০৯:৪৩ পি.এম
জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি মন্তব্য করেছেন যে, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে নতুন রাষ্ট্র গঠনের পর শেখ মুজিব সরকারের নতজানু পররাষ্ট্রনীতি আমাদের পিছিয়ে দিয়েছে। তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক স্থাপন না করার ফলে আমাদের অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে।
বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত ‘গণতান্ত্রিক অভিযাত্রা সেমিনার সিরিজ’-এর 'স্বাধীনতা-পরবর্তী এক দশকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির তুলনামূলক পর্যালোচনা' শীর্ষক পর্বে তিনি এই মন্তব্য করেন।
ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী আরও বলেন, মুক্তিযুদ্ধের পর নতুন দেশ হিসেবে যারা আমাদের স্বীকৃতি দিচ্ছিল, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার একটি সুযোগ ছিল। কিন্তু আমরা সেই সুযোগ নষ্ট করেছি। সঠিক পররাষ্ট্রনীতি অবলম্বন না করার কারণে বিদেশি সাহায্য বন্ধ হয়ে গিয়েছিল। নতুন রাষ্ট্র হিসেবে সেই প্রভাব থেকে আমরা মুক্তি পেতে পারিনি, যার ফলে দুর্ভিক্ষসহ বিভিন্ন সমস্যা আমাদের ঘিরে ধরেছিল।
আরও পড়ুন: সকল নৈরাজ্য মোকাবেলা করতে হবে: এমপি আবুল কালাম
তিনি উল্লেখ করেন, স্বাধীনতা-পরবর্তী দশকের দ্বিতীয় ভাগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিলেন। তিনি জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সম্পর্ক জোরদারের চেষ্টা করেছেন যেখানে আমাদের স্বার্থ রয়েছে। বাংলাদেশের বিপুল পরিমাণ শ্রমশক্তিকে বিদেশে রপ্তানির সুযোগ তিনি সৃষ্টি করেছিলেন। অন্যদিকে, শেখ মুজিব সরকার দেশের গণতন্ত্রকে ধ্বংস করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল, যা বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
জহরত আদিব চৌধুরী ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে জিয়াউর রহমানের উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) প্রতিষ্ঠা করেছিলেন, যাতে পররাষ্ট্রনীতি নেতানির্ভর না হয়ে গবেষণানির্ভর হয় এবং ভবিষ্যতের তরুণরা আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে।
সেমিনারে সভাপতিত্ব করেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ। আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ড. মো. আব্দুল মান্নান।
আরও পড়ুন: রাজশাহীর মোহনপুরে বাড়ির পাশের পানের বরজে নারীকে হত্যার অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন