূতাত্ত্বিক জরিপ ও গ্যাসের বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বাপেক্সের ভূতত্ত্ববিদ নাসির উদ্দিন বলেন, দীর্ঘ পর্যবেক্ষণে গ্যাসের প্রবাহ ও চাপ স্থিতিশীল থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এখন নিরাপত্তা নিশ্চিত করে কীভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায় এবং পরবর্তী সময়ে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন করা সম্ভব কি না, সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার জানান, নলকূপ থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলার পর থেকেই প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং বিস্ফোরণ ও ভূমিধসের মতো ঝুঁকি এড়াতে ঘটনার পরপরই ১৪৪ ধারা জারি করা হয়। এরপর থেকে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

বিশেষজ্ঞদের ধারণা, ইনানীর ভূগর্ভে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাসের মজুত থাকতে পারে। টানা প্রায় তিন সপ্তাহ একই চাপ ও প্রবাহে গ্যাস বের হওয়ায় সেখানে বড় কোনো গ্যাসস্তর থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে প্রকৃত মজুত ও বাণিজ্যিক সম্ভাবনা নিশ্চিত হতে ভূতাত্ত্বিক জরিপ, সিসমিক সমীক্ষা ও প্রয়োজনীয় পরীক্ষা করতে হবে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দেশে সরকারিভাবে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ৩০টি। এর মধ্যে প্রায় ২০টি থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন হচ্ছে। এসব গ্যাসক্ষেত্রের মধ্যে রয়েছে তিতাস, হবিগঞ্জ, বিবিয়ানা, কৈলাশটিলা, রশিদপুর, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, জালালাবাদ, সেমুতাং, বাঙ্গুরা, শাহবাজপুর, সুন্দলপুর, শ্রীকাইল, শাহজাদপুর ও ভোলা নর্থ।

ইনানীতে পর্যাপ্ত গ্যাসের মজুদ পাওয়া গেলে এবং বাণিজ্যিকভাবে উত্তোলন সম্ভব হলে এটি দেশের সম্ভাব্য ৩১তম গ্যাসক্ষেত্র হতে পারে। এতে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারের পাশাপাশি আমদানিনির্ভরতা কমানোর সুযোগ তৈরি হতে পারে।

গত ২৭ অক্টোবর উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকায় মো. আবদুল্লাহর বাসায় গভীর নলকূপ খননের সময় প্রায় এক হাজার ফুট গভীর থেকে গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে বাপেক্স, পেট্রোবাংলা ও স্থানীয় প্রশাসন যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%