মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:২১ পি.এম
বিএসটিআই-এর ভ্রাম্যমাণ আদালত স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বিক্রি ও বাজারজাত করার অভিযোগে এমএম বিআরবি এবং আর.এ.কে ব্র্যান্ড প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুই লাখ টাকা জরিমানা আরোপ করেছে এবং কারখানা সিলগালা করেছে। পণ্যের মান সনদ না নিয়েই এসব গিজার বিক্রি করা হচ্ছিল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিএসটিআই-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. মাহবুবুল ইসলাম-এর নেতৃত্বে এবং ডিএমপি পুলিশের সহায়তায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় দেখা যায়, উত্তর যাত্রাবাড়ীর ৭২/৭/বি/২ বাড়িতে এমএম বিআরবি এবং আর,এ,কে ব্র্যান্ডের গিজার উৎপাদন করা হচ্ছে। পরীক্ষা করে জানা যায়, উৎপাদিত গিজারগুলো মানহীন এবং বিস্ফোরিত হয়ে অগ্নি দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে। প্রতিষ্ঠানটির কাছে এসব গিজার উৎপাদন ও বিক্রি করার জন্য সিএম লাইসেন্স নেই।
এছাড়া, প্রতিষ্ঠানটি গ্রাহকদের ধোঁকা দিতে মানহীন গিজার বাজারজাত করতে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রদান করছে। বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী, এসব অপরাধের জন্য প্রতিষ্ঠানটির কাছ থেকে মোট ২,০০,০০০/- (দুই লাখ) টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং কারখানা সিলগালা করা হয়েছে।
অভিযানে বিএসটিআই-এর প্রসিকিউটিং কর্মকর্তা ফিল্ড অফিসার জনাব ফারদিন ইসলাম এবং মেট্রোলজি বিভাগের পরীক্ষক শিখন সাহা দায়িত্ব পালন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের গৃহিণী মোছা. লিপিয়ারা। তাঁর প্রাপ্ত উপহারের মধ্যে রয়েছে ফ্রিজ, এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস স্টোভ, ইনফ্রারেড কুকার, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, গিজার, ইস্ত্রি, ইলেকট্রিক কেটলি এবং আরও বিভিন্ন পণ্য।
দেশজুড়ে চলমান মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ এর আওতায় ফ্রিজ কেনার পর ডিজিটাল নিবন্ধন করায় লিপিয়ারা ঘরভর্তি উপহার পেয়ে অত্যন্ত আনন্দিত। তাঁর পরিবারে খুশির আবহ বিরাজ করছে। এলাকাবাসীর মধ্যেও মার্সেলের ঘরভর্তি উপহারের খবর নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
রোববার (১৫ নভেম্বর, ২০২৬) বামন্দী বাজারে মার্সেলের পরিবেশক প্রতিষ্ঠান ‘তাজ ইলেকট্রনিক্স’ কর্তৃক আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ক্রেতা মোছা. লিপিয়ারার হাতে মার্সেলের ঘরভর্তি উপহার তুলে দেন জনপ্রিয় মডেল ও চলচ্চিত্র অভিনেতা ইরফান সাজ্জাদ এবং অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।
অনুষ্ঠানে মার্সেলের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার মো. রবিউল আলম ভূঁইয়া, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের সেলস ক্যাপ্টেন নুরুল ইসলাম রুবেল, মার্সেল ফ্রিজের ব্র্যান্ড ম্যানেজার মোস্তাফিজুর রহমান, পরিবেশক ‘তাজ ইলেকট্রনিক্স’ এর স্বত্বাধিকারী জিয়াদুল ইসলাম লিজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর, ২০২৬ তারিখ থেকে দেশজুড়ে শুরু হওয়া মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ এর আওতায় ফ্রিজ, টিভি, এসি বা সিলিং ফ্যান ক্রয়ে গ্রাহকদের জন্য ঘরভর্তি উপহার পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুবিধা রয়েছে। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ক্রেতারা এই সুবিধা পাবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর পোস্তগোলা ব্রিজ, যা বুড়িগঙ্গা সেতু-১ নামেও পরিচিত, এর দুই পাশে শতাধিক ল্যাম্পপোস্ট থাকা সত্ত্বেও একটিতেও বাতি জ্বলছে না। সন্ধ্যা নামলেই সেতুর ওপর অন্ধকার নেমে আসে। এর ফলে যানবাহনের চালক ও সাধারণ পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
দুর্ঘটনার ঝুঁকি বাড়ার পাশাপাশি, পর্যাপ্ত আলোর অভাবে চুরি ও ছিনতাইয়ের আতঙ্কে রয়েছেন সেতু দিয়ে চলাচলকারীরা। গুরুত্বপূর্ণ এই সেতুর এমন পরিস্থিতি চললেও কর্তৃপক্ষের নজর যেন নেই।
সোমবার (১৬ নভেম্বর) রাতে সরেজমিনে এমন চিত্র দেখা যায়। পোস্তগোলা ব্রিজ রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অসংখ্য যানবাহন ও মানুষ এই সেতু ব্যবহার করেন। অথচ সেতুর দুই পাশে শতাধিক ল্যাম্পপোস্ট থাকলেও সেগুলোতে বাতি না জ্বলায় রাতে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
সেতুতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় যানবাহনের চালকদের চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। স্থানীয়রা প্রশ্ন তুলছেন, গুরুত্বপূর্ণ একটি সেতুতে এতগুলো ল্যাম্পপোস্ট থাকা সত্ত্বেও সেগুলো কেন অচল রয়েছে।
প্রাইভেট চালক সাজিদ যুগান্তরকে বলেন, "সড়কবাতি স্থাপন করা হলেও সেগুলো সচল রাখার দায়িত্ব কার?" তিনি আরও জানান, "নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকলে শতাধিক ল্যাম্পপোস্ট অন্ধকারে পড়ে থাকার কথা নয়।"
একটি গুরুত্বপূর্ণ সেতুতে রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পোস্তগোলা ব্রিজে শতাধিক ল্যাম্পপোস্ট থাকার পরও বাতি না জ্বলার অভিযোগ জনদুর্ভোগের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন তুলেছে।
কেরানীগঞ্জের বাসিন্দা শেখ ওমর ফারুক যুগান্তরকে বলেন, "আমি প্রতিদিন এই সেতু দিয়ে পারাপার হই। সেতুর সড়কবাতি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের ভূমিকা কী, কেন বাতিগুলো সচল করা হচ্ছে না এবং কবে নাগাদ সমস্যার সমাধান হবে—এসব প্রশ্নের উত্তর চান স্থানীয় বাসিন্দা ও নিয়মিত চলাচলকারীরা।"
জুরাইনের ব্যবসায়ী আনোয়ার যুগান্তরকে বলেন, "দ্রুত সব ল্যাম্পপোস্ট সচল করে সেতুতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।" তিনি আরও যোগ করেন, "একই সঙ্গে দুর্ঘটনা প্রতিরোধ এবং চুরি-ছিনতাইয়ের আশঙ্কা কমাতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে।"
ঢাকা-মাওয়া রোডস অ্যান্ড হাইওয়ের প্রধান প্রকৌশলী মো. মনির হোসেন যুগান্তরকে জানান, "খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ ও নন্দীপাড়া এলাকা থেকে পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাতে পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন থানা পুলিশ। মৃতরা হলেন শামসুন্নাহার বেগম (৫৮) ও ফাতেমা আক্তার (২০)।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক কাজী আবু জুবাইর জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে সিপাহীবাগের একটি বাসার পঞ্চম তলা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় শামসুন্নাহার বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, স্বামীর মৃত্যুর পর থেকেই শামসুন্নাহার মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। গত এক মাস ধরে তার মানসিক অসুস্থতা কিছুটা বৃদ্ধি পেয়েছিল। হয়তো এই থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে মনে করছেন স্বজনরা।
শামসুন্নাহার বেগম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার দক্ষিণ বাসুরিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্লার স্ত্রী। তিনি দুই মেয়ে ও এক ছেলের মা।
অপরদিকে, একই দিন রাত সাড়ে ১০টায় নন্দিপাড়া ভাড়া বাসা থেকে গৃহবধূ ফাতেমা আক্তারের (২০) মরদেহ উদ্ধার করেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক এরশাদ আলী। মৃতের বাবা-মা, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ছয় মাস আগে পারিবারিকভাবে ফাতেমার সঙ্গে রাকিবের বিয়ে হয়েছিল। স্বামীর বাসায় নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
ফাতেমা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর গোপালপুর গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে। বর্তমানে খিলগাঁও নন্দিপাড়া নেওয়াজবাগ ১৩ নম্বর রোডে ভাড়া বাসায় থাকতেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনার ডুমুরিয়ায় একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার লক্ষণপুর গ্রামের জ্ঞানেন্দ্র রায়ের ছেলে স্বপন কুমার রায় এবং তার স্ত্রী হান্না সরকার। দুর্ঘটনার ফলে স্বপন কুমার রায় ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রীকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে খুলনা থেকে ছেড়ে আসা বগুড়া থেকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তালাগামী মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন স্বামী-স্ত্রী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।
নিহতদের স্বজন শিমমন সরকার জানান, স্বপন কুমার রায় তার শ্বশুর এবং হান্না সরকার তার শাশুড়ি। তারা দুজনই একটি মিশনে চাকরি করতেন। তাদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।
ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ও খুলনা ট্রাফিক পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
খর্ণিয়া হাইওয়ে থানার পরিদর্শক জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তিনি দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ